গৌতম গম্ভীর চান না রাহুল দ্রাবিড়ের উপর অতিরিক্ত প্রত্যাশার চাপ আসুক
দ্রাবিড়ের অধীনে ভারতীয় ক্রিকেটে নতুন যুগ শুরু হবে বলে আশাবাদী গম্ভীর
আপডেট করা - Nov 19, 2021 3:10 pm

ভারতের প্রাক্তন ওপেনিং ব্যাটার গৌতম গম্ভীর রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে টিম ইন্ডিয়ার সম্ভাবনা নিয়ে আশাবাদী। কিন্তু একই সময়ে, তিনি চান না যে সবাই তাঁর উপর অতিরিক্ত প্রত্যাশা রাখুক।
জয়পুরে তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মেন ইন ব্লু নিউজিল্যান্ডকে পরাজিত করার মধ্য দিয়ে দ্রাবিড় ভারতীয় সিনিয়র দলে তাঁর কোচিং জীবন শুরু করেছিলেন।
রাহুল দ্রাবিড় রবি শাস্ত্রীর কাছ থেকে কোচিংয়ের দায়িত্ব নেন, যাঁর চুক্তি সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে শেষ হয়ে গিয়েছিল। ভারতীয় যুব দলের সঙ্গে দীর্ঘদিন জড়িয়ে থাকা দ্রাবিড় বরাবরই ভারতের প্রধান কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন।
আমাদের প্রত্যাশাগুলিকে যুক্তিসঙ্গত রাখা গুরুত্বপূর্ণ, বলেছেন গৌতম গম্ভীর
স্পোর্টস তাকের সাথে কথা বলার সময়, গম্ভীর বলেছেন, “আমি আশা করি এবং প্রার্থনা করি যে এই যুগটি ভারতীয় ক্রিকেটের কাছে সফল হবে, তবে এটি গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের প্রত্যাশাগুলিও যুক্তিসঙ্গত রাখি৷ এটি এমন নয় যে একদিন বা একটি সিরিজেই সবকিছু বদলে যাবে৷ কিন্তু, রোহিত শর্মার শান্ত স্বভাবের সাথে রাহুল দ্রাবিড়ের যে অভিজ্ঞতা আছে, তার মেলবন্ধন হলে এবং দ্রাবিড় তাঁর বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা এবং শৃঙ্খলা দলের সদস্যদের সঙ্গে ভাগ করে নিলে, নিঃসন্দেহে এই যুগটি দুর্দান্ত হবে ভারতীয় ক্রিকেটের জন্য।”
রাহুল দ্রাবিড় এই বছরের শুরুতে শ্রীলঙ্কা সফরের সময় দ্বিতীয় সারির ভারতীয় দলের কোচ ছিলেন। ভারতীয় দলের বায়ো-বাবলে কোভিড প্রাদুর্ভাবের ফলে ভারত টি-টোয়েন্টি সিরিজ হারলেও দলটি ওডিআই সিরিজ জিতেছিল।
যদিও ভারত গত এক দশকে দ্বিপাক্ষিক সিরিজে তাদের দক্ষতা প্রমাণ করেছে, তবে তারা সেই ফর্মটিকে আইসিসি টুর্নামেন্টে রূপান্তর করতে পারেনি। আইসিসি টুর্নামেন্টে সাফল্য এনে দিতে পারে এমন প্রতিভাবান খেলোয়াড়দের একটি বড় গ্রুপ রাহুল দ্রাবিড়ের কাছে রয়েছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এক বছরেরও কম সময় বাকি। এর মধ্যেই দ্রাবিড়কে দল গুছিয়ে নিতে হবে। উল্লেখ্য, ভারতের অনূর্ধ্ব-১৯ দলের কোচ থাকার সময় দ্রাবিড় ২০১৮ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতেন।
শুক্রবার রাঁচিতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্ল্যাকক্যাপদের মুখোমুখি হতে চলা দ্রাবিড়বাহিনীর লক্ষ্য থাকবে আরও একটি জয় তুলে নিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জেতা।