“সে কি যথেষ্ট ফিট?” – রোহিতকে নিয়ে প্রশ্ন তুললেন বিশ্বকাপজয়ী অধিনায়ক
চোটের কারণে নিয়মিত জাতীয় দলের বাইরে থাকতে হচ্ছে রোহিতকে
আপডেট করা - Jan 7, 2023 8:54 pm

গত বছরের শুরুতে রোহিত শর্মা সব ফর্ম্যাটের অধিনায়ক হওয়ার পর থেকে ভারত ৬৮টি ম্যাচ খেলেছে (৫টি টেস্ট, ২১টি ওয়ানডে এবং ৪২টি টি-টোয়েন্টি)। যার মধ্যে তিনি মাত্র ৩৯টি (২টি টেস্ট, ৮টি ওয়ানডে এবং ২৯টি টি-টোয়েন্টি) ম্যাচ খেলেছেন।
এর সবচেয়ে বড় কারণ অবশ্যই ছিল বিসিসিআই-এর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। যদিও রোহিত চোটের কারণেও বেশ কিছু ম্যাচে খেলতে পারেননি। ভারতীয় অধিনায়কের ফিটনেসের অভাব গত ১২ মাসে আলোচনার পয়েন্ট হয়ে উঠেছে। ভারতীয় অধিনায়ক হিসেবে এত ম্যাচে অনুপস্থিত থাকা এবং ব্যাট হাতে রোহিতের ফর্মও দুশ্চিন্তা বাড়িয়েছে।
কিংবদন্তী ভারতীয় ক্রিকেটার কপিল দেব বলেছেন যে রোহিত শর্মার ক্রিকেটিং দক্ষতা নিয়ে কোনো সমস্যা নেই। বিরাট কোহলির সঙ্গে তিনি গত এক দশক ধরে ভারতীয় ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ ছিলেন। তবে তাঁর ফিটনেস একটি প্রধান উদ্বেগের বিষয়। কপিল বলেছেন ভারতীয় অধিনায়কের ফিটনেস নিয়ে তাঁর গভীর সন্দেহ রয়েছে।
আমি মনে করি না রোহিতের ক্রিকেটীয় দক্ষতা নিয়ে কোনো সমস্যা আছে: কপিল দেব
“রোহিত শর্মার মধ্যে কোনো কমতি নেই। তার সবকিছুই আছে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি তার ফিটনেস নিয়ে একটি বিশাল প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। সে কি যথেষ্ট ফিট? কারণ একজন অধিনায়ক এমন হওয়া উচিত যে অন্য খেলোয়াড়দের ফিট হতে অনুপ্রাণিত করে, সতীর্থরা যাতে তাদের অধিনায়কের জন্য গর্বিত হয়,” কপিল এবিপি নিউজে বলেছেন।
১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় অধিনায়ক বলেছেন যে রোহিত যদি তাঁর ফিটনেসের উন্নতি করেন তবে এটি বাকি ভারতীয় ক্রিকেটারদের জন্য একটি প্রেরণা হিসাবে কাজ করবে। “আমি নিশ্চিতভাবে বলতে পারি যে রোহিতের ফিটনেস নিয়ে একটি বিশাল অনিশ্চয়তা রয়েছে। অনেক সমালোচনা হয়েছে যে সে অধিনায়ক হওয়ার পর থেকে বেশি রান করেনি, আমি এটির সঙ্গে একমত। কিন্তু আমি মনে করি না তার ক্রিকেটীয় দক্ষতা নিয়ে কোনো সমস্যা আছে। সে খুবই সফল একজন ক্রিকেটার,” যোগ করেছেন তিনি।
কপিল বিশ্বকাপ জয়ের জন্য ভারতীয় দলের তরুণদেরকে রোহিত ও কোহলির উপর নির্ভর না করে নিজেদের এগিয়ে আসার পরামর্শ দিয়েছিলেন। রোহিত শেষবার ভারতের হয়ে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে খেলেছিলেন। বাঁ হাতের বুড়ো আঙুলে চোটের কারণে তারপর থেকে জাতীয় দলের বাইরে থাকা রোহিত ১০ই জানুয়ারি থেকে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রত্যাবর্তন করবেন।