“আমি অবসর থেকে ফিরে আসছি” – বিরাট কোহলি তার সবথেকে বেশি আইপিএল শতরানের রেকর্ড ভাঙার পর মজা করে একথাই বললেন ক্রিস গেইল

Chris Gayle
Chris Gayle. (Photo by Gareth Copley/Getty Images)

২১শে মে, রবিবার, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটান্সের (জিটি) কাছে ৬ উইকেটে পরাজিত হয় ফাফ ডু প্লেসিসের নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। এই ম্যাচটি হেরে যাওয়ায় এই মরসুম থেকে বিদায় নিতে হয়েছে আরসিবিকে। প্লেঅফসে খেলার যোগ্যতা অর্জন করতে না পারলেও এইবছর আরসিবির হয়ে ব্যাট হাতে দুর্দান্ত প্রদর্শন করেছেন বিরাট কোহলি।

পরপর দুটি ম্যাচে শতরান করে আইপিএলে ক্রিস গেইলের সবথেকে বেশি শতরান করার রেকর্ড ভেঙে দিয়েছেন বিরাট কোহলি। বর্তমানে বিরাটের নামে ৭টি শতরান রয়েছে। এছাড়াও জিটির বিরুদ্ধে তৃতীয় খেলোয়াড় হিসেবে পরপর দুটি আইপিএল ম্যাচে সেঞ্চুরি করার রেকর্ড করেছেন বিরাট। এই ম্যাচের দ্বিতীয় ইনিংসে শতরান করে চতুর্থ খেলোয়াড় হিসেবে এই তালিকায় নিজের নাম নথিভুক্ত করেছেন শুভমন গিল। এই তালিকায় থাকা প্ৰথম দুজন খেলোয়াড় হলেন শিখর ধাওয়ান এবং জস বাটলার।

এই ম্যাচে বিরাট কোহলি ১৩টি চার এবং ১টি ছয় সহ ৬১ বলে ১০১* রান করেন। অন্যদিকে, শুভমন গিল ৫টি চার এবং ৮টি ছয় সহ ৫২ বলে ১০৪* রান করেন।

ইনিংস বিরতির সময় জিও সিনেমাতে বিরাট কোহলির ইনিংস প্রসঙ্গে ক্রিস গেইল বলেন, “বিরাট কোহলিকে কখনই সন্দেহ করবেন না। দুর্দান্ত ইনিংস, ভাল খেলেছেন, আপনি জানেন, তিনি তার দলকে জয়ের অবস্থানে রেখেছেন।”

এই মরসুমে বিরাট কোহলি ১৪টি ইনিংস খেলে ৬৩৯ রান করেছেন। তার গড় এবং স্ট্রাইক রেট হল যথাক্রমে ৫৩.২৫ এবং ১৩৯.৮২। শেষ ম্যাচে জিটির বিরুদ্ধে খেলা ১০১* রানের ইনিংসটিই হল এই মরসুমে তার সর্বোচ্চ রান। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় তিনি তৃতীয় স্থানে রয়েছেন।

“বিরাট এবং ফাফ সত্যিই ভালো ব্যাটিং করেছে” – ক্রিস গেইল

ক্রিস গেইল বিরাট কোহলি এবং ফাফ ডু প্লেসিসের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন। এছাড়াও বিরাট তার সবথেকে বেশি শতরান করার রেকর্ড ভাঙার প্রসঙ্গে তিনি মজা করে বলেছেন যে তিনি অবসর ভেঙে আগামী মরসুমে ফিরে আসবেন।

ক্রিস গেইল বলেন, “বিরাট এবং ফাফ সত্যিই ভালো ব্যাটিং করেছে, তবে এটি পুরোপুরিভাবে বিরাট কোহলির জন্য ছিল… বিরাটের দুর্দান্ত ইনিংস, সে ইউনিভার্স বসকে পেরিয়ে গেছে। আমি অবসর থেকে ফিরে আসছি এবং আমি পরের বছর বিরাটের সাথে দেখা করব।”

close whatsapp