“নতুন ইনিংসের জন্য শুভকামনা” – দীর্ঘদিনের সতীর্থ পোলার্ডের প্রতি বুমরাহর বার্তা
খেলোয়াড় হিসেবে অবসর নিলেও ব্যাটিং কোচ হিসেবে এমআইয়ের সঙ্গে যুক্ত থাকবেন পোলার্ড
আপডেট করা - Nov 15, 2022 5:16 pm

ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কাইরন পোলার্ড ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে অবসর ঘোষণা করার পরেই মুম্বাই ইন্ডিয়ান্সে তাঁর দীর্ঘ সময়ের সতীর্থ জসপ্রিত বুমরাহ্ টুইটারে একটি হৃদয়গ্রাহী বার্তা লিখেছেন। খেলোয়াড় হিসেবে তেরো বছর মুম্বাইয়ের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত ছিলেন পোলার্ড।
২০১০ থেকে এমআই স্কোয়াডের একটি অবিচ্ছেদ্য অংশ থাকা পোলার্ড নীল জার্সির ফ্র্যানাচিজির হয়ে পাঁচবার আইপিএল জেতার পাশাপাশি দুবার চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জিতেছেন। খেলোয়াড় হিসেবে সরে দাঁড়ালেও আসন্ন মরসুমে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের ব্যাটিং কোচের ভূমিকা নেবেন তিনি। ত্রিনিদাদের তারকা অলরাউন্ডার একটি দীর্ঘ সোশ্যাল মিডিয়া পোস্টে আইপিএল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তটি ঘোষণা করেছেন।
পোলার্ডের ঘোষণার পর থেকেই তাঁকে অভিনন্দন জানিয়ে অনেকেই বার্তা দিয়েছে। এর মধ্যেই ভারতীয় দলের পেসার বুমরাহ্ টুইটারে যে পোস্টটি করেছেন তা থেকে দুজনের মধ্যে অন্তরঙ্গ সম্পর্কের আভাস পাওয়া যায়। ভারতীয় পেসার বলেছেন যে এমআইয়ের হয়ে পোলার্ডকে মাঠে দেখতে না পাওয়ার বিষয়টিতে অভ্যস্ত হতে কিছুটা সময় লাগবে।
“আমাদের সঙ্গে তোমার মাঠে না থাকাটা নিয়ে অভ্যস্ত হতে কিছুটা সময় লাগবে, কিন্তু আমি এখনও নেটে আমাদের ইয়ার্কি উপভোগ করব। অবিশ্বাস্য কেরিয়ারের জন্য পলিকে অভিনন্দন এবং তোমার নতুন ইনিংসের জন্য শুভকামনা,” বলেছেন বুমরাহ।
It'll take some used to you not being on the field out there with us, but I'll still enjoy our banter in the nets. Congratulations on an incredible career Polly and all the best for your new innings 👏 @KieronPollard55 pic.twitter.com/7NgaatvJko
— Jasprit Bumrah (@Jaspritbumrah93) November 15, 2022
অবসর সংক্রান্ত পোলার্ডের বার্তা
“আমি আরও কয়েক বছর খেলা চালিয়ে যেতে চেয়েছিলাম বলে এই সিদ্ধান্তটি নেওয়া সহজ ছিল না, তবে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনার পরে আমি আইপিএল কেরিয়ার শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। যে ফ্র্যাঞ্চাইজি এত কিছু অর্জন করেছে, তাকে পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে এবং আমি যদি এমআইয়ের হয়ে না খেলি তবে এমআইয়ের বিরুদ্ধেও খেলতে পারব না। একদা এমআই, সর্বদা এমআই,” পোলার্ড তাঁর বিবৃতিতে জানিয়েছেন।
“যদিও, এটি এমআই-কে একটি আবেগপূর্ণ বিদায় নয়, কারণ আমি আইপিএলে ব্যাটিং কোচের ভূমিকা গ্রহণের পাশাপাশি এমআই এমিরেটসের হয়ে খেলতে সম্মত হয়েছি। আমি ভীষণভাবে গর্বিত, সম্মানিত বিগত ১৩ বছরে আইপিএলের সবচেয়ে সফল দলের সঙ্গে যুক্ত হতে পেরে। খেলোয়াড় হিসেবে আইপিএলে খেলার অভিজ্ঞতা মিস করলেও বিশ্বের কিছু সেরা খেলোয়াড়দের সঙ্গে প্যাশনেট ফ্যানদের সামনে খেলতে পারার অভিজ্ঞতার কথা ভেবে তৃপ্ত,” টুইটারে পোস্ট করা নোটে পোলার্ড আরও লিখেছেন।