আইপিএল ২০২৩: পাঞ্জাব কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স – মোহালির পিসিএ স্টেডিয়ামের রেকর্ড, পরিসংখ্যান ও পিচ রিপোর্ট

আইপিএলে পিসিএ স্টেডিয়ামে প্রথম ইনিংসে গড় স্কোর ১৬৫ রান

PCA Stadium
PCA Stadium. (Image Source: Twitter)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম সংস্করণে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাদের অভিযান শুরু করবে ১লা এপ্রিল, শনিবার, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। ম্যাচটি শুরু হবে দুপুর ৩:৩০ থেকে। মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে যখন দুই দল মুখোমুখি তখন সেটি হবে তাদের মধ্যে ৩১তম ম্যাচ। এর আগে প্রতিদ্বন্দ্বিতা করা ৩০টি ম্যাচে কেকেআর জিতেছে ২০বার এবং পাঞ্জাবের জয় এসেছে ১০টি ম্যাচে।

পিচ কন্ডিশন

মোহালির পিচ সাধারণত ব্যাটিংয়ের জন্য সহায়ক হলেও পেস বোলাররা স্পিনারদের চেয়ে তুলনামূলকভাবে বেশী সাহায্য পান। পিসিএ স্টেডিয়ামে আয়োজিত আইপিএল ম্যাচের প্রথম ইনিংসের গড় রান ১৬৫। দুপুরবেলা ম্যাচ থাকায় শিশিরের প্রভাব থাকবে না। ফলে টসজয়ী দল পিচের অবস্থা দেখে নির্ধারণ করতে পারবেন প্রথমে বোলিং বা ব্যাটিংয়ের বিষয়ে।

পিসিএ স্টেডিয়ামের রেকর্ড ও পরিসংখ্যান

এখনও অবধি মোট ৫৫টি আইপিএল ম্যাচ আয়োজন করেছে মোহালির এই স্টেডিয়াম। প্রথমে ব্যাটিং করা দল জিতেছে ২৪টি ম্যাচ এবং ৩১টি ম্যাচে জয়ী হয়েছে লক্ষ্য তাড়া করা দল। দলগতভাবে ২০ ওভারে সর্বোচ্চ রান উঠেছে ২৪০/৫। আইপিএল ২০০৮-এ কিংস ইলেভেন পাঞ্জাবের (পাঞ্জাব কিংসের আগের নাম) বিরুদ্ধে চেন্নাই সুপার কিংস এই স্কোর তুলেছিল মূলত মাইকেল হাসির ১১৬* (৫৪) রানের ইনিংসের সৌজন্যে।

আইপিএল ২০১৭-তে এই স্টেডিয়ামে সর্বনিম্ন স্কোর নথিভুক্ত হয়েছিল যখন কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে দিল্লি ক্যাপিটালস ৬৭ রানে অল আউট হয়ে গিয়েছিল। সেই একই বছরে কিংস ইলেভেন পাঞ্জাবের খাড়া করা ১৯০ রানের লক্ষ্য সফলভাবে তাড়া করে গুজরাত লায়ন্স ১৯২/৪ (১৯.৪) স্কোর তুলেছিল, যা এখনও অবধি এই মাঠে সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড।

শন মার্শ ২৬ ইনিংসে ১০৬২ রান করে পিসিএ স্টেডিয়ামের সর্বোচ্চ রান সংগ্রাহক। এই মাঠে আয়োজিত আইপিএল ম্যাচের মধ্যে সেরা ব্যক্তিগত ইনিংস খেলেছিলেন পল ভালথাটি যখন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২০১১-তে ১২০* (৬৩) রান করেছিলেন।

মোহালির মাঠে আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারী হিসেবে আছেন পীযূষ চাওলা। ২৭ ম্যাচে ২৪ উইকেট নিয়েছেন লেগ-স্পিনার। আইপিএল ২০১১-তে মুনাফ প্যাটেল মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সময়ে মোহালিতে সেরা বোলিং পরিসংখ্যান নথিভুক্ত করেছিলেন, যখন কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ৪ ওভারে ২১ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন।

কলকাতা নাইট রাইডার্স এই মাঠে সর্বোচ্চ স্কোর নথিভুক্ত করেছিল আইপিএল ২০১৯-এ। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে লক্ষ্য তাড়া করতে নেমে কেকেআর ১৮৫/৩ স্কোর তুলেছিল ১৮ ওভারে। চার ইনিংসে ১৬৮ রান করে কেকেআরের হয়ে মোহালিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে শীর্ষে আছেন গৌতম গম্ভীর। তবে এই স্টেডিয়ামে কেকেআরের ব্যাটারদের মধ্যে সেরা পারফর্ম্যান্স দেখিয়েছেন ক্রিস লিন যখন আইপিএল ২০১৭-তে কিংসের বিপক্ষে ৮৪ (৫২) রান করেছিলেন।

পাঞ্জাব কিংসের হোম গ্রাউন্ডে সুনীল নারিন ৫ ম্যাচে ৮ উইকেট নিয়ে কেকেআরের শীর্ষ উইকেট শিকারী। কেকেআরের বোলারদের মধ্যে সেরা বোলিং পরিসংখ্যান নথিভুক্ত করেছিলেন জাক কালিস। আইপিএল ২০২৩-এ চার ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট দখল করেছিলেন তিনি।

close whatsapp