লঙ্কা প্রিমিয়ার লিগের তৃতীয় মরসুমে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত হলেন স্যর ভিভিয়ান রিচার্ডস

৬ই ডিসেম্বর থেকে শুরু হবে এলপিএল

Vivian Richards
Vivian Richards. (Photo by Matt Roberts – CA/Cricket Australia via Getty Images/Getty Images)

ক্রিকেট বিশ্বের অন্যতম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, স্যার ভিভিয়ান রিচার্ডস, লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) ২০২২-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর নিযুক্ত য়েছেন। টুর্নামেন্টের তৃতীয় সংস্করণের আগে এমন একজন কিংবদন্তীকে লিগের সঙ্গে যুক্ত করতে পারা নিঃসন্দেহে লিগের জনপ্রিয়তাকে বাড়াতে সাহায্য করবে। আসন্ন সংস্করণ ৬ই ডিসেম্বর থেকে ২৩শে ডিসেম্বর পর্যন্ত খেলা হবে।

ভিভিয়ান রিচার্ডস তাঁর পুরো ক্রিকেট কেরিয়ারে ভয়ডরহীনভাবে খেলেছেন। তাঁর দাপটের প্রতিপক্ষের বোলারদের মনে ত্রাস সৃষ্টি করত। অনেকে এই কথাও বলে থাকেন যে ভিভ যদি বর্তমান যুগের ক্রিকেটার হতেন তবে কুড়ি ওভারের ফর্ম্যাটের অন্যতম সেরা খেলোয়াড় হতেন। ওয়েস্ট ইন্ডিয়ান তারকা জানিয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি উচ্ছ্বসিত।

আমি শ্রীলঙ্কার জনগণের কাছ থেকে প্রচুর ভালবাসা পেয়েছি এবং এই দেশকে ভালোবাসি: ভিভ রিচার্ডস

“আমি এলপিএল-এর তৃতীয় সংস্করণের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে পেরে আনন্দিত এবং উল্লেখ করতে চাই যে এই টুর্নামেন্টটি শ্রীলঙ্কার কিছু দুর্দান্ত প্রতিভা খুঁজে বের করছে। আমরা এই বছর এশিয়া কাপে শ্রীলঙ্কা ক্রিকেটের শক্তি দেখেছি এবং সেই সাফল্যে এলপিএলের অবশ্যই ভূমিকা রয়েছে। আমি এই টুর্নামেন্টের শেষ দুটি সংস্করণ দেখেছি এবং ক্রিকেটের মান দুর্দান্ত ছিল। আমি নিশ্চিত যে খেলোয়াড়রা আসন্ন সংস্করণেও সেই মান বজায় রাখবে,” বলেছেন ভিভিয়ান রিচার্ডস।

তিনি মন্তব্য করেছেন, “আমি শ্রীলঙ্কার জনগণের কাছ থেকে প্রচুর ভালবাসা পেয়েছি এবং এই দেশকে ভালোবাসি। এলপিএলের আসন্ন মরসুমে শ্রীলঙ্কায় যেতে পেরে আমি সত্যিই উত্তেজিত, বিশেষ করে এই দেশ এবং দেশের জনগণ সম্প্রতি যেভাবে কঠিন সময় অতিক্রম করেছে, তার পরে টুর্নামেন্টের আসন্ন সংস্করণ এই মহান দেশের মানুষের মুখে হাসি ফিরিয়ে আনবে। আমি নিশ্চিত এই টুর্নামেন্টটি বিশাল সাফল্য পাবে।”

এলপিএল গত দুই সংস্করণে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে এবং সমর্থকরা দেশ-বিদেশের সুপারস্টারদের আবার মাঠে দেখতে আগ্রহী হবেন। শ্রীলঙ্কার তরুণ খেলোয়াড়দের একটি মঞ্চ দেওয়ার পাশাপাশি, টুর্নামেন্টটি দর্শক সংখ্যার দিক থেকেও বিপুল সাফল্য পেয়েছে। এলপিএলের উদ্বোধনী সংস্করণটি টিভি, ডিজিটাল ও ঐতিহ্যবাহী মিডিয়া আউটলেটের মাধ্যমে সামগ্রিকভাবে ৫৫৭ মিলিয়ন মানুষের কাছে পৌঁছেছিল।

ফ্র্যাঞ্চাইজিগুলি, খেলোয়াড়রা এবং স্পনসররা এলপিএল-এর মাধ্যমে মিডিয়ার নজর কাড়তে সক্ষম হয়েছিল এবং শ্রীলঙ্কার ক্রিকেটপ্রেমীরা তাঁদের চোখের সামনে শীর্ষ আন্তর্জাতিক তারকাদের অনবদ্য পারফর্ম্যান্স দেখতে পেয়েছে। টুর্নামেন্টের দ্বিতীয় সংস্করণেও একই রকম সাফল্য পেয়েছিলেন আয়োজকরা। এখন দেখার ভিভ রিচার্ডসের সংযুক্তিকরণের পরে লিগের সাফল্য কোন স্তরে পৌঁছয়।

close whatsapp