পেটে ব্যান্ডেজ করা অবস্থায় সিএসকের বিরুদ্ধে দুর্দান্ত অর্ধশতরান ফ্যাফ ডু প্লেসিসের, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি
আপডেট করা - Apr 18, 2023 5:10 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণের ২৪ তম ম্যাচে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বিরুদ্ধে ৮ রানে পরাজিত হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। ফ্যাফ ডু প্লেসিস এবং গ্লেন ম্যাক্সওয়েল খুব সুন্দর দুটি ইনিংস খেললেও শেষমেশ ম্যাচ জিততে পারেনি আরসিবি।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস এই ম্যাচে পেটে ব্যান্ডেজ থাকা অবস্থায় ব্যাট করেন এবং একটি অসাধারণ অর্ধশতরান করেন। এই ছবিটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ফ্যাফ ৩৩ বলে ৬২ রানের একটি লড়াকু ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৫টি চার এবং ৪টি ছয়। বিরাট কোহলি শুরুতেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর ডু প্লেসিস এবং ম্যাক্সওয়েল সিএসকের বোলারদের উপর পাল্টা আক্রমণ করেন। কিন্তু তারা আউট হয়ে যাওয়ার পর পরবর্তী ব্যাটসম্যানরা আরসিবিকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিতে ব্যর্থ হন। ম্যাক্সওয়েল মাত্র ৩৬ বলে ৭৬ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৩টি চার এবং ৮টি ছয়।
দীনেশ কার্তিক এবং সুয়াশ প্রভুদেসাই যথাক্রমে ১৪ বলে ২৮ রান এবং ১১ বলে অপরাজিত ১৯ রান করেন। কিন্তু ২২৭ রানের লক্ষ্যে পৌঁছনোর জন্য তা যথেষ্ট ছিল না। আইপিএল ২০২৩-এ এখনও অবধি ৩টি অর্ধশতরান করে ফেললেও এই ম্যাচে বেশি রান করতে পারেননি বিরাট কোহলি। তিনি ৪ বলে মাত্র ৬ রান করেন।
নিজেদের পরবর্তী ম্যাচে পঞ্জাব কিংসের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
২০ এপ্রিল, বৃহস্পতিবার পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের (পিবিকেএস) বিরুদ্ধে নিজেদের পরবর্তী ম্যাচ খেলতে নামবে ফ্যাফ ডু প্লেসিসের নেতৃত্বাধীন দল। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে রয়েছে আরসিবি। তারা এখনও অবধি ৫টি ম্যাচ খেলে ২টি ম্যাচে জয় পেয়েছে এবং ৩টি ম্যাচে হেরেছে। তাদের নেট রান রেট হল – ০.৩১৮। অন্যদিকে, পিবিকেএস এই মুহূর্তে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। তারা এখনও অবধি ৫টি ম্যাচে খেলে ৩টি ম্যাচে জয় পেয়েছে এবং ২টি ম্যাচে হেরেছে। তাদের নেট রান রেট হল – ০.১০৯।
পিবিকেএস আগের ম্যাচে কেএল রাহুলের নেতৃত্বাধীন দল লখনউ সুপার জায়ান্টাসকে (এলএসজি) ২ উইকেটে পরাজিত করেছিল। শিখর ধাওয়ান চোটের কারণে সেই ম্যাচে খেলতে পারেননি, সেই কারণে পিবিকেএসকে নেতৃত্ব দিয়েছিলেন স্যাম কারান। ধাওয়ান আরসিবির বিরুদ্ধে খেলবেন কিনা এই বিষয়ে পাঞ্জাব কিংসের তরফ থেকে এখনও অবধি কোনো আপডেট পাওয়া যায়নি।