“ভারত সফরের সময় সূচী কঠিন ছিল” – নিউজিল্যান্ডের সিরিজ হার প্রসঙ্গে ব্রেন্ডন ম্যাককালাম

মার্টিন গাপটিল ছাড়া বাকীদের পারফর্ম্যান্স দেখে অখুশি

Brendon McCullum
Brendon McCullum. (Photo Source: IPL/BCCI)

নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ব্ল্যাক ক্যাপদের পতনের প্রধান কারণ হিসাবে কঠিন সময়সূচীকে দায়ী করেছেন। তবে সূচীকে দায়ী করলেও তিনি তাঁর দেশের ক্রিকেট দলের হতাশাজনক পারফর্ম্যান্স নিয়ে চুপ করে থাকেননি।   

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে পরাজিত করা কিউইরা সদ্য নিযুক্ত টি-২০ অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে একটি অনভিজ্ঞ ভারতীয় দলের বিরুদ্ধে সম্পূর্ণ আত্মসমর্পণ করেছে এই সিরিজে। 

ব্ল্যাক ক্যাপস হতাশাজনক পারফর্ম্যান্স করেছে, মনে করেন কেকেআর কোচ ব্রেন্ডন ম্যাককালাম 

কঠোর সময়সূচী ছিল মেনে নিয়েও, ব্রেন্ডন ম্যাককালাম বলেছিলেন যে নিউজিল্যান্ড ভারতে তাদের পারফরম্যান্সের ফলে হতাশ হবে। ‘এসইএনজেড ব্রেকফাস্ট’-এর সাথে কথা বলতে গিয়ে, প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার বলেছেন, “ব্ল্যাক ক্যাপস হতাশাজনক পারফর্ম্যান্স করেছে। তাদের জন্য ভারত সফরের সময় সূচী কঠিন ছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল থেকে সরাসরি ভারতে যাওয়া এবং সেখানে একটি দলের সাথে লড়াই করা। তবে তারা তাদের পারফর্ম্যান্সে হতাশ হবে। কোন সন্দেহ নেই।” 

দুবাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে হাই-প্রোফাইল ট-২০ বিশ্বকাপ ফাইনাল-সহ নিউজিল্যান্ড আট দিনে চারটি ম্যাচ খেলেছে। ফাইনালের পরের দিনই তারা ভারতে যাত্রা করে। তারপরে একদিনের ব্যবধানে তিনটি ম্যাচ খেলতে হয় তাদের। 

নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন ছাড়া খেলতে নেমে নিউজিল্যান্ড দল তিনটি ম্যাচেই স্বাগতিকদের বিরুদ্ধে কোন রকম প্রতিরোধ খাড়া করতে পারেনি। সিরিজ শুরুর আগে অলরাউন্ডার কাইল জেমিসনও সিরিজ থেকে সরে দাঁড়ান। 

একমাত্র ওপেনার মার্টিন গাপটিলই টপ-অর্ডারে ব্যাট হাতে কিছুটা আশার আলো দেখিয়েছিলেন, কিন্তু কিউইদের জয়ের পথ দেখাতে তা যথেষ্ট ছিল না। বোলিংয়ে টিম সাউদি, মিচেল স্যান্টনার মাঝেমধ্যে ভালো পারফর্ম করলেও দল হিসেবে নিউজিল্যান্ড কখনই ভারতকে বিপদে ফেলতে পারেনি। 

ব্রেন্ডন ম্যাককালাম বলেন, “সত্যি বলতে কী খুব বেশি ক্রিকেটার তাঁদের প্রতিভার প্রতি সুবিচার করেনি। আমার মতে শুধুমাত্র (মার্টিন) গাপটিলই এই সফর থেকে ফেরার সময় সন্তুষ্ট মনে দেশে ফিরবে কারণ একমাত্র ওই সুযোগের সদ্ব্যবহার করেছিল।”

গাপটিল তিনটি ম্যাচে ১৫২ রান সংগ্রহ করেছিলেন, যার মধ্যে দুটি হাফ সেঞ্চুরি ছিল, কিন্তু তার সতীর্থদের থেকে কখনই উপযুক্ত সমর্থন পান নি। 

২৫শে নভেম্বর থেকে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে ভারত ও নিউজিল্যান্ড টেস্ট সিরিজে মুখোমুখি হচ্ছে।

close whatsapp