সিরিজ জিতে উঠে রাহুল দ্রাবিড় বললেন দলকে বাস্তববাদী হতে হবে

মাটিতে পা রেখে চলার ব্যাপারে সতর্ক ভারতীয় কোচ

Rahul Dravid
Rahul Dravid. (Photo by Tony Marshall/Getty Images)

টিম ইন্ডিয়ার প্রধান কোচ রাহুল দ্রাবিড় বলেছেন যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় আশাপ্রদ হলেও, ফলাফল সম্পর্কে তাঁদের ‘বাস্তববাদী’ হতে হবে। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে নিউজিল্যান্ড হেরে যাওয়ার মাত্র তিন দিন পর ভারতে সিরিজ শুরু হয়েছিল। ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ক্লান্ত কিউয়ি দলকে পেয়ে ভারত একপ্রকার গুঁড়িয়ে দিয়ে ৩-০ ব্যবধানে জিতেছে।   

মাটিতে পা রেখে সিরিজ জয় সম্পর্কে বাস্তববাদী হতে হবে, মনে করেন দ্রাবিড়

টিম ইন্ডিয়ার কোচ হিসাবে তাঁর প্রথম সিরিজ জয় সম্পর্কে দ্রাবিড় প্রেস কনফারেন্সে বলেছেন যে সিরিজ জয়টিকে পারিপার্শ্বিক প্রেক্ষাপট দিয়ে বিচার করতে হবে। তিনি বলেন, “এটা সত্যিই একটা ভালো সিরিজ জয় ছিল। সবাই সিরিজে সত্যিই ভালো খেলেছে। ভালো শুরু করতে পেরে ভালো লাগছে। তবে আমরা বাস্তববাদী। আমাদের মাটিতে পা রাখতে হবে এবং এই জয়ের ব্যাপারে বাস্তববাদী হতে হবে।”  

দ্রাবিড় নিউজিল্যান্ডের প্রতি সহানুভূতি দেখিয়ে স্বীকার করেছেন যে টি-টোয়েন্টি বিশ্বকাপের সমাপ্তির পরপরই সিরিজটি খেলা তাদের পক্ষে সহজ ছিল না। দ্রাবিড় বলেছেন, “নিউজিল্যান্ডের পক্ষে বিশ্বকাপের ফাইনাল খেলা এবং তারপরে তিন দিন পরে এখানে এসে ছয় দিনে তিনটি ম্যাচ খেলা তাদের পক্ষে কখনই সহজ ছিল না। আমাদের দৃষ্টিকোণ থেকে সিরিজ জয় চমৎকার ছিল তবে আমাদের এই সিরিজ থেকে শিখতে হবে এবং এগিয়ে যেতে হবে। আগামী দুই বছর একটি দীর্ঘ যাত্রা অপেক্ষা করছে এবং উত্থান ও পতন, দুটিরই সাক্ষী থাকতে হবে আমাদের।”   

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ভারতের দাপট ছিল। প্রথম দুটি খেলা যথাক্রমে পাঁচ এবং সাত উইকেটে জেতার পর, তারা কলকাতায় শেষ টি-টোয়েন্টিতে কিউয়িদের ৭৩ রানে হারিয়ে ক্লিন সুইপ সম্পূর্ণ করেছে। 

বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাডেজার মতো সিনিয়রদের বিশ্রাম দেওয়ায়,আইপিএল ২০২১-এ সফল হওয়া ভেঙ্কটেশ আইয়ার, হর্ষল পাটেলদের আন্তর্জাতিক অভিষেক করার সুযোগ মেলে। 

হর্ষল তাঁর অভিষেক ম্যাচেই ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পান, ভেঙ্কটেশও ভদ্রস্থ পারফর্ম্যান্স করেছেন। 

তরুণদের পারফরম্যান্স সম্পর্কে দ্রাবিড় বলেছেন, “কয়েকজন তরুণকে উঠে আসতে দেখে সত্যিই ভালো লেগেছে। আমরা এমন কিছু ছেলেকে সুযোগ দিয়েছি যারা গত কয়েক মাস ধরে খুব বেশি ক্রিকেট খেলেনি। আমরা কিছু কোয়ালিটি ক্রিকেটার পেয়েছি এবং এগিয়ে যাওয়ার সাথে সাথে তাদের দক্ষতাগুলিকে আরও উন্নত করতে হবে। পরবর্তী বিশ্বকাপের আগে আমাদের অনেক ম্যাচ খেলতে হবে, তাই অভিজ্ঞ ক্রিকেটাররা কতগুলো ম্যাচ খেলছে সেই দিকে নজর রাখতে হবে।”  

২৫শে নভেম্বর থেকে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে দুই দলের মধ্যে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। 

close whatsapp