ভারতের জাতীয় দলে পান্তের বিকল্প হিসেবে এই খেলোয়াড়কে দেখতে চান কেভিন পিটারসেন
অভিজ্ঞ ক্রিকেটারদের আইপিএল পারফর্ম্যান্স নিয়েও আলোচনা করেছেন পিটারসেন
আপডেট করা - Apr 26, 2023 5:00 pm

প্রাক্তন ইংল্যান্ড ব্যাটার কেভিন পিটারসেন সম্প্রতি মতামত প্রকাশ করেছেন যে টিম ইন্ডিয়ার কাছে এখনই ঋষভ পান্তের বদলি আছে এবং তিনি হলেন জিতেশ শর্মা। তারকা উইকেটকিপার-ব্যাটার পান্ত ২০২২-এর ডিসেম্বরে একটি গাড়ি দুর্ঘটনায় আহত হওয়ার পরে আগামী আট মাস সম্ভবত প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকবেন।
পিটারসেন মনে করেন যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এ পাঞ্জাব কিংসের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা জিতেশ শর্মা ভারতীয় দলে আহত পান্তের বদলি হতে পারেন। জিতেশ এখনও পর্যন্ত চলমান টি-টোয়েন্টি লিগে সাতটি ম্যাচ খেলে ১৪৫ রান করেছেন ১৪৯.৪৮ স্ট্রাইক রেটে।
“ভারতের কাছে ঋষভ পান্তের বদলি রয়েছে। পাঞ্জাব কিংসের উইকেটকিপার জিতেশ শর্মা বিশেষ খেলোয়াড়। আমার মনে হয় যদি পান্ত আরও কিছুদিনের জন্য বাইরে থাকে, তবে সে এমন খেলোয়াড় হতে পারে যে ভারতের হয়ে খেলে ঋষভ পান্তের দায়িত্ব পালন করতে পারে। শনিবার মুম্বাইয়ের বিপক্ষে চারটি ছক্কাসহ তার সাত বলে ২৫ রান ম্যাচ জেতানোর মতো ছিল,” পিটারসেন বেটওয়েতে তাঁর কলামে লিখেছেন।
টুর্নামেন্টে অভিজ্ঞ খেলোয়াড়দের পারফর্ম্যান্স নিয়েও আলোচনা করেছেন কেভিন পিটারসেন। ফাফ ডু প্লেসি, ডেভিড ওয়ার্নার ও আজিঙ্ক্যা রাহানের মতো খেলোয়াড়রা আইপিএল ২০২৩-এ ধারাবাহিকভাবে রান করছেন, তবে কারোর রান দলের জয়ে কাজে আসছে এবং কারোর রান দুই পয়েন্ট এনে দিতে অবদান রাখতে পারছে না।
চলমান মরসুমে অভিজ্ঞ ব্যাটারদের পারফর্ম্যান্স সম্পর্কে কেভিন পিটারসেন লিখেছেন, “বিশেষ করে, বয়স্ক ছেলেদের শক্তিশালী হতে দেখা অসাধারণ। অভিজ্ঞতা আছে ঠিকই, কিন্তু তারা নতুন কৌশলও শিখছে।”
ডু প্লেসি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন এবং তিনি এখনও পর্যন্ত সাতটি ম্যাচে ৪০৫ রান সংগ্রহ করেছেন। সর্বোচ্চ রান সংগ্রাহকের অরেঞ্জ ক্যাপও তাঁর দখলে। অন্যদিকে, রাহানে তাঁর ঝোড়ো ইনিংসগুলির জন্য মুগ্ধ করেছেন। পাঁচ ইনিংসে ১৯৯.০৪ স্ট্রাইক রেটে ২০৯ রান করেছেন তিনি।