কানপুরে অভিষেক টেস্টেই সেঞ্চুরি শ্রেয়াস আইয়ারের, দেখে নিন তাঁর আগে কারা এই কৃতিত্ব অর্জন করেছিলেন ভারতের হয়ে
ষোলতম ভারতীয় হিসেবে এই কৃতিত্বের অধিকারী হলেন তিনি
আপডেট করা - Nov 26, 2021 12:53 pm

শুক্রবার টিম ইন্ডিয়ার মিডল অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ার ১৬তম ভারতীয় ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টেই সেঞ্চুরি করলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে কানপুর টেস্টের ২য় দিনে কাইল জেমিসনের বলে দুই রান দৌড়ে ভারতের ইনিংসের ৯২তম ওভারে শ্রেয়াস স্মরণীয় ল্যান্ডমার্কে পৌঁছেছেন।
কেএল রাহুল পেশীতে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যাওয়ায় প্রথম একাদশে সুযোগ মেলে শ্রেয়াসের। টেস্ট অভিষেকের সুযোগটি তিনি দুহাতে গ্রহণ করে হাঁকালেন একটি দুরন্ত শতরান। চেতেশ্বর পূজারা আউট হওয়ার পর তিনি প্রথম দিনে ৫ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন।
স্ট্যান্ড-ইন ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে আউট হওয়ার পর, তিনি অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার (৫০) সাথে সেঞ্চুরি পার্টনারশিপ গড়ে ভারতকে সঙ্কট থেকে উদ্ধার করেন।
https://twitter.com/AbdullahNeaz/status/1464093629102768129
প্রথম দিনের শেষে শ্রেয়াস ১৩৬ বলে ৭৫ রানে অপরাজিত ছিলেন। শুক্রবার তিনি প্রথম দিনের ছন্দেই খেলতে থাকেন এবং জেমিসন ও সাউদিকে বেশ কয়েকটি বাউন্ডারি মেরে প্রথম সেঞ্চুরির দিকে এগিয়ে যান। শেষ পর্যন্ত তিনি ১০৫ রান করে টিম সাউদির বলে আউট হন।
অভিষেক টেস্টেই সেঞ্চুরি এসেছে যেসব ভারতীয় ব্যাটারদের ব্যাট থেকে
শ্রেয়াসের আগে মোট ১৫ জন ভারতীয় ব্যাটার তাঁদের প্রথম টেস্ট ম্যাচেই শতরান করেছিলেন। এখানে রইল সেই তথ্যের সংকলন:
লালা অমরনাথ প্রথম ভারতীয় যিনি টেস্ট অভিষেকে সেঞ্চুরি করেছিলেন। তিনি ১৯৩৩ সালে মুম্বাইতে ইংল্যান্ডের বিপক্ষে ২১টি চারের সাহায্যে ১১৮ রান করেছিলেন। ভারত অবশ্য টেস্টটি হেরেছিল নয় উইকেটে।
অমরনাথের পরে দীপক শোধান (১১০ বনাম পাকিস্তান, কলকাতা ১৯৫২) এবং এজি কৃপাল সিং (১০০* বনাম নিউজিল্যান্ড, হায়দ্রাবাদ, ১৯৫৫) অভিষেক ম্যাচেই চিত্তাকর্ষক শতরান করেছিলেন। আব্বাস আলী বেগ প্রথম ভারতীয় যিনি ঘরের বাইরে প্রথম টেস্টে সেঞ্চুরি করলেন। ১৯৫৯ সালে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে তিনি ১১২ রান করেছিলেন, যদিও ম্যাচে ভারত ১৭১ রানে হেরেছিল।
হনুমন্ত সিং ১৯৬৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০৫ রান করেছিলেন একটি ড্র হওয়া ম্যাচে। গুন্ডাপ্পা বিশ্বনাথ একটি অনন্য টেস্ট অভিষেক করেছিলেন। তিনি ১৯৬৯ সালে কানপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়েছিলেন, কিন্তু তারপর দ্বিতীয় ইনিংসে ১৩৭ রান করেন।
১৯৭৬ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের বিখ্যাত আট উইকেটের জয়ে সুরিন্দর অমরনাথ ১২৪ রানের স্কোর নথিভুক্ত করেছিলেন। প্রাক্তন ভারতীয় অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন ১৯৮৪-৮৫ সালে ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের বিরুদ্ধে ১১০ রানের ইনিংস দিয়ে টেস্ট অভিষেক করেছিলেন এবং তারপর পরের দুটি টেস্টেও সেঞ্চুরি করেছিলেন।
প্রভিন আমরে (১০৩) ডারবানে (1992) অ্যালান ডোনাল্ড, ব্রায়ান ম্যাকমিলান এবং ব্রেট শুল্টজ সমন্বিত দক্ষিণ আফ্রিকার আক্রমণের বিরুদ্ধে টেস্ট অভিষেকে একটি বিখ্যাত সেঞ্চুরি করেন। প্রাক্তন ভারতের অধিনায়ক সৌরভ গাঙ্গুলী তখন লর্ডসে (১৯৯৬) ১৩১ রান নিয়ে টেস্টে আত্মপ্রকাশ করেন।
পাঁচ বছর পর, বীরেন্দ্র সেহওয়াগ ব্লুমফন্টেইনে প্রোটিয়াদের বিরুদ্ধে ১০৫ রান করেন। দীর্ঘ ব্যবধানের পর, সুরেশ রায়না পরবর্তী ভারতীয় হিসেবে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করেন। কলম্বোতে (২০১০) শ্রীলঙ্কার বিপক্ষে তিনি ১২০ রান করেছিলেন।
২০১৩ সালে মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শিখর ধাওয়ান টেস্ট অভিষেকের দ্রুততম সেঞ্চুরি (৮৫ বলে) করেছিলেন এবং ১৭৪ বলে ১৮৭ রানের অতিকায় ইনিংস খেলেন। শ্রেয়াসের আগে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করা শেষ দুই ভারতীয়ও ছিলেন মুম্বাইয়ের – রোহিত শর্মা (১৭৭ বনাম ওয়েস্ট ইন্ডিজ, কলকাতা ২০১৩) এবং পৃথ্বী শ (১৩৪ বনাম ওয়েস্ট ইন্ডিজ, রাজকোট ২০১৮)।