ভারতের রান ডিফেন্ড করার দুর্বলতার কথা মানতে নারাজ পরশ মাম্বরে
আপডেট করা - Jan 20, 2023 10:19 pm

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গিয়েছে ভারত। শনিার রায়পুরে সিরিজের দ্বিতীয় ম্যাচে নামতে চলেছে টিম ইন্ডিয়া। সেখানে জিততে পারলেই সিরিজ ভারতের পকেটে। কিন্তু তার আগে ভারতীয় দলের একটা দুর্বলতা নিয়েই নানান আলোচনা শুরু হয়েছে। বড় রান করলেও বারবারই দেখা গিয়েছে ভারতীয় দলকে হাড্ডহাড্ডি লড়াই করেই জিততে হয়েছে। সেই থেকেই ভারতের বড় রান ডিফেন্ড করা নিয়ে আরম্ভ হয়েছে নানান সমালোচনা। এবার তারই জবাব দিলেন দলের বোলিং কোচ পরশ মাম্বরে।
ভারত বড় রান করলেও সেই রান ডিফেন্ড করতে নাকি বারবারই ব্যর্থ হচ্ছে। এই জায়গাতেই নাকি টিম ইন্ডিয়ার সবচেয়ে বড় সমস্যা দেখা দিচ্ছে। প্রথম ম্যাচ শেষ হওয়ার পর এমনই একটা মন্তব্য করেছিলেন প্রাক্তন তারকা ক্রিকেটার সুনীল গাভাসকর। শুধু তিনিই নন, নানান সময়েই বিশেষজ্ঞদের মুখে এমন কথাবার্তা শোনা গিয়েছে। এই কথাই মানতে নারাজ ভারতীয় দলের বোলিং কোচ পরশ মাম্বরে। তাঁর মতে এর আগে বহু ম্যাচই ভারতীয় দল বড় রান ডিফেন্ড করে জিতেছে।
প্রথম ম্যাচে ৩৪৯ রান করেও মাত্র ১২ রানেই জিততে পেরেছিল ভারত
প্রথম ম্যাচেই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে বিরাট রান করেছিল টিম ইন্ডিয়া। শুভমন গিলের দ্বিশতরানে ভর করে সেই ম্যাচে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৩৪৯ রানে পৌঁছেছিল ভারতীয় দল। যদিও সেই ম্যাচ জিততে কিন্তু বেশ কষ্টই করতে হয়েছিল ভারতীয় শিবিরকে। বল হাতে শুরুটা ভাল করলেও, মিচেল স্যান্টনার এবং মাইকেল ব্রেসওয়েলের পার্টনারশিপটাই একসময় চিন্তা বাড়িয়েছিল ভারতীয় দলের। যদিও সেই ম্যাচ ১২ রানে জিতেছে টিম ইন্ডিয়া। এরপরই এমন মন্তব্য করেছিলেন প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা।
এই প্রসঙ্গেই ম্যাচের আগের দিন মুখ খুলেছেন পরশ মাম্বরে। তিনি জানিয়েছেন, “আমরা রান ডিফেন্ড করতে ব্যর্থ হই এই কথা মানতে একেবারেই নারাজ আমি। এর আগে বহু ম্যাচেই প্রথমে ব্যাটিং করে রান ডিফেন্ড করে জিতেছে ভারতীয় দল। কোনও খেলায় এমটা হতেই পারে। হায়দরাবদের পিচ খুবই ভাল ছিল সেই ম্যাচে। সেই পিচেই আমরা সেদিন করেছিলেন ৩৫০ রান। প্রতিপক্ষ শিবিরও যে রান করেবে এমনটাই প্রত্যাশা করেছিলাম আমরা সেদিন”।
রায়পুরে দ্বিতীয় ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল। এই ম্যাচ জিততে পারলেই সিরিজ জিতে নেবে টিম ইন্ডিয়া। তবে শোনাযাচ্ছে রায়পুরে নাকি গ্রীনটপ পিচেই খেলতে নামবে ভারতীয় দল। সেজন্যই বোলিং নিয়ে যে ভারতীয় শিবির একটু বেশীই সতর্ক তা বলার অপেক্ষা রাখে না। এই ম্যাচ জিতে টিম ইন্ডিয়া সিরিজ জিতে নিতে পারে কিনা সেটাই এখন দেখার।