আইপিএল ২০২৩: ভারতে সম্প্রচার হবে কোন টিভি চ্যানেল ও লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্মে
আইপিএলের সম্প্রচার সংক্রান্ত যাবতীয় তথ্য জানুন
আপডেট করা - Mar 30, 2023 1:29 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম সংস্করণটি ৩১শে মার্চ, শুক্রবার, থেকে শুরু হতে চলেছে, যেখানে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে। গত বছর নবম স্থানে থাকার পরে চেন্নাই সুপার কিংস তাদের স্কোয়াড পুনর্গঠন করেছে এবং এমএস ধোনির নেতৃত্বাধীন দল একটি জয়ের লক্ষ্যে থাকবে। অন্যদিকে টাইটান্স গত বছরের সাফল্য বজায় রেখে ঘরের মাঠে তাদের প্রথম ম্যাচ জয়ের আশা করবে।
আইপিএলে এক বছরের বিরতির পরে নতুন মরসুমে বেন স্টোকস ও স্যাম কারান ফিরে আসছেন। এই বছরে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি এই দুই ইংলিশ ক্রিকেটারকে চুক্তিবদ্ধ করার জন্য আগ্রহ দেখিয়েছিলেন এবং আইপিএল নিলামের ইতিহাসে স্যাম কারান শেষ পর্যন্ত প্রতিযোগিতার সবচেয়ে ব্যয়বহুল খেলোয়াড় হিসাবে আবির্ভূত হন। পাঞ্জাব কিংস ১৮.৫০ কোটি টাকায় বাঁ-হাতি অলরাউন্ডারকে চুক্তিবদ্ধ করেছিল। স্টোকসের জন্য চেন্নাই সুপার কিংস ১৬.২৫ কোটি টাকা খরচ করেছিল।
এই বছর টুর্নামেন্টে একাধিক নতুন অধিনায়ককেও দেখা যাবে। সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের অধিনায়ক কেন উইলিয়ামসনকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এবং SA20 লিগের উদ্বোধনী সংস্করণে শিরোপাজয়ী অধিনায়ক দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করামকে নতুন নেতা হিসাবে ঘোষণা করেছে। অন্যদিকে, আহত শ্রেয়াস আইয়ারের অনুপস্থিতির কারণে কলকাতা নাইট রাইডার্স তাদের অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে নীতীশ রানাকে মনোনীত করেছে। গত বছর গাড়ি দুর্ঘটনায় আহত হওয়া দিল্লি ক্যাপিটালসের নিয়মিত অধিনায়ক ঋষভ পান্তের জায়গায় ডেভিড ওয়ার্নার নেতৃত্ব দেবেন।
আইপিএল নিলামের আগে ফ্র্যাঞ্চাইজি মায়াঙ্ক আগরওয়ালকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তিনি চলে যাওয়ায় শিখর ধাওয়ান পাঞ্জাব কিংসের অধিনায়ক হয়েছেন। তিনি অতীতে সানরাইজার্স হায়দ্রাবাদের নেতৃত্ব দিয়েছিলেন তবে এবারের চ্যালেঞ্জটি ভিন্ন হবে কারণ পাঞ্জাব কিংস গত আট বছর ধরে প্লে-অফের জন্য যোগ্যতা অর্জন করতে পারেনি।
এমন একটি টানটান, উত্তেজক লিগ ক্রিকেট-পাগল ভারতীয় ফ্যানরা কোথায় দেখতে পাবেন? এখানে রইল সমস্ত তথ্য –
ভারতে টেলিভিশনে আইপিএল ২০২৩ কোথায় দেখতে পাবেন?
আইপিএল ২০২৩-এর সমস্ত ম্যাচ ভারতের স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ১ এইচডি, স্টার স্পোর্টস ৩ এবং স্টার স্পোর্টস ৩ এইচডি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।
আইপিএল ২০২৩ লাইভ স্ট্রিমিং কোথায় দেখবেন?
আইপিএল ২০২৩-এর লাইভ স্ট্রিমিং জিওসিনেমাতে দেখা যাবে।
আইপিএল ২০২৩-এর আঞ্চলিক টেলিকাস্ট কোথায় দেখবেন?
স্টার ইন্ডিয়ার বিভিন্ন চ্যানেলে সমগ্র আইপিএল টুর্নামেন্ট হিন্দি, তামিল, তেলুগু, বাংলা, গুজরাতি, মালয়ালম, মারাঠি, কন্নড়সহ একাধিক আঞ্চলিক ভাষায় সরাসরি সম্প্রচার করা হবে।
আইপিএল ২০২৩-এর আঞ্চলিক লাইভ স্ট্রিমিং কোথায় দেখবেন?
জিওসিনেমা অ্যাপে মোট ১২টি ভাষায় নতুন মরসুম দেখা যাবে।