আইপিএল ২০২৩: ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের রেকর্ড এবং পরিসংখ্যান

Eden Gardens
Eden Gardens. (Photo by Jan Kruger-ICC/ICC via Getty Images)

৩১শে মার্চ থেকে আইপিএলের ১৬তম মরসুম শুরু হতে চলেছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দল এবং গতবারের শিরোপা জয়ী গুজরাট টাইটান্স (জিটি) মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন এবং চারবারের শিরোপা জয়ী চেন্নাই সুপার কিংস (সিএসকে) মুখোমুখি হবে। ১লা এপ্রিল নীতিশ রানার নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবারের আইপিএলের দ্বিতীয় ম্যাচে শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন পঞ্জাব কিংসের (পিবিকেএস) মুখোমুখি হবে। ৬ই এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে খেলতে নামবে কেকেআর।

এবারের আইপিএলের আগে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের রেকর্ডগুলির সম্পর্কে জেনে নেওয়া যাক। ইডেন গার্ডেন্সে কেকেআরের সর্বোচ্চ রান হল ২৩২। ২০১৯ সালের মরসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তারা এই রেকর্ডটি করে। সেই বছরই কিংস XI পঞ্জাবের (বর্তমানে পঞ্জাব কিংস) বিরুদ্ধে ইডেনে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ রান (২১৮) করেছিল কেকেআর। আইপিএলের সর্বনিম্ন স্কোর হল ৪৯ রান। ইডেনেই আরসিবিকে ব্যাটিং লাইন-আপকে ধরাশায়ী করে এই রেকর্ড করেছিল কেকেআর।

কেকেআরের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর হলেন ইডেন গার্ডেন্সে সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যান। তিনি ইডেনে মোট ১৪০৭ রান করেছেন। এরপরেই রয়েছে রবিন উথাপ্পার (১১৫৯ রান) নাম। ইডেন গার্ডেন্সের পিচে স্পিনাররা অনেক সুবিধা পান। সেই কারণেই ইডেন গার্ডেন্সে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় প্ৰথম দুজনই স্পিনার। সুনীল নারিন এবং পীযুষ চাওলা ইডেনে যথাক্রমে ৫৬টি এবং ৪১টি উইকেট নিয়েছেন।

আইপিএলে ইডেন গার্ডেন্সে এক ইনিংসে ব্যক্তিগত সেরা বোলিং পরিসংখ্যান

আইপিএলে ইডেন গার্ডেন্সে এক ইনিংসে ব্যক্তিগত সেরা বোলিং পরিসংখ্যানের রেকর্ডের তালিকায় প্ৰথম পাঁচজনই হলেন কেকেআরের খেলোয়াড়। সুনীল নারিনের নাম সবার প্রথমে রয়েছে। তিনি ২০১২ সালে কিংস XI পঞ্জাবের বিরুদ্ধে মাত্র ১৯ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন। এরপরেই রয়েছেন রাওলপিন্ডি এক্সপ্রেস শোয়েব আখতার। তিনি আইপিএলের উদ্বোধনী মরসুমে দিল্লি ডেয়ারিডেভিলসের (বর্তমানে দিল্লি ক্যাপিটালস) বিরুদ্ধে ১১ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন।

তৃতীয়, চতুর্থ দুটি স্থানেই সুনীল নারিনের নাম এবং পঞ্চম স্থানে শ্রীলঙ্কান ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউসের নাম রয়েছে। ২০১৩ এবং ২০১৫ সালে সুনীল নারিন যথাক্রমে দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে ১৩ রানে ৪ উইকেট এবং কিংস XI পঞ্জাবের বিরুদ্ধে ১৯ রানে ৪ উইকেট নিয়েছিলেন। ২০১০ সালে অ্যাঞ্জেলো ম্যাথিউস আরসিবির বিরুদ্ধে ১৯ রানে ৪ উইকেট নিয়েছিলেন। ইডেন গার্ডেন্সে এবারের আইপিএলে কেকেআর নতুন কোনো রেকর্ড করে কিনা সেটাই এখন দেখার বিষয়।

 

 

 

close whatsapp