চোটে বিপর্যস্ত দীপক চাহার চান চোটমুক্ত থেকে পুরো আইপিএল ২০২৩ মরসুম খেলতে
আইপিএল ২০২২-এ একটি ম্যাচও খেলতে পারেননি দীপক
আপডেট করা - Apr 3, 2023 2:10 pm

চেন্নাই সুপার কিংস (সিএসকে) ফাস্ট বোলার দীপক চাহার জানিয়েছেন যে তিনি চোট ছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর পুরো মরসুম খেলবেন বলে আশা করছেন। ৩০ বছর বয়সী বোলার সিএসকের একজন গুরুত্বপূর্ণ সদস্য। গত বছর স্ট্রেস ফ্র্যাকচার ও কোয়াড গ্রেড ৩ টিয়ারের কারণে আট মাসেরও বেশী সময় ধরে মাঠের বাইরে ছিলেন তিনি।
নগদ সমৃদ্ধ লিগের চলমান সংস্করণের আগে দলে ফিরেছেন দীপক। একজন ফাস্ট বোলারের জন্য চোট কাটিয়ে ফেরা কঠিন বলে মনে করেন চাহার। তিনি যোগ করেছেন যে এমন চোট না পাওয়ার আশা করেন তিনি এবং তিনি পুরো মরসুম ধরেই সিএসকের হয়ে পারফর্ম করতে চান।
“আমি জানি কীভাবে চোট মোকাবিলা করতে হয়, কিন্তু এবার সেটা দীর্ঘ ছিল। এটা অন্তত আট মাস ছিল। একজন ফাস্ট বোলারের জন্য চোট থেকে ফিরে আসাটা কঠিন কাজ। আশা করি, আমি এমন চোট আর পাব না এবং আমি এই পুরো মরসুম ও বছর চোটমুক্ত থেকে খেলব,” চাহার সিএসকে টিভিকে বলেছেন।
তিনি বলেছেন যে সিএসকের মতো দলের সদস্য হতে পেরে তিনি নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলে মনে করেন। তিনি আরও বলেছেন যে যদি একটি দলে একটি সহায়ক পরিবেশ থাকে এবং সবসময় শিরোপা জয়ের প্রসঙ্গে কথা হয়, তবে সেখানেই তাদের পক্ষে ফাইনালে উঠে ফাইনালে জেতা সম্ভব।
“আমি ভাগ্যবান যে একটি ভালো দল এবং ভালো পরিবেশের অংশ হতে পেরেছি। আপনার যদি এমন পরিবেশ থাকে, যেখানে সবাই একে অপরকে সমর্থন করে আর আপনি যদি সবসময় টুর্নামেন্ট জেতার কথা বলেন, তবে সেখানেই আপনি ফাইনালে পৌঁছন এবং ফাইনালে জয়লাভ করেন,” তিনি যোগ করেছেন।
দীপক চাহার আইপিএল ২০২১-এর সিএসকের শিরোপা জয়ী অভিযানের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। তিনি ১৪ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন। সিএসকে তাঁকে ২০২২-এর নিলামে ১৪ কোটি টাকায় কিনেছিল। উল্লেখ্য, তিনি ২০১৮ থেকে চারবারের চ্যাম্পিয়নদের সঙ্গে রয়েছেন।
সোমবার চেন্নাইয়ে এলএসজির মুখোমুখি হবে সিএসকে
৩১শে মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সের (জিটি) কাছে হেরে আইপিএল ২০২৩-এর উদ্বোধনী ম্যাচে সিএসকে ভালো শুরু করতে পারেনি। সোমবার, ৩রা এপ্রিল, চেন্নাইয়ের চেপকের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে এমএস ধোনি এবং তাঁর দল লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর মুখোমুখি হবে।
অন্যদিকে, লখনউ তাদের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে পরাজিত করে দুর্দান্তভাবে টুর্নামেন্ট শুরু করেছে। এই গতি বজায় রেখে কেএল রাহুলের নেতৃত্বাধীন দল চেন্নাইয়ের বিরুদ্ধে আরও একটি জয় অর্জন করে টেবিলের উপরে উঠতে চাইবে।
চেন্নাইয়ে এটি হবে মরসুমের প্রথম ম্যাচ এবং ভক্তরা ধোনির এক ঝলক পেতে উত্তেজিত হবেন। মনে করা হচ্ছে এটিই আইপিএলে তাঁর শেষ মরসুম।