চিপকে পাওয়ার প্লেতে নিজেদের সর্বোচ্চ রান করল চেন্নাই সুপার কিংস

Ruturaj Gaikwad and Devon Conway
Ruturaj Gaikwad and Devon Conway. (Photo Source: BCCI/IPL)

৩রা এপ্রিল, সোমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণের ষষ্ঠ ম্যাচে এম.এ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস (সিএসকে) এবং লখনউ সুপার জায়ান্টাস (এলএসজি) একে অপরের মুখোমুখি হয়েছে। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এলএসজি।

ব্যাট করতে নেমে শুরুতেই মাঠে ঝড় তোলে সিএসকের দুই ওপেনার রুতুরাজ গায়কওয়াড় এবং ডেভন কনওয়ে। প্ৰথম ওভারটি দুজনে একটু ধরে খেলেন। দ্বিতীয় ওভার থেকেই বিধ্বংসী ব্যাটিং শুরু করেন সিএসকের দুই ওপেনার রুতুরাজ এবং কনওয়ে। দ্বিতীয় ওভারে আবেশ খানের বোলিংয়ের সামনে তারা ১৭ রান তোলেন। এরপর যারাই বোলিংয়ে এসেছেন তারাই এই দুই ওপেনার সামনে ধরাশায়ী হয়েছেন।

রুতুরাজ গায়কওয়াড় এবং ডেভন কনওয়ে প্ৰথম ৬ ওভারে ৭৯ রান তোলেন। এটিই ছিল ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের সর্বোচ্চ রান। এর আগে পাওয়ার প্লেতে তাদের সর্বোচ্চ রান ছিল ১ উইকেটে ৭৫ রান। ২০১৮ সালের আইপিএল মরসুমে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিরুদ্ধে এই রান করেছিল সিএসকে।

প্ৰথমে ব্যাট করে ২১৭ রান করল সিএসকে

রুতুরাজ এবং কনওয়ে মিলে প্ৰথম উইকেটে ১১০ রানের পার্টনারশিপ করেন। রুতুরাজ মাত্র ৩১ বলে ৫৭ রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৩টি চার এবং ৪টি ছয়। আরেক ওপেনার কনওয়েও একটি অসাধারণ ইনিংস খেলেন। তিনি মাত্র ২৯ বলে ৪৭ রান করেন। তার ইনিংসে ছিল ৫টি চার এবং ২টি ছয়।

এরপর শিবম দুবে এবং মঈন আলি যথাক্রমে ১৬ বলে ২৭ এবং ১৩ বলে ১৯ রান করেন। আগের ম্যাচের মতো এই ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন বেন স্টোকস। তিনি ৮ বলে মাত্র ৮ রান করেন। আম্বাতি রায়ডুও একটি সুন্দর ইনিংস খেলেন। তিনি ২টি চার এবং ২টি ছয় সহ ১৪ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন। রবীন্দ্র জাদেজা ব্যাট হাতে সফল হতে পারেননি। তিনি ৬ বলে মাত্র ৩ রান করেন। দুই অভিজ্ঞ অলরাউন্ডার বেন স্টোকস এবং রবীন্দ্র জাদেজার পরপর দুই ম্যাচে ব্যর্থ হওয়াটা সিএসকের জন্য অবশ্যই খুব চিন্তার বিষয়। সিএসকের অধিনায়ক এমএস ধোনি ২টি ছয় সহ ৩ বলে ১২ রান করে আউট হন। শেষমেশ ২০ ওভারে ৭ উইকেটে ২১৭ রান করে সিএসকে। শেষ পর্যন্ত এই ম্যাচ কোন দল জেতে সেটাই এখন দেখার বিষয়।

close whatsapp