টানা তিন ইনিংসে ব্যর্থ, ভারতের এই ব্যাটারকে সুযোগ পেতে দেখে ক্ষুব্ধ হরভজন সিং

চাহালকে একাদশে দেখতে চান ভাজ্জি

Harbhajan Singh
Harbhajan Singh. (Photo Source: Twitter)

পার্থে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে পরাজয়ের পর চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অপরাজিত থাকার রেকর্ড থমকে গেছে। ৩০শে অক্টোবর, রবিবার, একটি প্রাণবন্ত পিচে দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলাররা রোহিত শর্মার দলের বিপক্ষে আধিপত্য বিস্তার করে দলকে পাঁচ উইকেটে জয় এনে দিতে গুতুত্বপূর্ণ ভূমিকা রাখেন। হারের পর প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং জানিয়েছেন ভারতকে বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে।

১৪ বলে ৯ রান করে আরও একবার ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন কেএল রাহুল। চলমান টি-২০ বিশ্বকাপে এটি তাঁর টানা তৃতীয় ইনিংসে এক অঙ্কের রান। ইনিংস ওপেন করতে নেমে তাঁর এই বিপর্যয়কর ফর্ম দলকে প্রত্যাশিত শুরু দিচ্ছে না। ফলে পাওয়ারপ্লেতে যতটা আগ্রাসীভাবে ব্যাটিং করার কথা, ততটা আগ্রাসী হতে পারছে না টিম ইন্ডিয়া। তাঁর এই শোচনীয় ফর্মের জন্য রাহুল আগামী ম্যাচে বাদ পড়তে পারেন।

প্রাক্তন ভারতীয় তারকা হরভজন সিং মনে করেন যে মেন ইন ব্লুর উচিত প্রথম একাদশ থেকে রাহুলকে বাদ দেওয়া। শুধু তাই নয়, তাদের আরও বেশ কয়েকটি কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে বলে মনে করেছেন হরভজন। ভাজ্জির মতে বিস্ফোরক উইকেটকিপার-ব্যাটার ঋষভ পান্তকে দলে নেওয়া যেতে পারে। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে উইকেটকিপিংয়ের সময় চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন দীনেশ কার্তিক।

“তাদের কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। কেএল রাহুল একজন দুর্দান্ত খেলোয়াড়। আমরা সবাই জানি যে সে একজন ম্যাচ উইনার। কিন্তু যদি সে তার ফর্মে না থাকে, তবে আমার মনে হয় ঋষভ পান্তকে আনা উচিত। কার্তিককে আহত দেখাচ্ছে, আমি জানি না তার কী অবস্থা। সে না থাকলে ঋষভ পান্ত রোহিত শর্মার সঙ্গে ইনিংস শুরু করতে পারে,” স্পোর্টস তক-এ হরভজন বলেছেন।

ভারতের উচিত অশ্বিনের জায়গায় যুজবেন্দ্র চাহালকে আনা: হরভজন সিং

রোহিত শর্মার বোলাররা তাদের অধিনায়ককে নিরাশ করেননি এবং বোর্ডে একটি মাঝারি স্কোর থাকা সত্ত্বেও দক্ষিণ আফ্রিকাকে জোরালো ধাক্কা দিয়েছিল। চার পেসার নিয়ে খেলতে নামা ভারতকে যে চার ওভার স্পিনারকে দিয়ে করাতেই হত, সেই চার ওভারে অভিজ্ঞ অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন মাত্র এক উইকেট নিয়ে ৪৩ রান দেন। তাঁর ব্যয়বহুল স্পেল প্রোটিয়া ব্যাটারদের উপর চাপ কমিয়ে দিয়েছিল।

“আমি এও মনে করি তাদের অশ্বিনের জায়গায় যুজবেন্দ্র চাহালকে আনা উচিত। সে এমন একজন বোলার যে উইকেট নেয়। কেউ ২-৩ উইকেট নিয়ে যদি রানও দেয় তবে আপত্তির কিছু নেই। চাহাল একজন বড় ম্যাচ বিজয়ী এবং সে বিশ্বের প্রথম দিকের র‍্যাঙ্কের টি-টোয়েন্টি বোলারদের মধ্যে একজন। চাহাল উইকেট নিয়ে খ্যাতি অর্জন করেছে, সে প্রমাণ করেছে যে সে এই সংক্ষিপ্ত ফর্ম্যাটে  বড় ম্যাচ জয়ী। আমার মনে হয় না তার থেকে ভালো লেগ-স্পিনার আর কেউ আছে,” হরভজন যুক্ত করেছেন।

close whatsapp