আইপিএল ম্যাচ চলাকালীন ইডেনে বেটিং চক্রে জড়িতদের পাকড়াও করল গুণ্ডাদমন শাখা

ধৃতদের থেকে মোবাইল, রাউটার ও নগদ অর্থ উদ্ধার হয়েছে

Eden Gardens
Eden Gardens. (Photo credit by DESHAKALYAN CHOWDHURY/AFP via Getty Images)

ইডেন গার্ডেন্স থেকে বেটিং চক্রে জড়িত থাকার অভিযোগে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) এবং লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২২-এর এলিমিনেটর ম্যাচ চলাকালীন গ্রেপ্তার করা হয়েছিল তাদের।

প্রতিবেদন অনুসারে, ২৫শে মে (বুধবার) সন্ধ্যায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিডি) অধীনে অ্যান্টি-রাউডি স্কোয়াড বা গুণ্ডাদমন শাখা (এআরএস) চক্রটিকে আটক করেছিল। এই চক্রের সঙ্গে জড়িতদের নাম সুনীল কুমার, অজয় ​​কুমার, অমর কুমার, ওবাদা খলিল এবং অনিকেত কুমার, এবং সবাই বিহারের বাসিন্দা।

বুকিরা ম্যাচ না দেখে ফোন ঘাঁটতে ব্যস্ত ছিল

একটি সূত্র পেয়ে, এআরএস-এর আধিকারিকরা ইডেন গার্ডেন্সের দর্শক গ্যালারির এফ-১ ব্লকে পৌঁছে যান। ম্যাচ তখনও চলছিল, এবং তিন যুবককে ম্যাচ দেখার পরিবর্তে ঘনঘন তাদের ফোন ব্যবহার করতে দেখা গেছে। গুণ্ডাদমন শাখার গোয়েন্দারা তারপর তাদের কাছে পৌঁছায় এবং গ্রেপ্তার করে। তাদের স্বীকারোক্তির পরে, কলকাতার একটি ব্যক্তিগত গেস্ট হাউস থেকে আরও দু’জনকে গোয়েন্দারা গ্রেপ্তার করেছিল।

গুণ্ডাদমন শাখার কর্মকর্তাদের মতে, তাদের কাছ থেকে সাতটি মোবাইল ফোন, একটি পোর্টেবল রাউটার এবং নগদ টাকা জব্দ করা হয়েছে। গুণ্ডাদমন শাখার কর্মকর্তারা বলেছেন যে স্টেডিয়ামের ভিতরে সঠিক ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে বুকিরা পোর্টেবল রাউটার ব্যবহার করেছিল। তাদের সহযোগীদের সম্বন্ধে জানতে জিজ্ঞাসাবাদ করছে স্থানীয় পুলিশ।

এলএসজি বনাম আরসিবি ম্যাচ সম্পর্কে কথা বলতে গেলে, এলএসজি অধিনায়ক কেএল রাহুল টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। রজত পাটিদারের দুর্দান্ত সেঞ্চুরির সৌজন্যে এবং দীনেশ কার্তিকের কার্যকরী অবদানের কারণে আরসিবি ২০০ রানের সীমা অতিক্রম করে। এলএসজির পক্ষে, পেসার মহসিন খান তাঁর চার ওভারের কোটায় ১/২৫-এর পরিসংখ্যান নিয়ে শেষ করেছিলেন।

জবাবে, অধিনায়ক রাহুল এবং দীপক হুডার জুটি নতুন প্রবেশকারীদের হয়ে লড়ছিলেন। যদিও, তারা ডেথ ওভারে গিয়ে প্রয়োজনীয় রান তুলতে পারেনি জশ হ্যাজেলউড ও হর্ষল প্যাটেলের অনবদ্য বোলিংয়ের সৌজন্যে। শেষ পর্যন্ত ১৪ রানে ম্যাচটি হেরে যায় এবং টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। 

close whatsapp