শার্দুল ঠাকুরকে ভারতীয় রাসেল বলে অভিহিত করলেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন খেলোয়াড় রজত ভাটিয়া
আপডেট করা - Apr 7, 2023 8:58 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণের নবম ম্যাচে নিজেদের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (আরসিবি) ৮১ রানে পরাজিত করেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এই জয়ের পিছনে সবথেকে বড় ভূমিকা পালন করেছিলেন শার্দুল ঠাকুর। তার ২৯ বলে ৬৮ রানের ইনিংসের হাত ধরে ২০৪ রানে পৌঁছেছিল কেকেআর। তার ইনিংসে ছিল ৯টি চার এবং ৩টি ছয়। বল হাতে ১টি উইকেটও নিয়েছিলেন তিনি। শার্দুল বাদে বরুণ চক্রবর্তী এবং অভিষেক ম্যাচ খেলতে নামা সুয়শ শর্মাও ভালো পারফরম্যান্স করেছিলেন। বরুণ এবং সুয়শ যথাক্রমে ৩.৪ ওভারে ১৫ রানে ৪ উইকেট এবং ৪ ওভারে ৩০ রানে ৩ উইকেট নেন।
কেকেআরের প্রাক্তন খেলোয়াড় রজত ভাটিয়া শার্দুল ঠাকুরের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন। তিনি শার্দুল ঠাকুরকে ভারতীয় রাসেল বলেও অভিহিত করেছেন। এছাড়াও রান তাড়া করতে নেমে আরসিবির ছন্দ হারিয়ে ফেলার ব্যাপারেও তিনি মন্তব্য করেন।
ক্রিকবাজকে রজত ভাটিয়া বলেন, “তিনি (শার্দুল) ভারতীয় রাসেল। তিনি মনে হয় রাসেলের কাছ থেকে শক্তি নিয়েছেন। আমি তাকে মুম্বাইয়ের হয়ে ব্যাট করতে দেখেছি। কিন্তু সে এখন যেভাবে ব্যাটিং করছে, আমরা বলতে পারি আমাদের আরেকজন (সিম-বোলিং) অলরাউন্ডার আছে। আমি আশা করি আমরা তাকে সেভাবেই দেখতে শুরু করব।”
তিনি আরও বলেন, “কেকেআর-এর মতো প্রাক্তন চ্যাম্পিয়নকে কখনও উপেক্ষা করবেন না। পাঞ্জাবের কাছে হারের পরে তাদের ঘরের দর্শকদের এবং তাদের বসের সামনে (শাহরুখ খান) প্রতিক্রিয়া দেখানোর দরকার ছিল। তারা ব্যাপকভাবে আরসিবিকে পরাজিত করেছে। আরসিবির তরফ থেকে কোনো পার্টনারশিপ দেখা যায়নি কারণ রান তাড়া করতে নেমে তারা ছন্দ হারিয়ে ফেলে।”
কেকেআরের হয়ে খেলার অভিজ্ঞতার কথা জানালেন রজত ভাটিয়া
রজত ভাটিয়া কেকেআরের হয়ে ২০১২ সালের মরসুমে ট্রফি জেতার ব্যাপারে বলেছেন যে মালিকরা তাদের উপর কোনো চাপ সৃষ্টি করতেন না এবং এটি তাদের চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছিল।
রজত ভাটিয়া বলেন, “তিন বছর আমি কেকেআরে খেলেছি, আমরা কখনই অনুভব করিনি যে আমরা টুর্নামেন্টের বাইরে ছিলাম। এমনকি ২০১১ সালে যখন আমরা কোয়ালিফায়ারে (প্লেঅফ) মুম্বাইয়ের কাছে হেরে ছিটকে গিয়েছিলাম তখন শাহরুখ খান আমাদের তাদের বাড়িতে ডেকেছিলেন। আমরা বুঝতে পেরেছিলাম যে মালিকদের তরফ থেকে কোনও চাপ থাকবে না এবং এটি আমাদেরকে এক বছর পরে চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছিল।”