কেকেআরের বিরুদ্ধে শতরান করার পরে নিজের পরিবারের সদস্যদের ভারত ছেড়ে চলে যাওয়া নিয়ে মজা করলেন হ্যারি ব্রুক

Harry Brook
Harry Brook. (Photo Source: IPL/BCCI)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ১৯ তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) ২৩ রানে পরাজিত করে সানরাইজার্স হায়দ্রাবাদ (এসআরএইচ)। এই ম্যাচে হ্যারি ব্রুক নিজের এবং আইপিএল ২০২৩-এর প্ৰথম শতরানটি করেন। তিনি মাত্র ৫৫ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ১২টি চার এবং ৩টি ছয়। এই দুরন্ত শতরানটি করার পর হ্যারি ব্রুক নিজের পরিবারের সদস্যদের ভারত ছেড়ে চলে যাওয়া নিয়ে একটি মজার মন্তব্য করেন।

হ্যারি ব্রুক বলেছেন যে তার বান্ধবী এখনও ভারতে আছেন তবে তার পরিবারের বাকি সদস্যরা দেশে ফিরে গেছেন। তিনি হাসতে হাসতে বলেছেন যে তিনি নিশ্চিত ছিলেন যে তার বাড়ির লোকেরা চলে গেলে তিনি রান পাবেন।

হ্যারি ব্রুক সম্প্রচারকদের বলেন, “আমার বান্ধবী এখানে আছে কিন্তু আমার পরিবারের বাকিরা চলে গেছেন। আমি নিশ্চিত ছিলাম যে তারা চলে যাওয়ার পর আমি রান পাব (হাসতে হাসতে বলেন)। না, সত্যি বলতে, আমি নিশ্চিত তারা সবাই আমার জন্য খুব খুশি হবে।”

হ্যারি ব্রুকের পাশাপাশি এডেন মার্করাম এবং অভিষেক শর্মাও রান পেয়েছিলেন

নিজেদের প্ৰথম দুটি ম্যাচে পরাজিত হওয়ার পর টানা দুটি ম্যাচে জয় পেয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। কেকেআরের বিরুদ্ধে হ্যারি ব্রুক বাদে অধিনায়ক এডেন মার্করাম এবং অভিষেক শর্মাও ভালো ইনিংস খেলেছিলেন। এডেন মার্করাম ২৬ বলে ৫০ রানের একটি দারুন ইনিংস খেলেছিলেন। তার ইনিংসে ছিল ২টি চার এবং ৫টি ছয়। তিনি হ্যারি ব্রুকের সাথে মিলে ৭২ রানের একটি সুন্দর পার্টনারশিপ করেছিলেন।

অভিষেক শর্মাও ব্যাট হাতে একটি সুন্দর ইনিংস খেলেছিলেন। তিনি ৩টি চার এবং ২টি ছয় সহ ১৭ বলে ৩২ রান করেছিলেন। হ্যারি ব্রুক এবং তার মধ্যেও ৭২ রানের পার্টনারশিপ হয়।

এই মুহূর্তে পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। তাদের নেট রান রেট হল -০.৮২২। এসআরএইচ নিজেদের পঞ্চম ম্যাচে রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্সের (এমআই) মুখোমুখি হবে। ১৮ই এপ্রিল, মঙ্গলবার রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। মুম্বাই ইন্ডিয়ান্স এই ম্যাচটি খেলার আগে নীতিশ রানার নেতৃত্বাধীন দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মুখোমুখি হবে। ১৬ই এপ্রিল, রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।

close whatsapp