দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও জয় বজায় রাখতে মরিয়া গ্রেস হ্যারিস এবং ইউপি ওয়ারিয়র্জ
আপডেট করা - Mar 7, 2023 5:31 pm

ডাব্লুউপিএলের উদ্বোধনী মরসুমে গুজরাট জায়ান্টাসের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচেই শেষ ওভারে রুদ্ধশ্বাস জয় পেয়েছে ইউপি ওয়ারিয়র্জ। আর এই জয়ের পেছনে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন গ্রেস হ্যারিস। তার বিধ্বংসী ব্যাটিং ইউপিকে ১ বল বাকি থাকতেই জয় এনে দিয়েছে। গ্রেস হ্যারিস, কিরণ নভগিরে এবং সোফি একলেস্টোনের অসাধারণ ব্যাটিংয়ের সুবাদেই ৩ উইকেটে জয় পেয়েছে অ্যালিসা হিলির দল।
টুর্নামেন্টের শুরুতেই দুর্দান্ত জয় পাওয়ার পর হ্যারিস জানিয়েছেন, “প্রথম ম্যাচেই জয় পাওয়ার অভিজ্ঞতা অসাধারণ ছিল। ম্যাচটি খুবই রোমাঞ্চকর ছিল। ইউপি ওয়ারিয়র্জ একটু কঠিন পরিস্থিতির মধ্যে ছিল, কিন্তু আমরা সেখান থেকে দলকে জয়ের পথে নিয়ে যেতে পেরেছি সেটা আমাদের জন্য দুর্দান্ত ব্যাপার। ম্যাচের শেষে আমরা খুবই উচ্ছসিত ছিলাম।
সোফি একলেস্টোনের সাথে পার্টনারশিপ নিয়ে নিজের বক্তব্য জানালেন গ্রেস হ্যারিস
হ্যারিস এবং একলেস্টোন মিলে মাত্র ২৬ বলে ৭০ রানের একটি অসাধারণ পার্টনারশিপ করেন। তাদের এই পার্টনারশিপই দলকে জয় এনে দিতে সবথেকে বড়ো ভূমিকা পালন করেছে। এই ব্যাপারে হ্যারিস বলেন, “কোনও সময়েই আমরা ভাবিনি যে লক্ষ্য খুব বেশি দূরে ছিল এবং পরিস্থিতি যাই হোক না কেন আমরা সবসময় জয়ের জন্য নিশ্চিত ছিলাম। এই বিষয়ে টিম মিটিংয়েও আলোচনা করা হয়েছিল।”
হ্যারিস ২৬ বলে ৫৯ রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলেন। এই ইনিংসে ছিল ৭টি চার এবং ৩টি ছয়। তিনি সেই ম্যাচে গুজরাটের সবচেয়ে সফল বোলার কিম গার্থের শেষ ওভারে লং হ্যান্ডেলের ব্যবহার করে রানের গতিকে বাড়িয়ে দেন।
ইউপি ওয়ারিয়র্জ পরবর্তী ম্যাচ খেলতে নামবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। দিল্লি ক্যাপিটালসও ডাব্লুউপিএলে তাদের যাত্রা জয় দিয়েই শুরু করেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে তারা ৬০ রানে পরাজিত করে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৮ই মার্চ পরবর্তী ম্যাচ খেলতে নামবে ইউপি ওয়ারিয়র্জ।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পরের ম্যাচে খেলতে নামার ব্যাপারে হ্যারিস বলেন, “ইউপি ওয়ারিয়র্জ দুর্দান্তভাবে শুরু করেছে এবং আমাদের দলের মনোবল বর্তমানে উচ্চ সীমায় রয়েছে। আমরা এইভাবেই চালিয়ে যেতে চাই এবং যখন আমরা দিল্লি ক্যাপিটালস দলের মুখোমুখি হব, আমরা আমাদের সেরাটা দিতে চাই। নিঃসন্দেহে এটি একটি কঠিন ম্যাচ হবে কারণ প্রতিযোগিতার সমস্ত দলই শক্তিশালী, তবে আমরা বলেছি যে আমরা সব ধরণের পরিস্থিতির জন্য প্রস্তুত এবং একটি দল হিসাবে আমাদের পরিকল্পনাগুলি সঠিকভাবে কার্যকর করার ক্ষমতার উপর আমরা আত্মবিশ্বাসী।”