মহিলাদের আইপিএল: দল কিনতে আগ্রহ দেখাল পুরুষদের আইপিএলের আটটি ফ্র্যাঞ্চাইজি
কারা জিতল বিড, জানা যাবে ২৫শে জানুয়ারি
আপডেট করা - Jan 14, 2023 4:17 pm

পুরুষদের আইপিএলের দশটির মধ্যে আটটি ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষ মহিলাদের আইপিএল (ডাব্লিউআইপিএল)-এর জন্য তাদের বিড জমা দিয়েছে। ইএসপিএনক্রিকইনফোর একটি প্রতিবেদন অনুসারে, শুধুমাত্র দুটি দল – লখনউ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – নিশ্চিত করেনি যে তারা বিড জমা দিয়েছে কিনা। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ২৫শে জানুয়ারি বিজয়ীদের নাম ঘোষণা করবে।
ইএসপিএনক্রিকইনফো নিশ্চিত করেছে যে মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দ্রাবাদ, পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস এবং বর্তমানে আইপিএল চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স বিড জমা দিয়েছে। যদিও কেবল আইপিএল দলগুলিই বিড জমা দেয়নি। ক্রিকবাজের একটি প্রতিবেদন দাবি করেছে যে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিক আভ্রাম গ্লেজারও আগ্রহী হয়েছেন মহিলাদের আইপিএলে দল কিনতে।
মোট পাঁচটি শহরের দল বিক্রি হবে প্রাথমিক পর্যায়ে
৩রা জানুয়ারি দরপত্রের আমন্ত্রণ (ITT) জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল বোর্ড, এবং আগ্রহী দরদাতাদের ১৩ই জানুয়ারির মধ্যে প্রক্রিয়া সংক্রান্ত তাদের যাবতীয় প্রশ্ন জমা দিতে বলা হয়েছিল। মূল্যায়নের জন্য টেকনিক্যাল বিড জমা দেওয়ার সময়সীমা রাখা হয়েছে ২৩শে জানুয়ারি। মুম্বাই-ভিত্তিক আইন সংস্থা আরগাস পার্টনার্সের সাহচর্যে বিসিসিআই পুরো প্রক্রিয়াটি পরিচালনা করবে, ইএসপিএনক্রিকইনফোর রিপোর্টে বলা হয়েছে।
বিসিসিআই টেন্ডারে দশটি ভারতীয় শহরকে তালিকাভুক্ত করেছে। ফ্র্যাঞ্চাইজির মালিক হতে আগ্রহী সংস্থাগুলি একাধিক শহরকে বাছাই করতে পারে। কোনো ভিত্তি মূল্য নির্ধারিত হয়নি এবং ১০ বছরের মেয়াদের জন্য বিড গ্রহণ করা হবে (২০২৩-৩২)। ৩১শে মার্চ ২০২২ সমকালে প্রত্যেক দরদাতার নিরীক্ষিত নেট মূল্য কমপক্ষে ১০০০ কোটি টাকা হতে হবে।
আইপিএলের ১৫তম সংস্করণের আগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিকপক্ষ পুরুষদের আইপিএলেও দল কিনতে আগ্রহী ছিল। সেইবার তারা ব্যর্থ হওয়ার পরে এবার মহিলাদের আইপিএল (ডাব্লিউআইপিএল)-এ একটি ফ্র্যাঞ্চাইজি কিনতে চাইছে। পুরুষের আইপিএলে জয়ী বিড দিয়েছিল সিভিসি ক্যাপিটালস (আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি) ও আরপিএসজি গ্রুপ (লখনউ ফ্র্যাঞ্চাইজি)।
ক্রিকবাজের সঙ্গে কথা বলার সময় গ্লেজার গোষ্ঠীর মালিকানাধীন ডেজার্ট ভাইপার্সের প্রতিনিধিদের একজন নিশ্চিত করেছেন যে আভ্রাম গ্লেজার আসন্ন লিগে একটি ফ্র্যাঞ্চাইজি কেনার জন্য অত্যন্ত আগ্রহী। অস্ট্রেলিয়ার মহিলা বিগ ব্যাশ লিগ, ইংল্যান্ডের মহিলাদের দ্য হান্ড্রেড, নিউ জিল্যান্ডের মহিলাদের সুপার স্ম্যাশের পরে আরও একটি উল্লেখযোগ্য মহিলাদের টি-২০ লিগ আয়োজন করতে আগ্রহী হয়েছে বিসিসিআই।