আইপিএল ২০২৩, ম্যাচ ৫: আরসিবি বনাম এমআই, প্রিভিউ, সম্ভাব্য একাদশ, হেড-টু-হেড এবং সম্প্রচার বিবরণ
মুম্বাই গত মরসুমে দশম স্থানে ছিল
আপডেট করা - Apr 2, 2023 12:50 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৩-এর পঞ্চম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ২রা এপ্রিল, রবিবার, পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের মোকাবিলা করবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। গত বছর পয়েন্ট তালিকার নিম্নতম স্থানে থাকায় মুম্বাইয়ের কাছ থেকে অতিরিক্ত তাগিদ আশা করা হচ্ছে। তবে চোটের কারণে তারকা পেসার জাসপ্রিত বুমরাহ্ না থাকায় মুম্বাই জোরালো ধাক্কা খেয়েছে।
আরসিবি প্লে অফে জায়গা করে নিলেও গত মরসুমে ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছিল। দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসের বিপক্ষে হেরে বিদায় নেয় তারা। চোটের কারণে পরিকল্পনা বিধ্বস্ত হয়েছে ফাফ ডু প্লেসির নেতৃত্বাধীন দলেরও। টুর্নামেন্টের প্রথমার্ধে জশ হ্যাজেলউডকে আরসিবির হয়ে খেলতে দেখা যাবে না। এর পাশাপাশি আরসিবি বেশ কিছু ম্যাচে পাবে না রজত পাটিদারকেও।
আরসিবির অধিনায়ক ফাফ ডু প্লেসি টি-টোয়েন্টি ফর্ম্যাটে ভালো ফর্মে রয়েছেন। এ ছাড়া ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক সিরিজে সাফল্য পাওয়া মাইকেল ব্রেসওয়েলও আকর্ষণীয় ছন্দে রয়েছেন। অন্যদিকে মুম্বাইয়ের দুই তারকা অজি ক্রিকেটার টিম ডেভিড ও ক্যামেরন গ্রিন দলের প্রধান শক্তি হয়ে উঠতে পারেন। জাসপ্রিত বুমরাহর পরিবর্ত হিসেবে এমআই স্কোয়াডে এনেছে সন্দীপ ওয়ারিয়রকে।
পিচ কন্ডিশন
বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের পিচ ব্যাটারদের ভালোভাবে সহায়তা করে। ব্যাটে ভালোভাবে বল আসায় পাওয়ার-হিটাররা তাঁদের সময় উপভোগ করবেন। বোলারদের ক্ষেত্রে স্পিনার ও পেসার উভয়কেই লাইন ও লেংন্থ বজায় রাখতে হবে যাতে পিচ থেকে সেরাটা বের করা যায়।
উভয় দলের কম্বিনেশন
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
আরসিবি টুর্নামেন্টের আগে নিলামের সময়ে একটি শক্তিশালী দল তৈরী করতে সক্ষম হয়েছিল। তবে এবার মরসুম শুরু হওয়ার আগেই রজত পাটিদার ও জশ হ্যাজেলউডের চোটের কারণে দল ধাক্কা খেয়েছে। দীনেশ কার্তিক আগের মরসুমে ফিনিশার হিসেবে দাপট দেখালেও তিনি কেরিয়ারের প্রায় শেষ প্রান্তে। আইপিএলে অভিষেক হতে পারে মাইকেল ব্রেসওয়েলের।
সম্ভাব্য একাদশ: ফাফ ডু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, মহীপাল লোমরোর, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, মাইকেল ব্রেসওয়েল, দীনেশ কার্তিক (উইকেটকিপার), কর্ণ শর্মা, হার্শাল প্যাটেল, রিস টপ্লে, মহম্মদ সিরাজ।
মুম্বাই ইন্ডিয়ান্স
গত বছরের ব্যর্থ মরসুমের পরে নজর থাকবে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রত্যাবর্তনের দিকে। ক্যামেরন গ্রিনের অন্তর্ভুক্তি দলের সাফল্যে অবদান রাখতে পারে। সেই সঙ্গে পেস বিভাগে থাকছেন জোফ্রা আর্চারও। তবে জাসপ্রিত বুমরাহর অবর্তমানে ভারতীয় পেসারদের নিয়ে ভুগতে পারে এমআই। দলের স্পিনাররা তুলনামূলকভাবে অনভিজ্ঞ হওয়ায় চাপ থাকবে তাঁদের উপরেও।
সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষান (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, টিম ডেভিড, হৃতিক শোকিন, জোফ্রা আর্চার, কুমার কার্তিকেয়া, আরশাদ খান, জেসন বেহ্রেনডর্ফ।
হেড-টু-হেড
ম্যাচ – ৩০ | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – ১৩ | মুম্বাই ইন্ডিয়ান্স – ১৭
সম্প্রচারের বিবরণ
ম্যাচের সময় – ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০
টিভি সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ স্ট্রিমিং – জিওসিনেমা অ্যাপ