রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ট্রোলারদের যোগ্য জবাব দিলেন বিরাট কোহলি
আপডেট করা - Apr 6, 2023 3:44 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণে শুরুটা খুব ভালোভাবেই করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে (এমআই) ৮ উইকেটে পরাজিত করে ফ্যাফ ডু প্লেসিসের নেতৃত্বাধীন দল। এই ম্যাচে বিরাট কোহলি একটি দুর্দান্ত ইনিংস খেলেন। তিনি মাত্র ৪৯ বলে ৮২ রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ৬টি চার এবং ৫টি ছয়।
ফ্যাফ ডু প্লেসিসও ৪৩ বলে ৭৩ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। দুই ওপেনারের সুন্দর দুটি ইনিংসের হাত ধরে ২২ বল বাকি থাকতেই ২ উইকেটে ১৭২ রানের লক্ষ্যে পৌঁছে যায় আরসিবি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২০০৮ থেকে শুরু করে এখনও অবধি একটিও ট্রফি জিততে পারেনি। এই বছর অবশ্যই নিজেদের সর্বোচ্চ শক্তি দিয়ে তারা ট্রফি জেতার চেষ্টা করবে।
সম্প্রতি আরসিবির ট্রফি জিততে অসফল হওয়ার ব্যাপারে মুখ খুলেছেন বিরাট কোহলি। তিনি বলেছেন যে আরসিবি একটি অনেক বড় ফ্রাঞ্চাইজি সেই কারণে ভক্তরাও দলের থেকে অনেক কিছু আশা করে। সোশ্যাল মিডিয়াতে দলের উপস্থিতির ব্যাপারেও আলোচনা করেন তিনি।
তিনি বলেন, “আমাদের সোশ্যাল মিডিয়া পারফরম্যান্স বাকিদের থেকে অনেক মাইল এগিয়ে। সেখানে একটি ট্রফি পান, তারপর দেখুন। আপনি একটি সোশ্যাল মিডিয়া ট্রফি আনুন এবং দেখুন কিভাবে আরসিবি সেটা জেতে। কোনো প্রতিদ্বন্দ্বী নেই। টুর্নামেন্টে দুই সপ্তাহের মধ্যে আমরা জিতব। শেষের কয়েকটি ম্যাচ খেলার দরকার নেই; ৪-৫টিই যথেষ্ট।
তিনি আরও বলেন, “এটি হল বড় ফ্র্যাঞ্চাইজি হওয়ার চাপ। অনেক মানুষ এটাকে মজা হিসেবে নেয় যে ‘এই দলটি জিততে পারে না’। এসে খেলুন, যখন আপনাদের এত প্রত্যাশা রয়েছে। আমরা একটা বড় দল। যদি আমরা কোনো ফালতু দল হতাম তাহলে আমাদের এত ভক্ত থাকত না।”
৬ই এপ্রিল কেকেআরের মুখোমুখি হবে আরসিবি
৬ই এপ্রিল, বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিরুদ্ধে খেলতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কেকেআর প্ৰথম ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে পরাজিত হয়েছে। দ্বিতীয় ম্যাচে নীতিশ রানার নেতৃত্বাধীন দল অবশ্যই চেষ্টা করবে এবারের আইপিএলে প্ৰথম জয় পাওয়ার।
অন্যদিকে, আরসিবি একটি অনেক বড় ধাক্কা খেয়েছে। রজত পতিদার এই আইপিএলে একটিও ম্যাচ খেলতে পারবেন না। তার পরিবর্ত খেলোয়াড়য়ের নাম এখনও ঘোষণা করেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।