তৃতীয় টি-টোয়েন্টিতে ইডেন বেল বাজাবেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী
লর্ডস বেলের আদলে তৈরী এই ঘণ্টাটি এখন ইডেনের ঐতিহ্যের একটি অংশ
আপডেট করা - Nov 19, 2021 11:40 am

২১শে নভেম্বর ২০২্ রবিবার, কলকাতার আইকনিক ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে ৩য় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। এই ম্যাচের আগে, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি, সৌরভ গাঙ্গুলী দুই পক্ষের মধ্যে তৃতীয় টি-টোয়েন্টি শুরুর ইঙ্গিত দেওয়ার জন্য বিখ্যাত ইডেন বেল বাজাবেন।
ইডেন বেল উদ্বোধন করা হয় ২০১৬-র নভেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে
২০১৫ সালে সিএবি (ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল) সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই, ২০১৬ সালে ক্লাব হাউসের লোয়ার টিয়ারে ইডেন বেল বসিয়েছিলেন মহারাজ। ঐতিহ্যবাহী লর্ডস বেলের আদলে এই ইডেন বেল বসানো হয়েছিল।
২০১৬ সালের নভেম্বরে ভারত বনাম নিউজিল্যান্ড টেস্টের সময় ইডেন বেলের উদ্বোধন করা হয়। প্রথমবার বেল বাজিয়েছিলেন কপিল দেব। এরপর সুনীল গাভাস্কার, নাসের হুসেন, মহম্মদ আজহারউদ্দিনদেরও এই ঘণ্টা বাজানোর দায়িত্ব দেওয়া হয়। ক্রিকেটের আঙিনার বাইরের ব্যক্তিত্বদেরও এই ঘণ্টা বাজাতে দেখা এক্সায়। দাবাড়ু বিশ্বনাথন আনন্দ, ম্যাগনাস কার্লসেন পর্যন্ত ইডেন বেল বাজিয়েছিলেন। ২০১৯-এর ভারত বনাম বাংলাদেশ গোলাপি বলের টেস্টের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও উক্ত কাজে দেখা গিয়েছিল।
তিন ম্যাচের সিরিজে বর্তমানে ভারত ১-০ তে এগিয়ে আছে। প্রথম টি-টোয়েন্টিতে, রোহিত শর্মা এবং তাঁর সতীর্থরা দাপটের সঙ্গে তাদের প্রতিপক্ষকে পরাস্ত করেছিল। কিউইরা তাদের ২০ ওভারের কোটায় মোট ১৬৪/৬ রানে শেষ করেছিল।
ভারতীয় দল ৫ উইকেট এবং ২ ডেলিভারি বাকি থাকতেই সেই রান অতিক্রম করে। সূর্যকুমার যাদব ব্যাট হাতে দুর্দান্ত ৪০ বলে ৬২ রান করে ভারতকে জয়ের পথে নিয়ে যান।
বাংলার ক্রীড়াজগতের সর্বকালের সেরাদের একজন সৌরভ গাঙ্গুলী
বর্তমান বিসিসিআই সভাপতি এবং প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী পশ্চিমবঙ্গের ক্রীড়া ব্যক্তিত্বদের মধ্যে সর্বকালের সেরাদের একজন। ১৬ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে, ‘কলকাতার রাজপুত্র’ ১১৩টি টেস্ট এবং ৩১১টি ওয়ানডেতে ভারতের প্রতিনিধিত্ব করেছেন।
টেস্ট ম্যাচ ক্রিকেটে ৭২১২ রান তাঁর সংগ্রহে। ওয়ানডে ফরম্যাটে এই বাঁ হাতি ব্যাটার ১১৩৬৩ রান করেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি মোট ৩৮টি সেঞ্চুরি করেছেন।
তার অবসর গ্রহণের পর, ক্রিকেট কিংবদন্তি ধারাভাষ্য বাক্সে স্থানান্তরিত হন, তারপরে তিনি ক্রিকেট প্রশাসনে প্রবেশ করেন এবং বর্তমানে বিসিসিআই-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।