আইপিএল ২০২৩, ম্যাচ ৩৬: আরসিবি বনাম কেকেআর, কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ
পেস বোলিং বিভাগে পরিবর্তনের পরিকল্পনা থাকতে পারে কেকেআরের
আপডেট করা - Apr 25, 2023 3:40 pm

প্রথম তিন ম্যাচের মধ্যে দুটিতে জিতে আইপিএল ২০২৩-এর সূচনা সাফল্যর সঙ্গে করলেও, তারপরে টানা চার ম্যাচ হেরে বিপাকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ২৬শে এপ্রিল, বুধবার, চলমান মরসুমের ৩৬তম ম্যাচে কেকেআর বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)-এর বিরুদ্ধে। এখনও অবধি সাত ম্যাচ খেলে মাত্র চার পয়েন্ট নিয়ে কেকেআর পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে রয়েছে।
আগের ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৪৯ রানের বিশাল ব্যবধানে হেরেছিল কেকেআর। কেকেআরের বোলারদের ব্যর্থতায় এই সংস্করণের সবচেয়ে বড় স্কোর খাড়া করেছিল প্রতিপক্ষ। চেন্নাই ২০ ওভারে ২৩৫/৪ করে ফেলায় কেকেআর ম্যানেজমেন্ট নিঃসন্দেহে তাদের বোলিং লাইন-আপ নিয়ে উদ্বিগ্ন হবে। পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে থাকা আরসিবির বিরুদ্ধে নামার আগে দেখে নেওয়া যাক কেকেআরের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে।
আগের ম্যাচে জেসন রয় মাত্র ১৯ বলে হাফ সেঞ্চুরি করে একাদশে নিজের স্থান পোক্ত করেছেন। সেই ম্যাচে ওপেনার হিসেবে না খেললেও, আসন্ন ম্যাচে তাঁকে ওপেনারের পজিশনে ফিরতে দেখা যেতে পারে। গত ম্যাচে ওপেনার হিসেবে খেলা সুনীল নারিন ডাকে আউট হলেও, তাঁকে আরও একবার ওপেনার হিসেবে খেলিয়ে পরীক্ষা করা হতে পারে।
টিম সাউদিকে ফেরানোর পরিকল্পনা করতে পারে কেকেআর
ভেঙ্কটেশ আইয়ার ও অধিনায়ক নীতীশ রানা যথাক্রমে তিন ও চার নম্বরে নিয়মিত ব্যাটিং করছেন এবং আরসিবির বিরুদ্ধেও সেটি পরিবর্তন হওয়ার বিশেষ সম্ভবনা নেই। ব্যাটার হিসেবে আন্দ্রে রাসেলের কাছ থেকে কেকেআর এখনও প্রত্যাশিত অবদান পায়নি এবং তাঁকে বেশী ওভার দেওয়ার জন্য পাঁচ নম্বরে পাঠানো হতে পারে। এম চিন্নাস্বামী স্টেডিয়ামের ছোট মাঠকে কাজে লাগিয়ে রাসেল ফর্মে ফেরার রাস্তা বার করতে পারেন।
ফিনিশার হিসেবে ধারাবাহিকভাবে পারফর্ম করে যাওয়া রিঙ্কু সিং ছয় নম্বর পজিশনে থাকবেন। আগের ম্যাচে রয় ছাড়া রিঙ্কুও হাফ সেঞ্চুরি করেছিলেন। ৭ ম্যাচ খেলে রিঙ্কু ইতোমধ্যেই ২৩৩ রান করেছেন। শার্দূল ঠাকুর সম্ভবত চোটমুক্ত হয়ে আরসিবির বিরুদ্ধে ম্যাচ খেলার মতো ফিটনেস ফিরে পাবেন। শার্দূল খেলার মতো অবস্থায় থাকলে, তাঁকে সাত নম্বরে ব্যাটিংয়ে পাঠানো হবে। আরসিবির বিরুদ্ধে এই মরসুমে কেকেআরের আগের ম্যাচে শার্দূল ম্যাচের সেরা হয়েছিলেন।
উইকেটকিপার নারায়ণ জগদীসানকে আটে নামানো হতে পারে। ডেভিড ভিসাকে বাদ দিয়ে অভিজ্ঞ পেসার টিম সাউদিকে আবার একাদশে ফেরানোর কথা বিবেচনা করতে পারে চন্দ্রকান্ত পণ্ডিতের প্রশিক্ষণাধীন দল। সিনিয়র পেসার উমেশ যাদব শেষ ছয় ম্যাচে একটিও উইকেট পাননি এবং তাঁকে বাদ দিয়ে বৈভব আরোরাকে নেওয়া যেতে পারে। স্পিনার হিসেবে বরুণ চক্রবর্তী ও সুয়াশ শর্মার একজনকে ব্যাটিংয়ের সময়ে রেখে, বোলিংয়ের সময়ে অন্যজনকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে রাখা হতে পারে।
প্রথমে ব্যাটিং করলে সম্ভাব্য একাদশ: জেসন রয়, সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা (অধিনায়ক), আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, শার্দূল ঠাকুর, নারায়ণ জগদীসন (উইকেটকিপার), টিম সাউদি, বৈভব আরোরা, সুয়াশ শর্মা।
প্রথমে বোলিং করলে সম্ভাব্য একাদশ: সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা (অধিনায়ক), আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, শার্দূল ঠাকুর, নারায়ণ জগদীসন (উইকেটকিপার), টিম সাউদি, বৈভব আরোরা, সুয়াশ শর্মা, বরুণ চক্রবর্তী।