তীব্র হাওয়ায় ঘটে যাচ্ছিল বিপত্তি, সামলালেন কেন উইলিয়ামসন
টি-২০ সিরিজ শুরুর আগে ফোটোশুটের সময় উইলিয়ামসন না ধরলে ট্রফি পড়ে যেত
আপডেট করা - Nov 16, 2022 8:19 pm

টি-২০ বিশ্বকাপের ব্যর্থতার পরে নিউ জিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন এখন ভারতের বিরুদ্ধে আসন্ন সীমিত ওভারের সিরিজে ফর্ম পুনরুদ্ধারের লক্ষ্যে নামবেন। শুধু ব্যাটার হিসেবেই নয়, অধিনায়কত্বের দিক থেকেও এটি তাঁর জন্য একটি গুরুত্বপূর্ণ সিরিজ হবে। সাম্প্রতিক টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এ সেমি-ফাইনালে পাকিস্তানের কাছে হেরে যাওয়ার পর অধিনায়ক উইলিয়ামসনকে নিয়ে প্রশ্নচিহ্ন তৈরী হয়েছে।
যদিও উইলিয়ামসন টি-টোয়েন্টিতে তাঁর দেশের প্রতিনিধিত্ব করতে এখনও আগ্রহী, তবে এই ফর্ম্যাটে তাঁর স্ট্রাইক রেটের মন্থরতা ম্যানেজমেন্টকে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে একটি তরুণ ভারতীয় দলের বিপক্ষে তাঁর ব্যাটিং দক্ষতা এবং তাঁর নেতৃত্বের গুণাবলী প্রমাণ করার একটি দুর্দান্ত সুযোগ থাকবে।
সিরিজের আগে, প্রথাগত প্রাক-ম্যাচ ফটোশুট হচ্ছিল দুই অধিনায়কের সামনে ট্রফি রেখে। সেই সময়ই একটি হাস্যকর ঘটনা ঘটতে দেখা গিয়েছিল। টুইটারে ব্ল্যাকক্যাপস দ্বারা পোস্ট করা একটি ভিডিওতে, অধিনায়ক উইলিয়ামসন এবং হার্দিককে ট্রফির সঙ্গে পোজ দিতে দেখা গিয়েছিল। যদিও প্রবল ঝোড়ো হাওয়ার ধাক্কায় ট্রফিটি প্রায় উড়ে যাওয়ার উপক্রম হয়েছিল।
তবে পড়ে যাওয়ার আগে উইলিয়ামসন দ্রুত তা ছিনিয়ে নিয়েছিলেন এবং তিনি মজা করে মন্তব্য করেছিলেন যে “আমার কাছে এটি থাকবে” যা শুনে পান্ডিয়া হেসে ফেলেন। ভিডিওটির নীচে লেখা ছিল “কেনের দ্রুত হাত।”
"I'll have that!" 🙌 🏆 #NZvIND #CricketNation pic.twitter.com/KiQL8IkzUK
— BLACKCAPS (@BLACKCAPS) November 16, 2022
এদিকে, নিউ জিল্যান্ড আসন্ন সিরিজের জন্য ট্রেন্ট বোল্টকে অন্তর্ভুক্ত করেনি এবং অভিজ্ঞ ব্যাটার মার্টিন গাপ্টিলকেও বাদ দেওয়া হয়েছে। বোল্ট বিদেশী লিগে অংশগ্রহণ করতে ইচ্ছুক হওয়ায় এবং তাঁর পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য বোর্ডের দেওয়া কেন্দ্রীয চুক্তি প্রত্যাখ্যান করেছিলেন। নিউ জিল্যান্ড ক্রিকেট থেকে তখনই জানানো হয়েছিল সুযোগ দেওয়ার ক্ষেত্রে বোর্ড চুক্তিবদ্ধ খেলোয়াড়দের প্রাধান্য দেবে।
নিউ জিল্যান্ড টি-২০ স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে (উইকেটকিপার), লকি ফার্গুসন, ড্যারিল মিচেল, অ্যাডাম মিল্ন, জেমস নিশ্যাম, গ্লেন ফিলিপ্স, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ইশ সোধি, ব্লেয়ার টিকনার।