প্রথম ওয়ানডেতে নেই ইশ সোধি, নিশ্চিত করেছেন কিউয়ি অধিনায়ক

সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে দুটি ওডিআই খেলে ৩ উইকেট নিয়েছিলেন সোধি

Ish Sodhi
Ish Sodhi. (Photo by Dianne Manson/Getty Images)

নিউ জিল্যান্ডের অস্থায়ী অধিনায়ক টম ল্যাথাম স্বীকার করেছেন যে ট্রেন্ট বোল্ট, টিম সাউদি এবং কেন উইলিয়ামসনের মতো সিনিয়র তারকাদের অনুপস্থিতি ভারতের বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজে নিউ জিল্যান্ডের জন্য একটি বিশাল ফাঁক তৈরী করবে। উইলিয়ামসন ও সাউদিকে ভারত সফরের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে এবং নিউ জিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বেরিয়ে এসে বোল্ট সংযুক্ত আরব আমিরাতে আইএলটি২০ খেলছেন।

তবে তিন সিনিয়রের অনুপস্থিতিকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখছেন কিউয়ি অধিনায়ক। বাঁ-হাতি ব্যাটার বলেছেন যে এই ত্রয়ীর অনুপস্থিতি স্কোয়াডের অন্যান্য খেলোয়াড়দের প্রতিভা প্রদর্শনের সুযোগ দেবে। সাউদির অনুপস্থিতিতে লকি ফার্গুসনকে অতিরিক্ত দায়িত্ব নেওয়ার কথা বলেছেন উইকেটকিপার-ব্যাটার। এর পাশাপাশি ইশ সোধির পক্ষে প্রথম ওডিআইতে না খেলার বিষয়টিও নিশ্চিত করেছেন তিনি। 

“তারা (বোল্ট, সাউদি, উইলিয়ামসন) দলে নেই এবং এটি আমাদের জন্য একটি বিশাল ফাঁক তৈরী করবে। অন্যদিকে, এটি স্কোয়াডের চারপাশে থাকা অন্যান্য ছেলেদের জন্য একটি সুযোগ উপস্থাপন করে। স্কোয়াডে থাকা প্রত্যেকেই আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে যা বোনাস। ধাপে ধাপে সুযোগ পাচ্ছে তারা। আমরা ভাগ্যবান যে আমাদের লকি ফার্গুসন আছে যে ভারতে প্রচুর ক্রিকেট খেলেছে,” ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বলেছেন ল্যাথাম।

পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জিতে আত্মবিশ্বাসী নিউ জিল্যান্ড অধিনায়ক

প্রথম ওয়ানডে থেকে অভিজ্ঞ স্পিনার ইশ সোধির অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন ল্যাথাম। নেট সেশনে লেগ-স্পিনার অংশ নিয়েছিলেন কিন্তু বোলিং করার সময় অস্বস্তি অনুভব করছিলেন।

“দুর্ভাগ্যবশত ইশের নিগল রয়েছে। সে আগামীকাল উপস্থিত থাকবে না তবে আশা করছি যে পরবর্তী দুটি গেমের জন্য উপস্থিত থাকবে,” ল্যাথাম বলেছেন।

ব্ল্যাকক্যাপ্স আত্মবিশ্বাসে ভরপুর হয়ে ভারতে খেলতে আসছে। গত সপ্তাহতেই তারা পাকিস্তানে একটি স্মরণীয় সিরিজ জিতেছেন। পাঁচ দশকেরও পরে পাকিস্তানে কোনো সিরিজ জেতা কিউয়িরা ২-১ ব্যবধানে ওডিআই সিরিজ জেতায় ভারতের বিরুদ্ধে মনোবল বাড়িয়ে খেলতে নামবে। ল্যাথাম মনে করছেন যে ভারতের পিচগুলি পাকিস্তানের চেয়ে কিছুটা আলাদা এবং উন্নত হবে। তিন ম্যাচের সিরিজটি প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন তিনি।

“আমরা পাকিস্তানে যে ক্রিকেট খেলেছি তা সত্যিই ভালো ছিল। দলের মধ্যে কেউ কেউ কখনই পাকিস্তান সফর করেনি এবং সিরিজ জিতে আসা সত্যিই চমৎকার ছিল। এখানে আমরা যতটা সম্ভব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করব,” শেষে বলেছেন ল্যাথাম।

close whatsapp