আইপিএল চলাকালীনই অস্ত্রোপচারের জন্য বেলজিয়ামে গিয়েছিলেন জোফ্রা আর্চার

আইপিএল ২০২৩-এ আর্চার এখনও অবধি দুটি ম্যাচ খেলেছেন

Jofra Archer
Jofra Archer. (Image Source: Twitter)

২৫শে এপ্রিল, মঙ্গলবার, মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ইংল্যান্ডের পেসার জোফ্রা আর্চারের না খেলার কারণ জানা গেল। পেসারের আরও একটি অস্ত্রোপচার হয়েছে, যে কারণে আইপিএল ২০২৩-এ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলতে পারেননি তিনি। প্রতিবেদন অনুসারে, পেসারকে সম্প্রতি বেলজিয়ামে পাঠানো হয়েছিল এবং সেখানে তাঁর ডান কলুইয়ে অস্ত্রোপচার হয়েছিল।

উল্লেখ্য, গত ২৫ মাসে এই নিয়ে পঞ্চমবারের মতো আর্চারের অস্ত্রোপচার হল। এখন, যদিও তাঁকে ফিট ঘোষণা করা হয়েছে, তবে ২৮ বছর বয়সী চলমান আইপিএলে মাত্র দুটি ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রতিনিধিত্ব করতে পেরেছেন। তাই তাঁর ফিটনেস সম্পর্কিত অনিশ্চয়তা এখনও কাটেনি।

দ্য টেলিগ্রাফের মতে, বেলজিয়ামের সার্জন রজার ফান রিয়েট অস্ত্রোপচার করেছিলেন এবং যদিও প্রাথমিকভাবে আশঙ্কা করা হয়েছিল যে এই আঘাতের কারণে অন্তত চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন তিনি, তবে এই মুহূর্তে তা হবে বলে মনে হচ্ছে না।

আর্চারের অনুপস্থিততে মুম্বাইয়ের হার ৫৫ রানে

জাসপ্রিত বুমরাহ্‌ পুরো মরসুমের জন্যই ছিটকে যাওয়ার পরে জোফ্রা আর্চারও অনিয়মিত হয়ে যাওয়ায় মুম্বাইয়ের বোলিংকে ফ্যাকাশে দেখাচ্ছে। পরপর দুই ম্যাচে তারা দুশো রানের বেশী দিয়েছে। এর আগে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ২১৪ রান দেওয়ার পরে মঙ্গলবার গুজরাত টাইটান্স ২০৭ রান তোলে। ডেভিড মিলার, অভিনব মনোহর ও রাহুল তেওয়াটিয়ার দাপটে শেষ ৪ ওভারে ৭০ রান তোলে টাইটান্স।

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বোলারদের কোনো পরিকল্পনাই কাজ করছিল না। অর্জুন তেন্ডুলকার ভালো শুরু করেছিলেন এবং পাওয়ারপ্লেতে ২ ওভারে ৯ রান দিয়ে এক উইকেট নিয়েছিলেন। তবে ডেথ ওভারে তাঁর উপর ভরসা রাখেননি অধিনায়ক রোহিত। ক্যামেরন গ্রিন তাঁর দুই ওভারে ৩৯ রান দিয়েছিলেন।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে পাঁচবারের চ্যাম্পিয়নদের ঝোড়ো শুরুর প্রয়োজন ছিল কিন্তু মহম্মদ শামি ও হার্দিক পান্ডিয়ার স্পেলের সামনে দিশাহারা ছিলেন ওপেনাররা। ইনিংসের দ্বিতীয় ওভারেই রোহিত শর্মাকে প্যাভিলিয়নে পাঠান হার্দিক।

ঈশান কিশান, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, টিম ডেভিড – কোনো ব্যাটারই সুযোগ কাজে লাগাতে পারেননি। লোয়ার মিডল অর্ডার ব্যাটার নেহাল ওয়াধেরার ৪০ রানের সৌজন্যে মুম্বাই স্কোর বোর্ডে ১৫২ রান করতে পেরেছিল এবং ৫৫ রানে হেরে যায়। এই হারের পরে আইপিএল পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে রয়েছে এমআই।

close whatsapp