যেদিন দেখবেন আগ্রাসনের মাত্রা কমে গেছে সেদিনই মাঠ থেকে বিদায় নেবেন বিরাট কোহলি

আরও একবার স্পষ্ট করে দিলেন ওয়ার্কলোড কমাতেই অধিনায়কত্ব ছাড়লেন

Virat Kohli
Virat Kohli. (Photo by Aamir QURESHI / AFP) (Photo by AAMIR QURESHI/AFP via Getty Images)

অভিষেকের পরপরই আগ্রাসী মনোভাব ও আচরণের জন্য খ্যাতি অর্জন করেছিলেন বিরাট কোহলি। অধিনায়কত্ব পাওয়ার পর তাঁর সেই আগ্রাসী মনোভাব আরও ডালপালা মেলেছে। ভবিষ্যতেও তিনি আগ্রাসী থাকবেন, টি-টোয়েন্টি অধিনায়কত্বের শেষ দিনে জানালেন সেই কথাই।

আইপিএল চলাকালীনই জানিয়ে দিয়েছিলেন এই বিশ্বকাপেই তিনি জাতীয় দলের সংক্ষিপ্ততম ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে দাঁড়াবেন। ওয়ার্কলোড কমানোর লক্ষ্যেই তাঁর এমন সিদ্ধান্ত। তবে অধিনায়কত্ব ছাড়লেও কমবে না তার আগ্রাসী ক্রিকেট, জানালেন নিজেই।

অধিনায়কত্ব ছেড়ে কোহলি যেন অনেকটাই হালকা, ফুরফুরে হয়ে গেছেন। তিনি বলেন, “টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কত্ব ছেড়ে স্বস্তিবোধ করছি। জাতীয় দলের অধিনায়ক হওয়া অবশ্যই সম্মানের, তবে সবকিছু যাতে ঠিকঠাক চলে সেটা দেখতে হবে। আমার মনে হয়েছে, ওয়ার্কলোড যাতে সমস্যা তৈরি না করে, তার জন্য টি-২০ দলের অধিনায়কত্ব ছাড়ার উপযুক্ত সময় এটাই। ৬-৭ বছর ধরে প্রচণ্ড ওয়ার্কলোড ও চাপ ছিল।”

আমার আগ্রাসন কোনোদিন বদলাবে না – বিরাট কোহলি

কোহলি জানান, ম্যাচ জেতার জন্য তিনি আগ্রাসন দেখিয়ে যাবেন এবং যতদিন তিনি মাঠে নামছেন, তততিন তাঁর আগ্রাসনও আছে। সেদিন সেই আগ্রাসনে ভাটা পড়বে সেদিন তিনি ক্রিকেট কেরিয়ার শেষ করার কথা ভাববেন।

তাঁর কথায়, “আমার আগ্রাসন কোনোদিন বদলাবে না। যেদিন এটি বদলে যাবে, সেদিন আমি ক্রিকেট খেলাই ছেড়ে দিব। অধিনায়ক হওয়ার আগেও আমি সবসময় দলের জয়ের জন্য বড় অবদান রাখার চেষ্টা করতাম।”

বিদায়বেলায় তিনি তাঁর সতীর্থদের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। সঙ্গে এও জানালেন যে টূর্নামেন্ট থেকে বেরিয়ে যেতে হওয়ায় তিনি হতাশ।

কোহলি বলেন, ‘এখানে আমরা ভালো ফল করতে পারিনি, কিন্তু ভালো খেলেছি। দলের সবাই আমার কাজটা সহজ করে দিয়েছে। শেষ তিন ম্যাচে আমরা দারুণ পারফরম্যান্স দেখিয়েছি। প্রথম দুই ম্যাচে আমরা যথেষ্ট সাহস দেখাতে পারিনি। যার খেসারত দিতে হচ্ছে সুপার ১২ পর্ব থেকে ছিটকে গিয়ে।”

ভারতীয় দলের নেতৃত্ব দেওয়া তাঁর জন্য সম্মানজনক উল্লেখ করে কোহলি বলেন ভারতীয় ক্রিকেট নিরাপদ হাতে।

“ভারতের অধিনায়কত্ব করাটা সম্মানের এবং আমি আমার সেরাটা দিয়েছি। আমায় যা সুযোগ দেওয়া হয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ। সময় এসেছে পরবর্তী প্রজন্মের হাতে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তুলে দেওয়ার। রোহিতের দিকে তাকিয়ে থাকব, ভারতীয় ক্রিকেট নিরাপদ হাতেই আছে,” গতকাল টসের সময় কোহলি বলেছিলেন।

“আমাদের গ্রুপটা কঠিন ছিল। রবি শাস্ত্রী ও তার সাপোর্ট স্টাফদেরও ধন্যবাদ। বছরের পর বছর ধরে তাঁরা খেলোয়াড়দের জন্য অসাধারণ পরিবেশ তৈরি করে রেখেছিলেন। তাঁরা দারুণ কাজ করেছেন,” কোহলি শেষ করেছেন।

close whatsapp