আর্শদীপ, মাভিদের ভয়াবহ বোলিংয়ের পরেও তাঁদের প্রতি ধৈর্য দেখাতে চান দ্রাবিড়
দুই তরুণ পেসারের মিলিত ছয় ওভারে ৯০ রান উঠেছিল
আপডেট করা - Jan 6, 2023 11:06 am

শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টিতে টিম ইন্ডিয়ার জয়ের ধারা ৫ই জানুয়ারি, বৃহস্পতিবার, থেমে যায় যখন পুনেতে একটি হাড্ডাহাড্ডি ম্যাচে সফরকারীরা বিজয়ী হিসেবে মাঠ ছাড়ে। বল হাতে তরুণ ভারতীয় বাঁ-হাতি পেসার আর্শদীপ সিংয়ের একটি দুঃস্বপ্নের দিন কেটেছিল। তবে প্রধান কোচ রাহুল দ্রাবিড় তাঁর বোলারদের সমর্থন করে বলেছেন যেহেতু আন্তর্জাতিক ক্রিকেটে বোলারদের অভিজ্ঞতা কম তাই তাঁদের সঙ্গে ধৈর্য ধরে থাকতে হবে।
স্বাগতিকদের জন্য ২০৭ রানের বিশাল টার্গেট দেওয়ার পরে শ্রীলঙ্কা ১৬ রানে ভারতকে পরাজিত করেছে। যদিও টপ-অর্ডারের পতনের পরে অক্ষর প্যাটেল ও সূর্যকুমার যাদব স্বাগতিকদের ম্যাচে ফিরিয়ে এনেছিলেন অসামান্য পার্টনারশিপ গড়ে। তবে সেই পার্টনারশিপ যথেষ্ট প্রমাণিত হয়নি কারণ প্রথম ইনিংসে ভারতীয় বোলারদের বিরুদ্ধে শ্রীলঙ্কার ব্যাটাররা আধিপত্য বিস্তার করায়। বিশেষ করে আর্শদীপ সিং এবং শিবম মাভির বিরুদ্ধে সবচেয়ে বেশী আগ্রাসী দেখিয়েছিল শ্রীলঙ্কার ব্যাটারদের। এই দুই পেসারের ছয়টি সম্মিলিত ওভারে ৯০ রান উঠেছিল।
আমরা তাদের সাহায্য করার চেষ্টা চালিয়ে যাচ্ছি: রাহুল দ্রাবিড়
ওয়াংখেড়েতে সিরিজের প্রথম ম্যাচে না খেলার পরে দলে ফিরে এসেছিলেন আর্শদীপ। তাঁর দুই ওভারে পাঁচটি নো-বল করেছিলেন তিনি। তবে ভারতীয় প্রধান কোচ রাহুল দ্রাবিড় তরুণ বোলারদের খুব বেশী সমালোচনা করেননি এবং তিনি মনে করেন এই ধরনের পারফর্ম্যান্স বোলারদের শেখার অংশ। যেহেতু বোলারদের বয়স খুব বেশী নয় এবং এখনও উচ্চ পর্যায়ে তাঁরা বিকশিত হচ্ছেন, তাই তিনি আর্শদীপ, মাভিদের নিয়ে ধৈর্য ধরার অনুরোধ করেছেন।
“কেউ কোনো ফর্ম্যাটে ওয়াইড, নো-বল বোলিং করতে চায় না। বিশেষ করে টি-টোয়েন্টিতে তারা আপনাকে আঘাত করতে পারে। আমাদের এই ছেলেদের নিয়ে ধৈর্য ধরতে হবে। এই দলে অনেক তরুণ খেলছে, বিশেষ করে আমাদের বোলিং আক্রমণে। তারা তরুণ, এমন ম্যাচের সম্মুখী হবেই মাঝেমধ্যে। আমাদের সকলকে তাদের নিয়ে ধৈর্য ধরতে হবে এবং বুঝতে হবে। অবশ্যই তারা কঠোর পরিশ্রম করছে এবং আমরা তাদের সাহায্য করার চেষ্টা চালিয়ে যাচ্ছি,” ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে দ্রাবিড় বলেছেন।
এই বছরের শেষের দিকে ভারতে অনুষ্ঠিত হতে চলা ওডিআই বিশ্বকাপের কারণে ভারতীয় দল টি-টোয়েন্টি থেকে তাদের ফোকাস নিয়েছে ওডিআইয়ের দিকে। ফলে নিজেদের দক্ষতা প্রদর্শনের জন্য উদীয়মান তারকাদের সামনে এখন যথেষ্ট সুযোগ থাকবে কুড়ি ওভারের ফর্ম্যাটে নজর কাড়ার।
“এটা কঠিন। আন্তর্জাতিক ক্রিকেটে শেখা সহজ নয় এবং একজনকে মাঠে নেমেই শিখতে হবে। ভালো ব্যাপার হল, ওডিআই বিশ্বকাপ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের উপর ফোকাস থাকায় অন্তত টি-টোয়েন্টিতে আমরা অনেক তরুণদের খেলিয়ে দেখার সুযোগ পাব,” দ্রাবিড় যোগ করেছেন।