প্ৰথম যমজ জুটি হিসেবে আইপিএলে আত্মপ্রকাশ করলেন মার্কো জানসেন এবং ডুয়ান জানসেন
আপডেট করা - Apr 16, 2023 7:42 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণের ২২ তম ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই) এবং কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) একে অপরের মুখোমুখি হয়েছে। এই ম্যাচেই অভিষেক করেন দক্ষিণ আফ্রিকান পেসার ডুয়ান জানসেন। তিনি সম্পর্কে মার্কো জানসেনের ভাই। মার্কো জানসেন সানরাইজার্স হায়দ্রাবাদের (এসআরএইচ) হয়ে খেলেন।
আমরা আইপিএলে এর আগে অনেকবারই দুই ভাইকে এক মরসুমে খেলতে দেখেছি। ইরফান পাঠান এবং ইউসুফ পাঠান, অ্যালবি মরকেল এবং মর্নে মরকেল, মাইকেল হাসি এবং ডেভিড হাসি, শন মার্শ এবং মিচেল মার্শ, ব্রেন্ডন ম্যাককালাম এবং নাথান ম্যাককালাম, ডোয়েন ব্রাভো এবং ড্যারেন ব্রাভো, সিদ্ধার্থ কৌল এবং উদয় কৌল, হার্দিক পান্ডিয়া এবং ক্রুনাল পান্ডিয়া, স্যাম কারান এবং টম কারান, ভাইদের এই জুটিরা প্রত্যেকেই আইপিএল খেলেছেন। কিন্তু আমরা এর আগে কোনো যমজ ভাইদের একই মরসুমে খেলতে দেখিনি।
আমরা আইপিএলে এই ভাইদের জুটিদের মধ্যে অনেক জুটিকেই একে অপরের বিরুদ্ধে খেলতে দেখেছি। এদের মধ্যে ইরফান পাঠান এবং ইউসুফ পাঠানকে আমার সবথেকে বেশিবার একে অপরের মুখোমুখি হতে দেখেছি। আমরা এখন ক্রুনাল পান্ডিয়া এবং হার্দিক পান্ডিয়াকে একে অপরের বিরুদ্ধে খেলতে দেখি। ক্রুনাল লখনউ সুপার জায়ান্টাস (এলএসজি) এবং হার্দিক গুজরাট টাইটান্সের (জিটি) হয়ে খেলেন। এর আগে তারা দুজনেই মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতেন। ২০২২ সালের মরসুমে তারা নিজেদের বর্তমান দলে যোগদান করেছিলেন।
নিজের অভিষেক ম্যাচে বল হাতে খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারলেন না ডুয়ান জানসেন
আইপিএলে নিজের অভিষেক ম্যাচে ৪ ওভারে ৫৩ রান দেন ডুয়ান জানসেন। তিনি ১টি উইকেটও পান। তিনি কেকেআরের তারকা ব্যাটার রিঙ্কু সিংয়ের উইকেটটি নেন। একটি গুরুত্বপূর্ণ উইকেট নিলেও তিনি অনেক বেশি রান দিয়ে ফেলেছেন। এই ম্যাচে তার ইকোনমি রেট ছিল ১৩.২৫।
মুম্বাই ইন্ডিয়ান্স এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ৫ উইকেটে পরাজিত করেছে। অনেকদিন পর ব্যাট হাতে রান পেয়েছেন সূর্যকুমার যাদব। তিনি মাত্র ২৫ বল খেলে ৪৩ রান করেছেন। তার ইনিংসে ছিল ৪টি চার এবং ৩টি ছয়। ইশান কিষানও একটি দুর্দান্ত ইনিংস খেলেছেন। তিনি ৫টি চার এবং ৫টি ছয় সহ ২৫ বলে ৫৮ রান করেছেন। আইপিএল ২০২৩-এ এটি ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের দ্বিতীয় জয়। ১৮ই এপ্রিল, মঙ্গলবার নিজেদের পরবর্তী ম্যাচে এসআরএইচ মুখোমুখি হবে এমআই।