“অধিনায়ক বদলালেই ফলফল বদলাবে না” – ভারতীয় টিম ম্যানেজমেন্টকে চারটি পরামর্শ ইরফানের
ভারতের প্রাক্তন অলরাউন্ডার চান ওপেনারদের স্বাধীনভাবে খেলতে দেওয়া হোক
আপডেট করা - Nov 15, 2022 6:57 pm

ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান বলেছেন ভারতীয় দলের অধিনায়কত্ব পরিবর্তন করলেই টিম ইন্ডিয়ার ফলাফল পরিবর্তিত হবে না। ভবিষ্যতে প্রয়োগ করার জন্য ৩৮ বছর বয়সী কিছু পরিবর্তন করার পরামর্শ দিয়েছেন। ভারতীয় দল টি-২০ বিশ্বকাপের সেমি-ফাইনালে ১০ উইকেটে হারার পরে দলের অভ্যন্তরে পরিবর্তন করার আহ্বান উঠেছে।
টিম ইন্ডিয়ার জন্য পরিবর্তনগুলি তালিকাভুক্ত করতে ইরফান টুইটারে গিয়ে বলেছেন যে অধিনায়কত্ব পরিবর্তন করা আমাদের ফলাফল পরিবর্তিত করবে না এবং জোর দিয়ে বলেছেন যে ভারতের দ্বারা গৃহীত পদ্ধতির পরিবর্তন করা দরকার।
“ভারতীয় ক্রিকেটকে এগিয়ে যেতে হলে ১) ওপেনাররা স্বাধীনভাবে খেলুক, তাদের মধ্যে অন্তত একজন। ২) রিস্ট স্পিনার (উইকেট নেওয়ার মতো) আবশ্যক। ৩) তীব্র গতির ফাস্ট বোলার। ৪) অনুগ্রহ করে মনে করবেন না অধিনায়কত্ব পরিবর্তন আমাদের পরিবর্তিত ফলাফল দেবে। পদ্ধতিতে পরিবর্তন করতে হবে,” পাঠান তাঁর টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন।
Indian cricket going forward 1) Openers playing freely, At least one of them. 2) Wrist spinner (wicket taker ) is must. 3) Tear away fast bowler. 4) please don’t think changing captaincy will give us changed result. It’s the approach what needs to change.
— Irfan Pathan (@IrfanPathan) November 15, 2022
হার্দিক পান্ডিয়া ছাড়া আরও একজন অধিনায়ক তৈরী রাখতে বলেছেন ইরফান পাঠান
ব্যাটার হিসেবে অধিনায়ক রোহিত পুরো টি-২০ বিশ্বকাপ জুড়ে বিশেষ ফর্মে ছিলেন না। তাই আগামী সংস্করণের আগে রোহিতকে নেতৃত্ব থেকে সরানোর দাবী জোরালো হয়েছে। এর আগে, স্টার স্পোর্টসের সঙ্গে কথা বলার সময়, ইরফান বলেছিলেন যে ভারতকে হার্দিক পান্ডিয়া ছাড়া অন্য টি-টোয়েন্টি অধিনায়ক তৈরী করতে হবে।
“আমি বলছি না যে আপনি অধিনায়ক পরিবর্তন করলে ফলাফলে পরিবর্তন হবে। এভাবেই এগোলে আপনি ফলাফল পরিবর্তন করতে পারবেন না। এবং হার্দিক পান্ডিয়ার ক্ষেত্রে, আপনাকে বুঝতে হবে, আমাদের সকলকে বুঝতে হবে যে সে একজন ফাস্ট বোলিং অলরাউন্ডার। তারও চোটের সমস্যা রয়েছে। যদি বিশ্বকাপের ঠিক আগে চোট পায় দলের অধিনায়ক? এবং যদি আপনার অন্য কোন নেতা প্রস্তুত না থাকে তবে আপনি বিভ্রান্তিতে পড়বেন,” ভারতীয় দলের অন্যতম সেরা অলরাউন্ডার বলেছেন।
ইরফান আরও বলেছেন যে আমরা যেমন ওপেনারদের একটি দল রাখার কথা বলি, টিম ইন্ডিয়ারও অধিনায়কদের একটি দল থাকার দিকে নজর দেওয়া উচিত।
“সুতরাং, আমি ব্যক্তিগতভাবে যা মনে করি তা হল হার্দিক পান্ডিয়া এমন একজন নেতা যে গুজরাত টাইটান্সে খুব ভালো করেছে, আইপিএল জিতেছে, চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতেছে। আপনাকে একজন নয়, দুজন নেতাকে খুঁজে বের করতে হবে। যেমন আমরা ওপেনারদের কথা বলি – আমাদের ওপেনারদের একটি দল থাকা দরকার, আমাদের নেতাদেরও তেমন একটি দল থাকা দরকার,” ইরফান যোগ করেছেন।