চোটপ্রাপ্ত খেলোয়াড়ের সংখ্যা বাড়লেও গ্রুপ ১ থেকে নক-আউট পর্বে যাওয়ার আশা ছাড়ছেন না ক্রিস সিলভারউড
সিলভারউড বলেছেন, "আমাদের দলের মধ্যে সামর্থ্য এবং দক্ষতা রয়েছে"
আপডেট করা - Oct 26, 2022 6:35 pm

অস্ট্রেলিয়ার কাছে সাত উইকেটের পরাজয় সত্ত্বেও শ্রীলঙ্কার প্রধান কোচ ক্রিস সিলভারউড আশাবাদী যে তাঁর দল সেমি-ফাইনালে যেতে পারে। আয়োজকদের বিরুদ্ধে পেসার বিনুরা ফার্নান্ডো মাত্র পাঁচ বল করার পরেই হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন।
মঙ্গলবার পার্থে অলরাউন্ডার মার্কাস স্টইনিসের একটি বিশ্বংসী হাফ সেঞ্চুরির সৌজন্যে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে সাত উইকেটে গুরুত্বপূর্ণ জয় অর্জন করেছে। শ্রীলঙ্কার নির্ভরযোগ্য স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা তিন ওভারে ৫৩ রান দেন। সিলভারউড বলেছেন অস্ট্রেলিয়া তাঁর দলের বিরুদ্ধে আগ্রাসী মেজাজে খেলতে পারে, সেই ধারণা তিনি আগে থেকেই করেছিলেন।
“আমরা জানতাম অস্ট্রেলিয়াকে তাদের নেট রান রেটের কারণে আমাদের বিপক্ষে কঠিন হতে হবে। যেভাবে সে [স্টইনিস] আমাদের বিরুদ্ধে বল মারল তা ব্যতিক্রমী ছিল,” ইএসপিএনক্রিকইনফো দ্বারা সিলভারউড উদ্ধৃত হয়েছেন।
টপ অর্ডারের ব্যাটারদের প্রশংসা করেছেন ক্রিস সিলভারউড
গ্রুপ ১-এ একটি জয় ও একটি হারের পরে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শ্রীলঙ্কা শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে গ্রুপ শীর্ষে থাকা নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় ব্যবধানে হারলেও প্রধান কোচ আত্মবিশ্বাসী গতবারের ফাইনালিস্টদের বিপক্ষে তাঁর দল ভালো খেলবে এবং এই গ্রুপ থেকে পরের পর্বে যেতে পারবে।
“আমি সত্যিই বিশ্বাস করি যে আমরা কেবল এই গ্রুপে চ্যালেঞ্জ তৈরী করব না, বরং বিজয়ী হতে পারব। আমি মনে করি আমরা দেখিয়েছি যে আমাদের দলের মধ্যে সামর্থ্য এবং দক্ষতা রয়েছে। আমরা এশিয়া কাপে সেটা দেখিয়েছি এবং গ্রুপের মধ্যে আত্মবিশ্বাস বাড়ছে। আজকের ম্যাচের গুরুত্বপূর্ণ বিষয় হল পুনরায় দলবদ্ধ হওয়া এবং পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুত হওয়া,” সিলভারউড বলেছেন।
“অর্ডারের শীর্ষে থাকা ছেলেরা যেভাবে খেলেছে তাতে আমি দোষ দিতে পারি না। বলটা শুরুতেই দিক বদলাচ্ছে। আমাদের জন্য কঠিন ছিল। আমরা পার্থে যে ধরনের বাউন্স পেয়েছি তাতে অভ্যস্ত নই। একটি প্ল্যাটফর্ম তৈরী করার জন্য তারা যেভাবে খেলেছে, তাতে বলতেই হয় তারা খুব ভালো করেছে,” বলেছেন শ্রীলঙ্কার প্রধান কোচ।
দানুষ্কা গুণাথিলাকা, দুষ্মান্থা চামিরা, দিলশান মাদুশাঙ্কা ইতিমধ্যেই চোটের কারণে শ্রীলঙ্কার স্কোয়াড থেকে অপসারিত হয়েছেন। এখন বিনুরা ফার্নান্ডো চোট পাওয়ায় শ্রীলঙ্কার সমস্যা আরও বেড়েছে। সেই প্রসঙ্গে সিলভারউড বলেছেন, “আমরা অবশ্যই তার [বিনুরা] মূল্যায়ন করব এবং ফিজিওরা তার সাথে কাজ করছে। তার চোটের পরিমাণ খুঁজে বের করব এবং সেখান থেকেই আমাদের কিছু সিদ্ধান্ত নিতে হবে। খেলোয়াড়দের বিশ্রামের জন্য সময় দিতে হবে।”