ভারত বনাম শ্রীলঙ্কা: দ্বিতীয় ওডিআই, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট এবং সম্ভাব্য একাদশ
ভারত ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে আছে
আপডেট করা - Jan 11, 2023 5:33 pm

গুয়াহাটির বার্সাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত গতিতে শুরু হয়েছে ওডিআই সিরিজ। দুই দলের ব্যাটাররাই কন্ডিশন উপভোগ করেছিলেন এবং ৩০০-র বেশী স্কোর তুলতে সক্ষম হয়েছিল উভয় দলই। প্রথম ম্যাচে ভারত জেতায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকে কলকাতায় নামবে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল।
টপ অর্ডারের পারফর্ম্যান্সে নিঃসন্দেহে খুশি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। গত মাসে ওডিআই সেঞ্চুরির খরা কাটানোর পরে বিরাট কোহলি এখন পরপর দুটি ওয়ানডেতে তিন অঙ্কের রান করলেন। ছন্দে রয়েছেন রোহিত ও তাঁর ওপেনিং সঙ্গী শুবমান গিল। মাঝের ওভারে স্পিনারদের উইকেট নেওয়ার অক্ষমতা চাপে রাখবে কোচ রাহুল দ্রাবিড়কে।
হেরে সিরিজ শুরু করলেও খুব বেশী হতাশ হওয়ার কথা নয় সফরকারীদের। এক সময় যেখানে মনে হচ্ছিল ভারত ৪০০ রানের সীমা অতিক্রম করতে পারে, সেখানে ডেথ বোলিংয়ে নৈপুণ্য দেখিয়ে ৩৭৫-এরও কমে ভারতকে সীমিত রেখেছিল। অধিনায়ক দাসুন শানাকার ব্যক্তিগত ফর্ম দলকে ভরসা যোগাবে।
পিচ কন্ডিশন
কলকাতার ইডেন গার্ডেন্সের পিচ পেস বোলিংয়ের জন্য অনুকূল। তবে আউটফিল্ড অত্যন্ত দ্রুত গতির হওয়ায় রান করতে অসুবিধা হওয়ার কথা নয়। এই ম্যাচেও ৩০০-র বেশী স্কোর আশা করা যায়।
উভয় দলের কম্বিনেশন
ভারত
আগের ম্যাচে ভারতের লোয়ার অর্ডারের ব্যাটিং বিশেষ গভীর ছিল না। সেই কারণে শেষ দশ ওভারের ব্যাটিংয়ে খুব বেশী আক্রমণাত্মক শট দেখা যায়নি। এই সমস্যা দূর করতে চাইবে টিম ম্যানেজমেন্ট এবং দলে আনতে পারে ওয়াশিংটন সুন্দরকে।
সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ শামি, উমরান মালিক, মহম্মদ সিরাজ।
শ্রীলঙ্কা
ডান হাতে চোট পাওয়ায় দিলশান মাদুশাঙ্কার খেলার সম্ভাবনা প্রায় নেই। স্পিনার হিসেবে তরুণ দুনিথ ওয়েল্লালাগে বিশেষ প্রভাব ফেলতে পারেননি। এই দুজনকে বাদ দিয়ে মাহীষ থিকশানা ও লাহিরু কুমারাকে দলে আনা হতে পারে। বাদ যেতে পারেন আবিষ্কা ফার্নান্ডোও।
সম্ভাব্য একাদশ: পাথুম নিসাঙ্কা, কুসাল মেন্ডিস (উইকেটকিপার), চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, আশেন বান্দারা, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, মাহীষ থিকশানা, কাসুন রাজিথা, লাহিরু কুমারা।
ভারত বনাম শ্রীলঙ্কা হেড-টু-হেড
ম্যাচ – ১৬৩ | ভারত – ৯৪ | শ্রীলঙ্কা – ৫৭ | অমীমাংসিত – ১১ | টাই – ১
সম্প্রচারের বিবরণ
ম্যাচের সময় – ১২ জানুয়ারি, ভারতীয় সময় দুপুর ১:৩০
টিভি – স্টার স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ স্ট্রিমিং – ডিজনি+ হটস্টার