স্পিন মোকাবিলা করে সেঞ্চুরি করায় খুশি ডেভন কনওয়ে

১৩৮ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন কনওয়ে

Devon Conway
Devon Conway. (Photo Source: BCCI)

এই বছরের শেষের দিকে ভারতে আয়োজিত ওডিআই বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে উপমহাদেশে পাকিস্তান ও ভারতের বিরুদ্ধে খেলা দুটি ওডিআই সিরিজকে ব্যবহার করেছে নিউ জিল্যান্ড। ভারতের পিচে স্পিনারদের বিরুদ্ধে একজন ব্যাটার কেমনভাবে খেলছেন, তার উপর নির্ভর করে তাঁর সফল হওয়া। উপমহাদেশের দুই সিরিজে স্পিন মোকাবিলায় সুইপ এবং রিভার্স সুইপের প্রয়োগ সফলভাবে করায় খুশি হয়েছেন ওপেনার ডেভন কনওয়ে।

উপমহাদেশে এখনও অবধি সাফল্য ও ব্যর্থতা – উভয় অভিজ্ঞতায় হয়েছে নিউ জিল্যান্ডের। পাকিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজে ব্ল্যাকক্যাপ্স ২-১ ব্যবধানে জিতলেও ভারতের কাছে ০-৩ হোয়াইটওয়াশ হয়েছে। পাকিস্তানের বিপক্ষে ড্র হওয়া সিরিজে দুটি টেস্ট সেঞ্চুরি করেছিলেন কনওয়ে। তারপর ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ১৩৮ রান করেন। তিনি উভয় দেশের স্পিনারদের বিরুদ্ধেই সাফল্য পেয়েছেন।

আমাকে শিখতে হয়েছে কীভাবে সুইপ, রিভার্স সুইপ মারতে হয়: ডেভন কনওয়ে

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে কনওয়ে বলেছেন, “গত দেড় মাস ব্যক্তিগতভাবে যেভাবে পারফর্ম করেছি তাতে আমি অবশ্যই বেশ খুশি। আমার জন্য অনেক কিছু শেখার আছে, বিশেষ করে কীভাবে উপমহাদেশে স্পিনকে আক্রমণ করতে হয়। আমাকে শিখতে হয়েছে কীভাবে সুইপ করতে হয়, রিভার্স সুইপ করতে হয় এবং বোলারদের যতটা সম্ভব চাপে রাখতে হয়।”

৩১ বছর বয়সী ওপেনার ব্যাটিং ক্রমের শুরুতে দলকে নির্ভরতা দিতে সক্ষম হয়েছেন। টেস্ট অভিষেকে ডাবল সেঞ্চুরিসহ তিনটি ফর্ম্যাটেই ঈর্ষণীয় রেকর্ড রয়েছে কনওয়ের।

“আমি খুব ভাগ্যবান যে আমাদের গ্রুপে ভালো অভিজ্ঞতা আছে। পাকিস্তানে আমাদের সঙ্গে কেন ছিল। এর ফলে তার ও টম ল্যাথামের সঙ্গে কথা বলার সুযোগ পাই। তারা এখানে এই পরিস্থিতিতে আগেও খেলেছে – এবং তারা জানে কীভাবে এখানে খেলতে হয়। আমি অনেক কিছু শিখতে পারছি, বিশেষ করে বিশ্বকাপের আগে,” তিনি যোগ করেছেন।

ভারতের বিরুদ্ধে তৃতীয় ওডিআই কিউইদের জন্য প্রতিকূলতার সঙ্গে শুরু হয়েছিল কারণ রোহিত শর্মা ও শুবমান গিল ২১২ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েছিলেন এবং নিয়মিত ছক্কা ও চার মারছিলেন। অভিজ্ঞ পেস জুটি ট্রেন্ট বোল্ট এবং টিম সাউদির অনুপস্থিতিতে নিউ জিল্যান্ডের বোলাররা চাপের মুখে পড়েছিল।

“আজ আমাদের বোলারদের জন্য এটি একটি চ্যালেঞ্জ ছিল, এটি একটি ব্যাটিং পিচ ছিল। যেভাবে রোহিত ও শুবমান ব্যাটিং করেছিল তা আমাদের উপর গুরুতর চাপ সৃষ্টি করেছিল। আমরা শুধু সেখানে আটকে থাকার চেষ্টা করেছি এবং পার্টনারশিপ ভেঙে নতুন ব্যাটারের ওপর চাপ সৃষ্টি করেছিলাম। বোল্ট ও সাউদির অনুপস্থিতি আমাদের জন্য অএঙ্কটাই বেশী, তারা খুব অভিজ্ঞ বোলার। কিন্তু অন্য দিকে তরুণ বোলাররা শেখার সুযোগ পেল,” কনওয়ে বলেছেন।

close whatsapp