শার্দূলের বিরুদ্ধে বোলাররা পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় ক্ষুব্ধ মাইক হেসন
২৯ বলে ৬৮ রানের ইনিংস খেলেছিলেন শার্দূল
আপডেট করা - Apr 7, 2023 1:44 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর নবম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিল। প্রথমে ব্যাট করা কেকেআর রহমানউল্লাহ্ গুরবাজের একটি স্থিতিশীল অর্ধশতকের সৌজন্যে কলকাতাকে একটি শালীন শুরু এনে দিয়েছিলেন।
তবে শার্দূল ঠাকুরের বিধ্বংসী ইনিংস ছারখার করে দেয় আরসিবির বোলিং লাইন-আপকে। ৩১ বছর বয়সী মাত্র ২৯ বলে ৬৮ রান করেছিলেন এবং ৮৯/৫ অবস্থান থেকে কলকাতাকে প্রথম ইনিংসের শেশে ২০৪ রান তুলতে সাহায্য করেন।
সেই বিষয়ে কথা বলতে গিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)-এর ডিরেক্টর অফ ক্রিকেট মাইক হেসন সফরকারী দলের পারফর্ম্যান্সের সমালোচনা করেছেন এবং জানিয়েছেন শার্দূলের বিরুদ্ধে বোলিং আরও ভালো হতে পারত।
“আমি মনে করি শার্দূলকে আমরা যেভাবে বোলিং করেছি তা ঠিক ছিল না। আমরা যে পরিকল্পনা নিয়ে নেমেছিলাম, সেভাবে খেলতে পারিনি। সেই ইনিংসটা তাদের কিছুটা গতি দিয়েছিল এবং একবার সে কিছুটা গতি ও আত্মবিশ্বাস পেয়ে যাওয়ার পরে তার সামনে বোলিং করা কঠিন ছিল। গত ম্যাচে আমরা বল হাতে খুব ভালো ছিলাম, কিন্তু আজ আমাদের খামতি ছিল,” মাইক হেসন আরসিবি ম্যাচ রিভিউতে বলেছেন।
আমাদের ধারণা ছিল নারিন ও চক্রবর্তী এই পিচে কঠিন বোলার হতে পারে: মাইক হেসন
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে এসে আরসিবি তাদের আগের ম্যাচের পারফর্ম্যান্স পুনরাবৃত্ত করার দিকে তাকিয়েছিল। বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসি দুজনেই ভালো ফর্মে ছিলেন, কিন্তু স্বাগতিকদের স্পিন আক্রমণের সামনে পুরো ব্যাটিং লাইন-আপ ভেঙে পড়ে।
বরুণ চক্রবর্তী, সুনীল নারিন ও সুয়াশ শর্মা স্পিন সহায়ক পিচে বিপাকে ফেলেছিলেন আরসিবি ব্যাটারদের এবং তিনজনে মিলে মোট নয় উইকেট নিয়েছিলেন। রান তাড়ার সময়ে ব্যাঙ্গালোরের পারফর্ম্যান্সের প্রতিফলন করে মাইক হেসন মতামত দিয়েছিলেন যে স্পিনাররা যে চাপ সৃষ্টি করবে সে সম্পর্কে তাঁরা সচেতন ছিলেন।
“সামগ্রিকভাবে, আমাদের ধারণা ছিল নারিন ও চক্রবর্তী এই পিচে কঠিন বোলার হতে পারে এবং আমাদের কাছে দুজন সেট ব্যাটার ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা ভিতরে ঢুকে আসা বল খেলতে পারিনি। তাদের গুগলি সামলাতে আমরা ব্যর্থ হয়েছি,” হেসন আরও বলেছেন।