আন্দ্রে রাসেল ও সুনীল নারিন – দুই বিশ্বস্ত নাইট কি কেকেআরকে তৃতীয় শিরোপা জেতাতে পারবেন?
আসন্ন আইপিএলে কেকেআরের প্রধান দুই নির্ভরযোগ্য খেলোয়াড় রাসেল ও নারিন
আপডেট করা - Mar 30, 2023 2:41 pm

আন্দ্রে রাসেল ও সুনীল নারিন – ওয়েস্ট ইন্ডিজের দুই তারকা ক্রিকেটারের উপর ভরসা করে কেকেআর অনেক ম্যাচ জিতেছে। আইপিএল ২০১২-তে নারিনকে কেকেআর যখন $৭ লাখ ডলারে কিনেছিল, তখন অনেকের মনেই প্রশ্ন জেগেছিল যে তথাকথিত অনামী এক ক্রিকেটারের জন্য কেন এই বিশাল পরিমাণ অর্থ ব্যয় করল ফ্র্যাঞ্চাইজি। তবে ক্যারিবিয়ান স্পিনার আইপিএলে তাঁর প্রথম মরসুমেই ২৪ উইকেট তুলে প্রমাণ করে দিয়েছিলেন যে কেকেআর তাঁর পিছনে এই বিপুল অর্থ খরচ করে ভুল করেনি।
আইপিএল ২০১৪ মেগা-নিলামে রাসেলকে ৬০ লাখ টাকার বিনিময়ে কিনেছিল কেকেআর। সেই মরসুমে চোটের কারণে দুটির বেশী ম্যাচ খেলতে না পারলেও ২০১৫ মরসুমে বিধ্বংসী মেজাজে ছিলেন তিনি ১৯২.৮৯ স্ট্রাইক রেটে ৩২৬ রান করার পাশাপাশি ১৪ উইকেট নিয়েছিলেন। ব্যাটে-বলে তাকলাগানো পারফর্ম্যান্সের পুরস্কার হিসেবে রাসেলকে সেই মরসুমের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নির্বাচন করা হয়েছিল।
কেন ও কীভাবে রাসেল, নারিন হয়ে উঠতে পারেন কেকেআরের তুরুপের তাস?
এরপর থেকে নারিন ও রাসেল দুজনেই ধারাবাহিকভাবে পারফর্ম করে গেছেন কেকেআরের হয়ে। ২০১৪-র পর থেকে নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হতে না পারলেও রাসেল ও নারিনের অবদান কমে যায়নি। আইপিএল ২০১৮-তে নারিন ও তার পরের বছরে রাসেল দ্বিতীয়বারের জন্য মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নির্বাচিত হন। ব্যক্তিগতভাবে এই দুই খেলোয়াড় তাঁদের সেরা পারফর্ম্যান্স দিলেও দলগতভাবে নাইট রাইডার্স কাঙ্ক্ষিত সাফল্য পায়নি।
তবে আসন্ন মরসুমে সেই ধারা বদলাতে পারে। রাসেলকে মূলত ফিনিশার হিসেবে কেকেআর ব্যবহার করলেও, ক্যারিবিয়ান পাওার-হিটার এর আগে বেশ কয়েকবার ব্যাটিং ক্রমের উপরের দিকে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এই মরসুমে অবশেষে সেই সুযোগ পেতে পারেন রাসেল।
নির্ভরযোগ্য ব্যাটার শ্রেয়াস আইয়ার আইপিএলের বেশ কিছু ম্যাচ থেকে বাদ পড়ে যাওয়ায়, কেকেআরের ব্যাটিংকে কিছুটা দুর্বল দেখাচ্ছে। সেই দুর্বলতা কাটানোর জন্য চন্দ্রকান্ত পণ্ডিতের প্রশিক্ষণাধীন দল রাসেলকে ব্যাটিং ক্রমের উপরের দিকে পাঠাতে পারে। সেক্ষেত্রে রাসেল বেশী ডেলিভারি খেলার সুযোগ পাবেন এবং তিনি যদি বড় ইনিংস খেলার জন্য উপযুক্ত সময় পান, তবে বিশাল স্কোর তুলে ফেলতে কেকেআরের বিশেষ সমস্যা হবে না।
অন্যদিকে সুনীল নারিনকে কেকেআর ম্যানেজমেন্ট কীভাবে ব্যবহার করবে সেইদিকে নজর থাকবে। পাওয়ারপ্লে, মিডল ওভার, ডেথ ওভার – ইনিংসের যেকোনো পর্বেই কার্যকরী বোলিং করতে পারেন নারিন। এই মরসুমে নারিন ছাড়াও কেকেআরের স্পিন বিভাগে আছেন শাকিব আল হাসান ও বরুণ চক্রবর্তী। অধিনায়ক নীতীশ রানা যদি শাকিব ও বরুণকে শুরুর দিকে বোলিং করানোর কথা ভাবেন, সেক্ষেত্রে নারিনকে ডেথ ওভারে অন্তত দুই ওভার করানো সম্ভব। শেষের দিকের ওভারগুলিতে নারিন যদি বিপক্ষকে বড় শট খেলা থেকে আটকে দিতে পারেন, তবে কেকেআরের ব্যাটিং লাইন-আপের উপরে চাপ কমবে।
নারিনের ব্যাটিংকেও কাজে লাগাতে চায়বেন চন্দ্রকান্ত ও নীতীশ। ওপেনার হিসেবে না খেলালেও, মিডল ওভারে স্পিনের বিরুদ্ধে নারিনের ঝোড়ো ইনিংস ম্যাচের রাশ নাইট রাইডার্সের দিকে নিয়ে আসতে পারে। নারিন ও রাসেলকে কীভাবে ব্যবহার করবে নাইটদের ম্যানেজমেন্ট তার উপরে নির্ভর করবে দলের সাফল্য পাওয়া। যদি এই দুই তারকাকে কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব হয়, তবে তৃতীয়বারের জন্য আইপিএল শিরোপা জয়ের স্বপ্ন দেখতেই পারেন কেকেআর সমর্থকরা।