দ্বিতীয় দ্রুততম অলরাউন্ডার হিসেবে টেস্টে ২৫০ উইকেট ও ২৫০০ রানের কৃতিত্ব জাডেজার

উসমান খোয়াজার উইকেট নিয়ে মাইলস্টোনে পৌঁছেছেন জাডেজা

Ravindra Jadeja
Ravindra Jadeja. (Photo Source: Twitter)

১৭ই ফেব্রুয়ারি, শুক্রবার, ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চলমান দিল্লি টেস্টে উসমান খোয়াজার উইকেট নেওয়ার পরে রবীন্দ্র জাডেজা টেস্ট ক্রিকেটে তাঁর ২৫০তম শিকার পূর্ণ করেছেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে অলরাউন্ডার হিসেবে দ্বিতীয় সর্বনিম্ন ম্যাচে ২৫০ উইকেট ও ২৫০০ রানের কৃতিত্ব দখল করেছেন জাডেজা।

এই মাসের শুরুতে নাগপুরে ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টে পাঁচ মাস পরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন জাডেজা। তিনি শেষবার টেস্ট খেলেছিলেন ২০২২-এর জুলাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে। নাগপুর টেস্টের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছিলেন জাডেজা। দ্বিতীয় ইনিংসে দুই উইকেট নেওয়ার পরে বাঁ-হাতি স্পিনারের ২৫০ উইকেট থেকে মাত্র একটি উইকেট দূরে ছিলেন।

অষ্টম ভারতীয় বোলার হিসেবে টেস্টে ২৫০ উইকেট জাডেজার

কেএল রাহুলের দুর্দান্ত ক্যাচ দিল্লিতে রবীন্দ্র জাডেজাকে মাইলফলক স্পর্শ করতে সহায়তা করেছিল। অস্ট্রেলিয়ার ইনিংসের ৪৬তম ওভারে জাডেজার রাউন্ড দ্য উইকেট ডেলিভারিকে উসমান খোয়াজা রিভার্স সুইপ করার চেষ্টা করেন। বলটি পয়েন্ট অঞ্চলে গিয়েছিল, যেখানে রাহুল দুর্দান্ত একটি ডাইভ মেরে শীর্ষ-মানের একটি ক্যাচ সম্পূর্ণ করেছিলেন।

অষ্টম ভারতীয় বোলার হিসেবে জাডেজা ২৫০ টেস্ট উইকেট পূর্ণ করেছেন। এর আগে বিষান সিং বেদি, কপিল দেব, অনিল কুম্বলে, হরভজন সিং, জাহির খান, রবিচন্দ্রন অশ্বিন ও ইশান্ত শর্মা ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে ২৫০ উইকেটের মাইলস্টোনে পৌঁছনোর কৃতিত্ব অর্জন করেছিলেন।

অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেটে শীর্ষ দলগুলির মধ্যে একটি, কিন্তু তাদের ব্যাটাররা রবীন্দ্র জাডেজাকে মোকাবিলা করতে কঠিন সময়ের মুখোমুখি হয়েছে। ভারতীয় অলরাউন্ডারের মোট ২৫০ উইকেটের মধ্যে ৭১টি এসেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪টি টেস্ট খেলেছেন এবং চারটি ইনিংস পাঁচ বা তার বেশী উইকেট শিকার করেছেন।

উসমান খোয়াজাকে জাডেজা আউট করার পরপরই, রবিচন্দ্রন অশ্বিন অ্যালেক্স ক্যারির উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলেছিলেন ১৬৮/৬ স্কোরে। তবে প্যাট কামিন্স ও পিটার হ্যান্ডসকম্বের পার্টনারশিপ অস্ট্রেলিয়াকে সাহায্য করেছে ২০০ রানের গণ্ডী টপকে যেতে।

close whatsapp