তৃতীয় টেস্টের প্রথম দিনে মাঠে দেখা গেল বিরাট কোহলির নাচের ঝলক

Virat Kohli
Virat Kohli (Image Source: Disney+Hotstar)

বিরাট কোহলিকে অনেকবারই মাঠে খোশমেজাজের সাথে নাচতে দেখা গেছে। সেই ঘটনারই আজ আবার পুনরাবৃত্তি ঘটল। বর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্টের প্রথম দিনে বিরাট কোহলির ইন্দোরের মাঠে নাচার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে। প্রথম দিন ভারতের ব্যাটিং এবং বোলিংয়ে বেশকিছু সমস্যা দেখা গেলেও বিরাট কোহলিকে নাচতে দেখে সেই মুহূর্তটিকে দর্শকরা যথেষ্ট উপভোগ করেছেন। অস্ট্রেলিয়ার ব্যাটিং চলাকালীন ১৩ ওভারের মাথায় এই ভঙ্গিমায় দেখা যায় বিরাটকে।

তবে বিরাট কোহলি ফিল্ডিং চলাকালীন নাচলেও ভারতীয় দলের আজকের দিনটা তেমন ভালো যায়নি। প্রথম দুই টেস্টে জয়লাভের পর অনেকটা আত্মবিশ্বাস নিয়ে তৃতীয় টেস্টে মাঠে নামলেও দিনের শেষে আত্মবিশ্বাসের সঙ্গে মাঠ স্টিভ স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। অস্ট্রেলীয় স্পিনারদের সামনে ভারতের কোনো ব্যাটসম্যানই টিকতে পারেননি। কোনো অর্ধশতরান তো দূর ৩০ রানের গন্ডিও কেউ টপকাতে পারেননি। ভারতীয় দলের হয়ে আজ সর্বোচ্চ রান করেছেন মাঠে নাচের ঝলক দেখানো বিরাট কোহলি। তাঁর ২২ রান এবং শুভমন গিলের ২১ রান বাদে সকলের রানই ২০-র নীচে। টপ অর্ডার হোক কি মিডিল অর্ডার সবাই ম্যাথিউ কুহনিম্যান এবং নাথান লিয়নের স্পিনের সামনে ধরাশায়ী হয়েছেন। সর্বোচ্চ রান করা বিরাট কোহলির উইকেটটি নিয়েছেন টড মারফি। শেষ চার ইনিংসে এই নিয়ে তৃতীয়বার মারফির শিকার হলেন বিরাট। বাকি ৯ উইকেটের মধ্যে কুহনিম্যানের ঝুলিতে ৫টি এবং নাথান লিয়নের ঝুলিতে ৩টি এবং শেষ ব্যাটসম্যান সিরাজ আউট হন।

অন্যদিকে পরপর দুটি টেস্টে পরাজয়ের মুখোমুখি হওয়ার পর অসাধারণ কামব্যাক করেছে অস্ট্রেলিয়া। বোলিংয়ে নিজেদের দাপট দেখানোর পর এই মুহূর্তে ব্যাটিংয়েও বেশ ভালো জায়গায় রয়েছে অস্ট্রেলিয়া। উসমান খাওয়াজার অর্ধশতরানের উপর ভর করে দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটে ১৫৬। খাওয়াজার পাশাপাশি ল্যাবুসেন ৩১ এবং স্টিভ স্মিথ ২৬ রান করে অস্ট্রেলিয়াকে একটি সুবিধাজনক জায়গায় পৌঁছাতে সাহায্য করেছে।

রবীন্দ্র জাদেজা বাদে বাকিরা এখনও পর্যন্ত উইকেট ফেলতে অসফল

প্রথম দুই টেস্টে জয়লাভের পর তৃতীয় টেস্টে কিছু পরিবর্তন করে মাঠে নেমেছিল ভারতীয় দল। কিন্তু প্রথম দিনের স্কোরবোর্ডের দিকে তাকালেই বোঝা যাচ্ছে তৃতীয় টেস্টে ভারত কতটা পিছিয়ে পড়েছে। অস্ট্রেলিয়ার ৪ উইকেটের মধ্যে সবকটিই নিয়েছেন রবীন্দ্র জাদেজা। ব্যাট হাতে অসফল হলেও বোলিংয়ে নিজের কামাল দেখিয়েছেন তিনি। দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার হাত থেকে ম্যাচের নিয়ন্ত্রণ ভারত ছিনিয়ে নিতে পারে কিনা এখন সেটাই দেখার।

https://twitter.com/NitinKu29561598/status/1630857746412367873?t=zrRYTRP-LQi9z008uey1hA&s=19

 

close whatsapp