আইপিএল ২০২৩, ম্যাচ ১৮: পিবিকেএস বনাম জিটি, প্রিভিউ, সম্ভাব্য একাদশ, হেড-টু-হেড এবং সম্প্রচার বিবরণ

পাঞ্জাব কিংস এখনও অবধি তাদের একমাত্র হোম ম্যাচে জিতেছিল

Punjab Kings
Punjab Kings. (Photo by BIJU BORO/AFP via Getty Images)

পাঞ্জাব কিংস (পিবিকেএস) ১৩ই এপ্রিল, বৃহস্পতিবার, মোহালির পিসিএ আইএস বিন্দ্রা স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৩-এর ১৮তম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স (জিটি)-এর মোকাবিলা করবে। উভয় দলই তাদের আগের ম্যাচে মরসুমের প্রথম পরাজয়ের পরে এই ম্যাচে নামবে। স্বাগতিকরা তাদের আগের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে আট উইকেটে হেরেছিল এবং বর্তমানে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে।

৬৬ বলে শিখর ধাওয়ানের অসাধারণ ৯৯* রানের সৌজন্যে পিবিকেএস ১৪৩/৯ স্কোর অবধি পৌঁছেছিল। শিখরের পরে কেবলমাত্র স্যাম কারান দুই অঙ্কের রানে পৌঁছেছিলেন। আইপিএল অভিষেকে ম্যাথিউ শর্ট বিশেষ প্রভাব ফেলতে পারেননি। লিয়াম লিভিংস্টোন অবশেষে স্কোয়াডে যোগ দিয়েছেন এবং সম্ভবত পাঞ্জাবের মিডল অর্ডারে তাঁকে দেখা যাবে। বোলিং বিভাগ দৃঢ় করার জন্য কাগিসো রাবাডাকে এই মরসুমে প্রথমবারের জন্য খেলতে দেখা যেতে পারে।

অন্যদিকে, গুজরাত টাইটান্স এই মরসুমে তাদের টানা তৃতীয় জয় প্রায় অর্জন করে ফেলেছিল, কিন্তু শেষ ওভারে টানা পাঁচটি ছক্কা হাঁকিয়ে রিঙ্কু সিং কলকাতা নাইট রাইডার্সকে দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এনে দিয়েছিলেন। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সাই সুধারসান ও বিজয় শঙ্কর দুর্দান্ত অর্ধশতক করেছিলেন। হার্দিক পান্ডিয়া অসুস্থতার কারণে সেই ম্যাচে না খেললেও একাদশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

পিচ কন্ডিশন

টি-টোয়েন্টি ক্রিকেটে মোহালির পিসিএ আইএস বিন্দ্রা স্টেডিয়াম বোলারদের জন্য বিশেষ সহায়ক নয়। এখানে প্রথম ইনিংসের গড় স্কোর ১৬৬। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দলগুলি ৫৭টি আইপিএল ম্যাচের মধ্যে ৩২টিতে জিতেছে। পাঞ্জাব কিংস এই মরসুমে এই কেন্দ্রে প্রথম ম্যাচে ১৯১/৫ স্কোর করেছিল।

উভয় দলের কম্বিনেশন

পাঞ্জাব কিংস

শাহরুখ খান ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ায়, তাঁকে বাদ দিয়ে অথর্ব তাইদেকে খেলানো হতে পারে। কাগিসো রাবাডা একাদশে ফিরে এলে স্যাম কারানকে বাদ দেওয়ার কথা ভাবতে পারে শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন দল। এ ছাড়া বাকী কম্বিনেশনে বিশেষ পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

সম্ভাব্য একাদশ: শিখর ধাওয়ান (অধিনায়ক), প্রভসিমরান সিং, অথর্ব তাইদে, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটকিপার), স্যাম কারান/সিকান্দার রাজা, হরপ্রীত ব্রার, কাগিসো রাবাডা, রাহুল চাহার, ন্যাথান এলিস, আর্শদীপ সিং।

গুজরাত টাইটান্স

দুটি তাৎপর্যপূর্ণ পরিবর্তন হতে পারে, একটি হল অধিনায়ক হার্দিক পান্ডিয়ার প্রত্যাবর্তন। হার্দিক ফিরে এলে বাদ যাবেন অভিনব মনোহর। এ ছাড়া গত ম্যাচে ভয়াবহ পারফর্ম করা যশ দয়ালের পরিবর্তে আর সাই কিশোরকে খেলানো হতে পারে।

সম্ভাব্য একাদশ: শুবমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), সাই সুধারসান, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, বিজয় শঙ্কর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আলজারি জোসেফ, আর সাই কিশোর, মহম্মদ শামি।

হেড-টু-হেড

ম্যাচ – ২ | পাঞ্জাব কিংস – ১ | গুজরাত টাইটান্স – ১

সম্প্রচারের বিবরণ

ম্যাচের সময় – ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০

টিভি সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – জিওসিনেমা অ্যাপ

close whatsapp