বৃহস্পতিবার ইডেনে কেকেআরের প্রত্যাবর্তনের ম্যাচে থাকছে আকর্ষণীয় ড্রোন শো

আইপিএল ২০১৯-এর পরে ইডেন গার্ডেন্সে খেলতে নামছে কেকেআর

Eden Gardens
Eden Gardens. (Photo by Jan Kruger-ICC/ICC via Getty Images)

করোনা মহামারীর দীর্ঘ বিরতির পরে আইপিএল আবার তার চিরাচরিত হোম ও অ্যাওয়ে ফর্ম্যাটে প্রত্যাবর্তন করেছে। স্বাভাবিকভাবেই ইডেন গার্ডেন্সে হোম ম্যাচ খেলতে ফিরে আসছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আইপিএল ২০২২-এ দুটি প্লে-অফ ম্যাচ কলকাতায় আয়োজিত হলেও সেইবার কেকেআর না থাকায় শহরবাসীর মন ভরেনি। তাই আগামী ৬ই এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)-এর বিরুদ্ধে কেকেআর যখন নামবে তখন কানায়-কানায় পূর্ণ ইডেনকে দেখতে পাওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

আইপিএল ২০১৯-এর পরে আবার ইডেন গার্ডেন্সে প্রত্যাবর্তন হবে কেকেআরের। সেই ম্যাচকে ঘিরে উত্তেজনার মাঝেই এখন উঠে আসছে নতুন তথ্য। মাঠে খেলোয়াড়দের পারফর্ম্যান্স তো থাকছেই, দর্শকদের অতিরিক্ত বিনোদন যোগানোর জন্য ব্যবস্থা থাকছে বিশেষ ড্রোন শো-র। মহানগরী কলকাতার আকাশ রঙিন হয়ে উঠবে ড্রোন শো-র ঝকমারি প্রদর্শনীতে।

৩১ শে মার্চ, আইপিএল ২০২৩-এর উদ্বোধনী দিনে, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অরিজিত সিংয়ের গান, তামান্ন ভাটিয়া ও রশ্মিকা মান্দান্নার নাচের তালে বিভোর হওয়ার পাশাপাশি দর্শকরা উপভোগ করেছিলেন ড্রোনের অসামান্য প্রয়োগ। সেই মায়াবী শোতে একসঙ্গে পনেরোশো ড্রোন মাতিয়ে রেখেছিল আহমেদাবাদের দর্শকদের। এবারে তেমনই কিছু অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছে চলেছে কলকাতাবাসী, যখন আইপিএল ২০২৩-এ ইডেনের প্রথম ম‌্যাচ আয়োজিত হবে। অনুষ্ঠানটি হতে চলেছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এবং আইপিএলের গভর্নিং কাউন্সিলের উদ‌্যোগে।

আরসিবির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ মুখোমুখি হবে কেকেআর

মরসুমের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হেরে যাওয়ার পরে কেকেআর চাপে পড়ে গেছে। ১লা এপ্রিল মোহালিতে আয়োজিত ম্যাচে কেকেআরের বোলিং নিরন্তর আক্রমণের মুখে পড়ে বিছিন্ন হয়ে যায়। অভিজ্ঞ পেসার টিম সাউদি চার ওভারে পঞ্চাশেরও বেশী রান দেন। এ ছাড়া অভিজ্ঞ স্পিনার সুনীল নারিনকেও রেয়াত করেননি পাঞ্জাবের ব্যাটাররা।

পাঞ্জাব ১৯১ রান খাড়া করেছিল ভানুকা রাজাপাকসার ঝোড়ো হাফ সেঞ্চুরির সৌজন্যে। ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে কেকেআর। পাওয়ারপ্লের ওভারের ভিতরেই তিনটি উইকেট হারানোর পরে ধুঁকতে থাকে নাইটদের ব্যাটিং। আন্দ্রে রাসেলের আগ্রাসী ইনিংসের সৌজন্যে লক্ষ্যের কাছাকাছি গেলেও বৃষ্টি চলে আসায় নাইটদের রান তাড়া ব্যাহত হয়। শেষ অবধি ডিএলএস মেথডে কেকেআর হারে ৭ রানে।

অন্যদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাদের অভিযান শুরু করেছিল দুর্দান্ত ছন্দে। মুম্বাই ইন্ডিয়ান্সকে আট উইকেটে পরাজিত করার ক্ষেত্রে মূল অবদান রেখেছিলেন দুই ওপেনার ফাফ ডু প্লেসি ও বিরাট কোহলি। শক্তিশালী আরসিবিকে হারানোর জন্য কেকেআরকে আগামী ৬ তারিখ অতিরিক্ত প্রচেষ্টা করতেই হবে।

close whatsapp