আইপিএলের ইতিহাসে প্রথমবারের জন্য সম্প্রচার দেখতে পারবে না দক্ষিণ আফ্রিকা

South Africa ODI team
South Africa ODI team. (Photo by MARCO LONGARI/AFP via Getty Images)

উদ্বোধনী মরসুম থেকে শুরু করে ১৫ তম সংস্করণ অবধি কখনই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সম্প্রচার দেখা থেকে বিরত থাকতে হয়নি দক্ষিণ আফ্রিকার ক্রিকেট প্রেমীদের। তবে আইপিএলের ১৬ তম সংস্করণ তারা টেলিভিশনে দেখতে পাবে না। এরকম ঘটনা এর আগে কখনও ঘটেনি। সুপারস্পোর্ট সম্প্রতি জানিয়েছে যে ২০২২ সালের জুন মাসে আইপিএল ২০২৩-এর সম্প্রচারের অধিকার পাওয়ার ভায়াকম১৮-এর কাছে সাব-সাহারান আফ্রিকান-এর স্বত্ব পাওয়ার লড়াইয়ে হেরে যায়। তাই তারা এবারের আইপিএলের সম্প্রচার করতে পারবে না।

ভায়াকম১৮ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউ জিল্যান্ডে আইপিএল সম্প্রচার করার অধিকার পেয়েছে। তবে এখানকার আঞ্চলিক সম্প্রচারকারীরা ভায়াকম১৮-এর সাথে একটি চুক্তি করেছে বলে এই জায়গাগুলির দর্শকরা তাদের টিভিতে আইপিএলের ম্যাচগুলির সরাসরি সম্প্রচার দেখতে পাবেন। অন্যদিকে সুপারস্পোর্ট বা দক্ষিণ আফ্রিকার অন্য কোনও সংস্থা এই ধরনের কোনও পদক্ষেপ নেয়নি এবং সেই কারণেই সেখানকার ক্রিকেট ভক্তরা এই মরসুমে টেলিভিশনে আইপিএলের সরাসরি সম্প্রচার দেখা থেকে বঞ্চিত হবেন।

সুপারস্পোর্টের একজন মুখপাত্র ইএসপিএনক্রিকইনফোকে জানান, “সুপারস্পোর্টের কাছে আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সম্প্রচার স্বত্ব ছিল। পরবর্তী মরসুমের স্বত্বের জন্য অধিকারধারীর সাথে বাণিজ্যিক আলোচনা দুর্ভাগ্যবশত অসফল হয়েছে এবং সুপারস্পোর্ট তাই এই বছরের আইপিএল সংস্করণের সম্প্রচার করবে না।”

প্রসঙ্গত উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার ১৫ জন খেলোয়াড় আসন্ন আইপিএলে অংশগ্রহণ করবে। দক্ষিণ আফ্রিকার দুজন ক্রিকেটার ফ্যাফ ডু প্লেসিস এবং এডেন মার্করাম যথাক্রমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দ্রাবাদ নেতৃত্ব দেবেন। এছাড়াও কুইন্টন ডি কক, কাগিসো রাবাডা এবং ডেভিড মিলারের মতো অভিজ্ঞ দক্ষিণ আফ্রিকান ক্রিকেটাররাও রয়েছেন। তবে আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য ব্যস্ত থাকার দরুন দক্ষিণ আফ্রিকার অনেক খেলোয়াড়রাই এখনও আইপিএলে নিজেদের দলে যোগদান করতে পারেননি।

২০২৩ সালে ওডিআই বিশ্বকাপ খেলার যোগ্যতা এখনও অর্জন করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। সেই কারণে টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দলের জন্য নেদারল্যান্ডস বিরুদ্ধে সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ। এই সিরিজটির জন্য ক্রিকেট সাউথ আফ্রিকা একটি শক্তিশালী দল ঘোষণা করেছে। যেসব খেলোয়াড়রা এই দলে রয়েছেন তারা এপ্রিলের প্ৰথম সপ্তাহের মধ্যেই আইপিএলে নিজেদের দলে যোগদান করবে বলে আশা করা যাচ্ছে। দক্ষিণ আফ্রিকার এতজন খেলোয়াড় আইপিএলে খেলা সত্ত্বেও তাদের দেশের ক্রিকেট ভক্তদের আইপিএল দেখতে না পাওয়া সত্যিই দুর্ভাগ্যজনক।

 

close whatsapp