“সুড়ঙ্গর শেষে আলো থাকবে” – ফর্ম হারানো সূর্যকুমারকে ভরসা দিলেন রবি শাস্ত্রী
চলমান আইপিএলে সূর্যকুমারের ব্যাটিং গড় ৮
আপডেট করা - Apr 11, 2023 4:56 pm

টি-২০ ফর্ম্যাটের অন্যতম সেরা ব্যাটার সূর্যকুমার যাদব বর্তমানে একটি উত্তাল সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। আন্তর্জাতিক ক্রিকেটে পরপর তিন ইনিংসে গোল্ডেন ডাকে আউট হওয়ার পরে মুম্বাইতে জন্ম নেওয়া এই ক্রিকেটার এখনও পর্যন্ত আইপিএল ২০২৩-এ দুটি ম্যাচে মাত্র ১৬ রান করেছেন। মুম্বাইয়ের মিডল অর্ডারে বিশেষ অভিজ্ঞ ব্যাটার না থাকায় সূর্যকুমারকে ব্যাট হাতে আরও দায়িত্ব নিতে হবে। চলমান মরসুমে পাঁচবারের চ্যাম্পিয়নরা দুটি ম্যাচ খেলে ফেলার পরেও জয় অর্জন করতে ব্যর্থ হয়েছে।
এই বিষয়ে কথা বলতে গিয়ে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবি শাস্ত্রী জানিয়েছেন যে ইনিংসের শুরুর দিকে আরও ধৈর্য ধরতে হবে ৩২ বছর বয়সী ব্যাটারকে। ধারাভাষ্যকার বিশ্বাস করেন যে তিনি যদি তা করতে সক্ষম হন তবে সূর্যকুমার আবারও সেই হিংস্র ব্যাটার হয়ে উঠতে পারবেন যার জন্য তিনি পরিচিত।
“সুড়ঙ্গর শেষে আলো থাকবে, সে খুব শীঘ্রই এটি দেখতে পাবে। এবং যখন সে এটা দেখবে, সে এটাকে দখল করে সবচেয়ে ভালোভাবে কাজে লাগাতে চলেছে। তাই তাকে পরামর্শ দেওয়া হবে, টি-টোয়েন্টি ক্রিকেট হলেও, শুরুতে নিজেকে একটু সময় দাও,” দিল্লির বিরুদ্ধে মুম্বাইয়ের ম্যাচের আগে ইএসপিএনক্রিকইনফো দ্বারা শাস্ত্রী উদ্ধৃত হয়েছেন।
“একটি ভালো হিট এবং সে আবার ঠিক রাস্তায় চলে আসবে। এটিই তার দরকার – একটি ভালো হিট এবং ক্রিজে কিছুটা সময়। ২০-৩০ মিনিট নয়, সম্ভবত ছয় বল বা আট বল, এবং আমি মনে করি সে ভালো ফর্মে ফিরে আসবে,” শাস্ত্রী যোগ করেছেন।
সাদা বলের ক্রিকেটে সূর্য কী করতে পারে তা সারা বিশ্বর সবাই জানে: রিকি পন্টিং
দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিংও সূর্যকুমারের ফর্ম নিয়ে মন্তব্য করেছেন এবং তিনি তাঁর দলকে মনে করিয়ে দিয়েছেন সাদা বলের ক্রিকেটে মুম্বাইয়ের ব্যাটার কী ধরনের ক্ষতি করতে পারেন। তিনি আরও উল্লেখ করেছেন যে সূর্যকুমার এমন একজন খেলোয়াড় যিনি ভারতকে আসন্ন ওডিআই বিশ্বকাপ জেতাতে সাহায্য করতে পারেন।
“সাদা বলের ক্রিকেটে সূর্য কী করতে পারে তা সারা বিশ্বর সবাই জানে। আমি মনে করি, সে এমন একজন খেলোয়াড় যে দলকে বিশ্বকাপ জেতাতে পারে,” গত সপ্তাহে পন্টিং বলেছেন।
এদিকে, পরপর তিনটি হারের পরে দিল্লি ১১ই এপ্রিল নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুম্বাইয়ের মোকাবিলা করতে প্রস্তুতি নিচ্ছে।