বাবর আজম ফিট থাকলে সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় হবেন, পাকিস্তান অধিনায়কের দরাজ প্রশংসা সুনীল গাভাস্কারের মুখে

বাবরের নেতৃত্ব দানের ক্ষমতা দেখেও মুগ্ধ সানি

Babar Azam
Babar Azam. (Photo Source: Twitter)

প্রাক্তন ভারতীয় অধিনায়ক এবং কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার মনে করেন যে পাকিস্তানের বাবর আজম যদি নিজেকে যথেষ্ট ফিট এবং ভালো করার ব্যাপারে অনুপ্রাণিত রাখেন তবে তিনি তাঁর কেরিয়ারের শেষে সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়দের একজন হয়ে উঠবেন। বাবর আজমের অনুপ্রেরণামূলক এবং শান্ত নেতৃত্বের শৈলীর জন্য গাভাস্কার পাকিস্তান অধিনায়কের আকণ্ঠ প্রশংসা করেছেন। তাঁর মনে হয়েছে সংযুক্ত আরব আমিরাতে বাবরের অধিনায়ত্ব ফারাক গড়ে দিয়েছে।  

পাকিস্তান এখনো পর্যন্ত সুপার ১২-য় তাদের পাঁচটি ম্যাচই জিতেছে এবং টুর্নামেন্টে একমাত্র অপরাজিত দল তারা। ১১ই নভেম্বর দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে পাকিস্তান। গাভাস্কার যোগ করেছেন যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তানের সাফল্যের চাবিকাঠি হবে তাদের ওপেনার ডেভিড ওয়ার্নার এবং অধিনায়ক অ্যারন ফিঞ্চের উইকেট। 

খেলার পরিস্থিতি সম্পর্কে বাবরের বিশ্লেষণ দুর্দান্ত – সুনীল গাভাস্কার

“পাকিস্তান বরাবরই প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে গড়া একটি অপ্রতিরোধ্য দল ছিল। যা তাদের ক্ষতি করত তা হল তাদের উত্তেজনাপূর্ণ মেজাজ,” গাভাস্কার খালিজ টাইমসের হয়ে একটি কলামে লিখেছেন। “এই বছর ওর নেতৃত্বে তারা অনেক শান্ত এবং অনেক বেশি ক্রিকেট-সচেতন দল। বাবর আজম নিজেকে ফিট ও অনুপ্রাণিত রাখলেই সে সর্বকালের সেরাদের একজন হয়ে উঠতে চলেছে, তাতে কোনো সন্দেহ নেই। তিনি পাকিস্তানের সেরা অধিনায়কদের একজন হতে পারেন।”   

খেলার পরিস্থিতি বোঝার জন্য বাবর আজমের প্রশংসা করে গাভাস্কার যোগ করেছেন: “খেলার পরিস্থিতি সম্পর্কে তাঁর বিশ্লেষণ দুর্দান্ত এবং বোলিং এবং ফিল্ড প্লেসিংয়ে তিনি যে পরিবর্তনগুলি করছেন তা অবিশ্বাস্যভাবে সঠিক।” 

“বোলিংয়ে বাবর আজমের হাতে বৈচিত্র্যের অভাব নেই। তার মানে বাবরকে বোলার হাতড়ে বেড়াতে হবে না কঠিন সময়ে এবং এটা যে কোনো অধিনায়কের জন্যই খুব বড় সম্পদ। তাদের শুরুতেই উইকেট নিতে হবে কারণ ফিঞ্চ-ওয়ার্নার জুটি টিকে থাকলে অজিদের থামানো কঠিন হবে,” তিনি যোগ করেছেন।

তিনি আরও বলেছেন যে অন্য যে কোনও দেশের চেয়ে বেশি বিশ্বকাপ ট্রফি জেতা অস্ট্রেলিয়া নিশ্চয়ই চাইবে অধরা টি-২০ বিশ্বকাপ ঘরে তুলতে। টুর্নামেন্টের ইতিহাসে এখনো অবধি অস্ট্রেলিয়ার সেরা সাফল্য ২০১০ সালের রানার্স-আপ ফিনিশ। 

“অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের ট্রফি ক্যাবিনেটে একমাত্র যে ট্রফিটি নেই তা হল আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং তারা সংযুক্ত আরব আমিরাত থেকে সেটি ঘরে নিয়ে যেতে নিঃসন্দেহে মরিয়া হবে।” 

close whatsapp