হার্ষাল প্যাটেলের রান আউট করতে না পারা নিয়ে মুখ খুললেন আরসিবির অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস
আপডেট করা - Apr 11, 2023 7:03 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ১৫ তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (আরসিবি) ১ উইকেটে পরাজিত করে লখনউ সুপার জায়ান্টাস (এলএসজি)। এই রুদ্ধশ্বাস ম্যাচে জয় পেয়ে কেএল রাহুলের নেতৃত্বাধীন দল লিগ তালিকায় প্ৰথম স্থানে পৌঁছে গেছে। অন্যদিকে, আরসিবি এই নিয়ে টানা দুটি ম্যাচে হেরে গিয়ে সপ্তম স্থানে রয়েছে।
প্ৰথমে ব্যাটিং করে ২০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ২১২ রান করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলি, ফ্যাফ ডু প্লেসিস এবং গ্লেন ম্যাক্সওয়েল তিনজনেই অর্ধশতরান করেন। তাদের বোলিং বিভাগও শুরুটা বেশ ভালো করেছিল। তারা পাওয়ারপ্লেতে এলএসজির তিনজন ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছিল। কিন্তু তারপরেই মার্কাস স্টয়নিস ক্রিজে এসে আরসিবির বোলারদের উপর পাল্টা আক্রমণ করেন। তিনি মাত্র ৩০ বলে ৬৫ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। কিন্তু তাকে আউট করার পরেও ম্যাচে ফিরতে পারেনি ফ্যাফ ডু প্লেসিসের নেতৃত্বাধীন দল। নিকোলাস পুরান ক্রিজে এসে রানের গতিকে আরো বাড়িয়ে দেন। তিনি মাত্র ১৯ বলে ৬২ রান করেন।
শেষ ওভারের শেষ বলে যখন জেতার জন্য এলএসজির ১ রান প্রয়োজন ছিল তখন রবি বিষ্ণোইকে মানকড় পদ্ধতিতে রান আউট করার চেষ্টা করেছিলেন হার্ষাল প্যাটেল, কিন্তু তিনি উইকেটে বল লাগাতে পারেননি। এই বিষয়ে নিজের বক্তব্য জানিয়েছেন আরসিবির অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস।
ম্যাচ শেষ হওয়ার পরে ফ্যাফ ডু প্লেসিস বলেন, “আমি হতাশ। তারা দ্বিতীয় ইনিংসের মাঝখান থেকে খুব ভালো খেলেছে। এক বল, এক রান। আমরা রান আউট করার কথা ভেবেছিলাম।”
“আমি আমাদের সব অস্ত্র তাদের বিরুদ্ধে প্রয়োগ করেছিলাম” – ফ্যাফ ডু প্লেসিস
ফ্যাফ ডু প্লেসিস বলেছেন যে তারা ৭ থেকে ১৪ ওভার পর্যন্ত খুব ধীরগতিতে রান বানিয়েছিলেন। তিনি জানিয়েছেন যে তিনি এলএসজির বিরুদ্ধে তাদের সব অস্ত্র প্রয়োগ করেছিলেন।
ফ্যাফ ডু প্লেসিস বলেন, “আমার মনে হয় সেই উইকেটে আমরা ৭ থেকে ১৪ ওভার পর্যন্ত খুব ধীরগতিতে ব্যাটিং করেছিলাম। কিন্তু তারপরে শেষ পাঁচ ওভারে বলগুলি সুন্দরভাবে ব্যাটে আসছিল এবং দ্বিতীয় ইনিংসেও সেটাই হয়েছিল। আমি আমাদের সব অস্ত্র তাদের বিরুদ্ধে প্রয়োগ করেছিলাম। দুর্ভাগ্যবশত, তারা আমাদের শক্তিশালী বোলারদের একজন, হর্ষলকে, তার প্রথম দুই ওভারে সমস্যার মধ্যে ফেলে দিয়েছিল। কিন্তু তারপর সে দারুণভাবে ফিরে এসেছিল।”