আইপিএলে ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ ব্যবহার করা গেলেও মেনে চলতে হবে কিছু বিধিনিষেধ
একাদশে মোট চারজন বিদেশীর বেশী ব্যবহার করার অনুমতি দেওয়া হচ্ছে না
আপডেট করা - Dec 9, 2022 11:09 am

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন সংস্করণে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম শুধুমাত্র ভারতীয় খেলোয়াড়দের জন্য প্রযোজ্য হতে পারে। গত সপ্তাহের বৃহস্পতিবার (১লা ডিসেম্বর), বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) আসন্ন আইপিএল সংস্করণের জন্য ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম আনার বিষয়ে আলোচনা করেছে, যদিও কীভাবে নিয়মটি প্রয়োগ করা হবে সে সম্পর্কে বোর্ড এখনও বিশদে কিছু জানায়নি।
ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মটি চলমান ম্যাচ চলাকালীন একটি দলকে বিকল্প খেলোয়াড় নামানোর অনুমতি দেবে। দলগুলি মোট চারজন বিকল্প খেলোয়াড়ের নাম জানাতে পারবে এবং ম্যাচ চলাকালীন শুরুর একাদশ থেকে যে কোন খেলোয়াড়ের জায়গায় একজনকে আনতে পারবে।
“আইপিএল ২০২৩ মরসুম থেকে আইপিএলে একটি নতুন মাত্রা যোগ করার জন্য একটি কৌশলগত ধারণা চালু করা হবে, যেখানে একটি আইপিএল ম্যাচে প্রতিটি দলের একজন বিকল্প খেলোয়াড় আরও সক্রিয় অংশ নিতে সক্ষম হবে। এর সঙ্গে সম্পর্কিত নিয়মাবলী শীঘ্রই জারি করা হবে,” বিসিসিআই ১লা ডিসেম্বর একটি নোটে বলেছিল।
ক্রিকবাজের একটি প্রতিবেদন অনুসারে, সমস্ত ফ্র্যাঞ্চাইজিগুলিকে বিসিসিআই জানিয়েছে যে একজন বিদেশী খেলোয়াড় ভারতীয় খেলোয়াড়ের স্থলাভিষিক্ত হতে পারবেন না এবং প্রথম একাদশে থাকা অন্য বিদেশী খেলোয়াড়ের বদলি হিসাবেও আসতে পারবেন না। এই নিয়মটি দলগুলিকে খেলার যে কোন সময়ে পাঁচজন বিদেশী খেলোয়াড় নামানোতে বাধা দেবে এবং তাই ম্যাচে সর্বোচ্চ চারজন বিদেশী খেলোয়াড় খেলানোর বর্তমান নিয়ম বজায় থাকবে।
একজন বদলি খেলোয়াড়কে একটি ম্যাচে আরও সক্রিয় অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে: বিসিসিআই
দলগুলি আসন্ন সংস্করণে এই নিয়মের সুবিধা নিতে পারবে। তারা রান তাড়া করার সময় একজন বোলারের জায়গায় একজন বিশেষজ্ঞ ব্যাটার আনতে পারে এবং ফিল্ডিংয়ের সময় একজন ব্যাটারের জায়গায় একজন বিশেষজ্ঞ বোলার আনতে পারবে।
গত মাসে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলি ট্রফিতে বিসিসিআই ইতিমধ্যেই এই নিয়মটি প্রয়োগ করেছে। মণিপুরের বিরুদ্ধে খেলার সময় দিল্লির অলরাউন্ডার হৃতিক শোকিন টুর্নামেন্টের প্রথম ইম্প্যাক্ট প্লেয়ার ছিলেন।
“ধারণাটি হল প্রতি দলে একজন বদলি খেলোয়াড়কে একটি ম্যাচে আরও সক্রিয় অংশ নেওয়ার অনুমতি দেওয়া। এর ফলে খেলাটিতে একটি নতুন কৌশলগত মাত্রা যোগ হবে। বেশ কয়েকটি দলগত খেলা – যেমন ফুটবল, রাগবি, বাস্কেটবল, বেসবল – দলকে কৌশলগত বিকল্প আনতে দেয়। বিকল্পকে অন্য নিয়মিত খেলোয়াড়ের মতো পারফর্ম করতে বা অংশগ্রহণ করার অনুমতি দেওয়া হয়,” বিসিসিআই বলেছিল।