আইপিএল ২০২৩: কাদের রাখা হল এবং কাদের বাদ দিল কলকাতা নাইট রাইডার্স
মোট ১৪জন ক্রিকেটারকে ধরে রেখেছে কেকেআর, হাতে অবশিষ্ট ৭.০৫ কোটি টাকা
আপডেট করা - Nov 15, 2022 7:45 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ট্রেডিং উইন্ডো আনুষ্ঠানিকভাবে ১৫ই নভেম্বর, মঙ্গলবার, বিকেল ৫টায় শেষ হয়েছে। ২৩শে ডিসেম্বর কোচিতে অনুষ্ঠিত হতে চলা মিনি-নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলিকে তাদের ধরে রাখা খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা জমা দেওয়ার দিন নির্ধারিত হয়েছিল আজ, মঙ্গলবার।
বাকি ফ্র্যাঞ্চাইজিগুলির মতো কলকাতা নাইট রাইডার্সও তাদের দলের পুনর্গঠন করতে ব্যস্ত ছিল। শীর্ষ-স্তরের লিগের আসন্ন সংস্করণের আগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করে্ছে তারা। নাইট রাইডার্স আইপিএল ২০২২ চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স থেকে লকি ফার্গুসন ও রহমানউল্লাহ্ গুরবাজকে নিয়েছিল।
আরও একটি উল্লেখযোগ্য ট্রেডিংয়ের মাধ্যমে দিল্লি ক্যাপিটালস থেকে টিম ইন্ডিয়ার অলরাউন্ডার শার্দূল ঠাকুরকেও অন্তর্ভুক্ত করেছে কেকেআর। এ ছাড়া কলকাতার ফ্র্যাঞ্চাইজি অ্যালেক্স হেলস, স্যাম বিলিংস এবং প্যাট কামিন্সকে ছেড়ে দিয়েছে। ব্যক্তিগত কারণ এবং জাতীয় দলের প্রতিশ্রুতির কারণে আসন্ন মরসুম থেকে নাম প্রত্যাহার করেছেন এই তিন ক্রিকেটার। ইতিমধ্যে পাঁচ বিদেশী স্কোয়াডে রয়েছে কলকাতার। এখন নিলামে তারা সর্বোচ্চ তিনজন বিদেশীকে বাছাই করতে পারবে।
নিলামে নামার আগে কেকেআরের হাতে ৭.০৫ কোটি টাকা থাকবে। যেহেতু তাদের ছেড়ে দেওয়া খেলোয়াড়ের সংখ্যা অনেক, তাই স্কোয়াড ভরাতে হলে অবশিষ্ট অর্থ সুপরিকল্পনার সঙ্গে ব্যয় করতে হবে তাদের। সামগ্রিকভাবে, দলটি আগের বছরের স্কোয়াডের ১১ জনকে ধরে রেখেছে এবং তিনজনকে ট্রেডিংয়ের মাধ্যমে নিয়েছে। দুজন খেলোয়াড় এসেছেন টাইটান্স থেকে এবং একজন ক্যাপিটালস থেকে। কলকাতা ফ্র্যাঞ্চাইজি ২০২২ মরসুমে বিশেষ সাফল্য পায়নি এবং পয়েন্ট তালিকার সপ্তম স্থানে শেষ করেছিল।
যে খেলোয়াড়দের ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স
শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), নীতীশ রানা, ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, উমেশ যাদব, টিম সাউদি, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, অনুকুল রায়, রিংকু সিং।
যে খেলোয়াড়দের ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স
প্যাট কামিন্স, স্যাম বিলিংস, আমান খান, শিবম মাভি, মহম্মদ নবি, চামিকা কারুণারাত্নে, অ্যারন ফিঞ্চ, অ্যালেক্স হেলস, অভিজিৎ তোমর, আজিঙ্ক্যা রাহানে, অশোক শর্মা, বাবা ইন্দ্রজিত, প্রথম সিং, রমেশ কুমার, রাসিখ সালাম, শেল্ডন জ্যাকসন।
যে খেলোয়াড়দের ট্রেডিংয়ের মাধ্যমে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স
লকি ফার্গুসন, রহমানউল্লাহ্ গুরবাজ, শার্দূল ঠাকুর।
কলকাতা নাইট রাইডার্সের অবশিষ্ট অর্থ
₹৭.০৫ কোটি