নিজেদেরকে ফেভারিট মানছেন না কেন উইলিয়ামসন
স্পিনারদের মোকাবিলা করার জন্য স্মার্ট ক্রিকেট খেলতে বললেন সাবধানী ক্যাপ্টেন কেন
আপডেট করা - Nov 24, 2021 6:35 pm

নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন এবং তাঁর দলকে যে চ্যালেঞ্জগুলির সামনে পড়তে হবে সে সম্পর্কে ভাল করেই জানেন। উইলিয়ামসন মনে করেন যে ভারতীয় স্পিনারদের মোকাবিলা করতে হলে ব্যাটিং ইউনিটকে স্মার্ট হতে হবে।
রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা ভারতে তাদের শেষ টেস্ট সফরের সময় (২০১৬ সালে) নিউজিল্যান্ডকে সমস্যায় ফেলেছিল। এই জুটি তাদের মধ্যে ৪১টি উইকেট লাভ করেছিল, যার মধ্যে কানপুরে ২০টির মধ্যে ১৬টি। ভারতের ৩-০ সিরিজ জয়ে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিল ওই জুটি। বৃহস্পতিবার আবার তাঁদের মুখে পড়তে হবে কিউয়িদের।
স্পিনারদের মোকাবিলা সম্পর্কে সাবধানী ক্যাপ্টেন কেন
নিউজিল্যান্ড নিজেরাই একটি স্পিন-ভারী স্কোয়াড ঘোষণা করেছে, যার মধ্যে পাঁচটি বিকল্প আছে তাদের। প্রধান স্পিনার হিসেবে এজাজ প্যাটেল, উইল সোমারভিল, মিচেল স্যান্টনারের পাশাপাশি পার্ট-টাইমার গ্লেন ফিলিপস ও রচিন রবীন্দ্র আছেন।
“আমরা ভারতীয় স্পিন বোলারদের শক্তি জানি এবং তারা অনেক দিন ধরেই ভালো পারফর্ম করে আসছে। তাদেরকে সামলানোর জন্য আমাদের বিভিন্ন পদ্ধতি এবং উপায় নিতে হবে এবং গুরুত্বপূর্ণ পার্টনারশিপ তৈরী করার চেষ্টা করতে হবে ,” উইলিয়ামসন কানপুর টেস্টের আগের দিন একটি ভার্চুয়াল বৈঠকে সাংবাদিকদের বলেছেন।
উইলামসন যোগ করেছেন যে স্পিনাররা সিরিজে পার্থক্য তৈরি করবে, “প্রতিটি খেলোয়াড়ই আলাদা, তাই তাদের ব্যাটিং পদ্ধতি একে অপরের থেকে কিছুটা আলাদা হবে তবে, তাতে সন্দেহ নেই। আমি নিশ্চিত পুরো সিরিজ জুড়ে, স্পিন একটি বড় ফ্যাক্টর হবে। কানপুরেও এর ব্যাতিক্রম হবে না। ২০১৬ সালে আমরা এখানে যখন শেষ ম্যাচে খেলেছিলাম সেখান থেকে পরিস্থিতি কিছুটা বদলেছে।”
আমরা ফেভারিট নই: কেন উইলিয়ামসন
উইলিয়ামসন তার দলকে ফেভারিট হিসেবে মানতে অস্বীকার করেছেন। ভারতীয় দলে প্রথম সারির বেশ কয়েকজন খেলোয়াড়ের অনুপস্থিতি সত্ত্বেও তিনি নিজের দলকে পিছিয়ে রাখছেন। বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পান্ত, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, কেএল রাহুলকে ছাড়াই কানপুরে নামছে ভারত।
“না, আমি মনে করি না আমরা ফেভারিট। আমি মনে করি যে কোনও ফর্ম্যাটে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় শক্তি হল তাদের গভীরতা। আমরা বছরের পর বছর ধরে তার প্রমাণ পেয়েছি। তাদের নিজস্ব পরিস্থিতি সম্বন্ধে তাদের সম্যক জ্ঞান আছে,” উইলিয়ামসন বলেছেন।
“আমরা জানি চ্যালেঞ্জটা অনেক বড়। আমরা বেসিকগুলি ভাল করার চেষ্টা করছি,” উইলিয়ামসন শেষে বলেছেন।