বাবর আজমকে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দিলেন শোয়েব মালিক

Babar Azam
Babar Azam. (Photo by Matt King-ICC/ICC via Getty Images)

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক বাবর আজমকে তার ব্যাটিংয়ে আরও মনোযোগ দেওয়ার জন্য অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন। সব ফরম্যাটে একজন নতুন অধিনায়ক নিয়োগ করা নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে তার ভিত্তিতেই এই মন্তব্য করেছেন শোয়েব মালিক।

২০২২ সালের ডিসেম্বর মাসে নাজাম শেঠি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি পদে নিযুক্ত হন। পিসিবি তখন থেকেই দলের কাঠামো পর্যালোচনা করার চিন্তাভাবনা করছিল, যার মধ্যে নতুন অধিনায়কের নিয়োগ অন্তর্ভুক্ত ছিল। বাবর আজমের অধিনায়ক পদে থাকা নিয়ে বিশেষজ্ঞরা ভিন্ন মতামত পোষণ করেছেন। শোয়েব মালিক চাইছেন যে বাবর অধিনায়কত্ব ছেড়ে দিক যাতে সে তার খেলায় মনোসংযোগ করতে পারে।

জিও নিউজের ‘স্কোর’ নামক একটি অনুষ্ঠানে শোয়েব মালিক বলেন, “বাবর আজম একজন দুর্দান্ত ব্যাটার কিন্তু আমরা তার নেতৃত্বের গুণাবলী এবং ব্যাটিং ক্ষমতাকে একই অবস্থানে রেখে অবিচার করি। এটি বাবর আজমকে সাহায্য করবে (অধিনায়কের পদ থেকে সরে আসা) আন্তর্জাতিক স্তরে আরও রেকর্ড তৈরি করতে কারণ তার উপর ব্যাটিংয়ের বাইরে আর কোনো চাপ থাকবে না।”

“আপাতত, আমরা বাবরকে অধিনায়ক পদে রেখেছি কারণ তিনি আমাদের প্রধান খেলোয়াড়” – নাজাম শেঠি

পিসিবির সভাপতি নাজাম শেঠিও বাবর আজমকে অধিনায়ক পদে রাখা নিয়ে মুখ খুলেছেন। বাবরকে কেন অধিনায়ক পদে রাখা হয়েছে তার কারণ জানিয়েছেন তিনি।

একটি সাক্ষাৎকারে নাজাম শেঠি বলেন, “আপাতত, আমরা বাবরকে অধিনায়ক পদে রেখেছি কারণ তিনি আমাদের প্রধান খেলোয়াড়। তার অধিনায়কত্ব নিয়ে প্রায়ই মিডিয়ায় আলোচনা করা হয়, এই ব্যাপারে আমরা কিছুই করতে পারব না।”

এই মুহূর্তে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ব্যস্ত পাকিস্তান। পাঁচ ম্যাচের এই সিরিজের প্রথম দুটি ম্যাচে জয়লাভ করার পর তৃতীয় ম্যাচে পরাজিত হয়েছে পাকিস্তান। প্ৰথম ম্যাচে ৮৮ রানে এবং দ্বিতীয় ম্যাচে ৩৮ রানে টম ল্যাথামের দলকে পরাজিত করেছে পাকিস্তান। তৃতীয় ম্যাচে কামব্যাক করে কিউইরা। বাবর আজমের দলকে ৪ রানে পরাজিত করে তারা। প্ৰথমে ব্যাটিং করে ২০ ওভারে ৫ উইকেটে ১৬৩ রান করে নিউ জিল্যান্ড। রান তাড়া করতে নেমে ২০ ওভারে ১০ উইকেটে ১৫৯ রান করতে সক্ষম হয় পাকিস্তান। ২০শে এপ্রিল, বৃহস্পতিবার, পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচটি খেলতে নামবে দুই দল।

close whatsapp